ছাত্রলীগকে প্রতিহত করতে মাঠে থাকবে ছাত্রদল: আকরাম আহমেদ
ঢাকা: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে প্রতিহত করতে জাতীয়তাবাদী ছাত্রদল মাঠে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।
তিনি বলেন, গত ১৬-১৭ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছে। দেশের কোনো ক্যাম্পাস, পাড়া-মহল্লা কিংবা ঢাকা শহরের কোথাও ছাত্রলীগের জায়গা হবে না।
শুক্রবার (৯ অক্টোবর) সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মিরপুরে আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে এসব কথা বলেন আকরাম আহমেদ। তার নেতৃত্বে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
আকরাম আহমেদ বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের আগেও সারা দেশে জাতীয়তাবাদী ছাত্রদলের অসামান্য ভূমিকা ছিল। আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের বহু নেতাকর্মী শহীদ ও নির্যাতনের শিকার হয়েছেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও ছাত্রদলের ১৪৩ জন নেতা শহীদ হয়েছেন।
তিনি বলেন, ‘৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। ছাত্রলীগকে প্রতিহত করতে ছাত্রদল মাঠে রয়েছে এবং মাঠে থাকবে।’
ছাত্রলীগের কর্মকাণ্ডের সমালোচনা করে ছাত্রদলের এই নেতা বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালানো হয়েছে। দেশের বিভিন্ন ক্যাম্পাস ও পাড়া-মহল্লায় ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে দমন-পীড়ন চালিয়েছেন, তার পুনরাবৃত্তি যেন কোনো সংগঠন করতে না পারে, সে বিষয়ে ছাত্রদল সচেতন রয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা সোচ্চার রয়েছি, প্রতিবাদ করছি এবং মাঠে থাকব। সবাইকে সচেতন থাকতে হবে, চোখ-কান খোলা রাখতে হবে, যাতে অতীতে যে ফ্যাসিবাদী কর্মকাণ্ড হয়েছে, তা আর ফিরে আসতে না পারে।’
ছাত্রলীগের সাম্প্রতিক ঝটিকা মিছিলের সমালোচনা করে আকরাম আহমেদ বলেন, চার-পাঁচজন লোক নিয়ে বিভিন্ন গলি বা আড়ালে মিছিল করে ছবি তুলে দ্রুত সরে যাওয়াকে প্রকৃত অর্থে মিছিল বলা যায় না। এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা খুবই কম থাকে এবং অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে যায়।
নিজেদের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৬-১৭ বছরের শাসনামলে নানা বাধা, হুমকি ও রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। অসংখ্য নেতাকর্মী নিয়ে বিভিন্ন কর্মসূচি সফল করার মধ্য দিয়ে তারা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেছেন।
আকরাম আহমেদ বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ছাত্রদল এখনো রাজপথে সক্রিয় রয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ড প্রতিহত করা এবং অতীতের নির্যাতন-নিপীড়নের পুনরাবৃত্তি ঠেকাতে সংগঠনটির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।


আপনার মতামত লিখুন
Array