‘গেম অব থ্রোনস’ সিরিজের আদলে জামায়াত আমিরের ব্যানার
চট্টগ্রাম নগরে ‘গেম অব থ্রোনস’ টেলিভিশন সিরিজের আদলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত ব্যানার ঝোলানো হয়েছে। বিষয়টি নিয়ে অনলাইন-অফলাইনে আলোচনা চলছে। তবে জামায়াত-শিবিরের নেতারা বলছেন, এর সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক নেই।
নগরের বড়পোল ও চকবাজার এলাকায় টাঙানো ব্যানারগুলোতে সিরিজটির জনপ্রিয় সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ লেখা রয়েছে। এতে দেখা যায়, শফিকুর রহমান তলোয়ারের আকৃতির দাঁড়িপাল্লা হাতে দাঁড়িয়ে রয়েছেন। নিচে লেখা আছে ‘কার্টেসি: দাদু ফ্যান ক্লাব, চট্টগ্রাম’।
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে জামায়াত আমির সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার ও চট্টগ্রাম সফর করছেন। এতে তিনি কক্সবাজারের মহেশখালী ও সদর এবং চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া, সীতাকুণ্ড ও নগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঁচটি জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিচ্ছেন।
এ সফরকে কেন্দ্র করেই ব্যানারগুলো ঝোলানো হয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যানারগুলোর ছবি ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বিষয়টিকে কৌতূহলোদ্দীপক হিসেবে দেখছেন, আবার অনেকে সমালোচনাও করছেন।
এ বিষয়ে চকবাজার জামায়াতের আমির আহমেদ খালেদুল আনোয়ার বলেন, ‘আমিরে জামায়াতের কিছু সমর্থক হয়তো আগ্রহ বা উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে এমনটি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ফ্যান পেজে ছবিগুলো ভাইরাল হয়েছিল। সেখান থেকেই কেউ এগুলো ব্যানার আকারে ছাপিয়ে লাগিয়েছে। এর সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দাদু ফ্যান ক্লাব’ নামে খোঁজ করলে একাধিক পেজ ও গ্রুপ পাওয়া যায়। এসব পেজে একই ধরনের ছবি শেয়ার হতে দেখা গেছে।
এ নিয়ে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল জানান, বিষয়টি তার নজরে এসেছে। তবে সাংগঠনিক সিদ্ধান্তে এরকম ব্যানার লাগানো হয়নি।


আপনার মতামত লিখুন
Array