‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’-এর পঞ্চম আসর বসবে ১৪ নভেম্বর
সাফল্যের গল্প যারা তৈরি করেন, আলো ছড়ান নিজ নিজ অঙ্গনে- এবার তাদের নিয়েই বসতে যাচ্ছে জমকালো এক সম্মাননা আয়োজন।
শোবিজের তারকা, কনটেন্ট ক্রিয়েটর, মিডিয়াকর্মীসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখা গুণী ও সফল ব্যক্তিত্বদের অর্জনকে স্বীকৃতি দিতে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’- সিজন ৫।
আলো ঝলমলে এই আয়োজনের মূল পর্ব বসবে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। পঞ্চম আসরকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে নানা প্রস্তুতি। সেই ধারাবাহিকতায় রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর প্রেস কনফারেন্স ও অ্যাওয়ার্ড উদ্বোধনী অনুষ্ঠান।
আয়োজনের শুরু থেকেই ছিল তারকাদের উপস্থিতি ও উৎসবের আমেজ। শোবিজ অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মুখদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের ফাউন্ডার শাহরিয়ার স্বপন, উপদেষ্টা রাজু আলিম, কো-ফাউন্ডার অন্তু করিম এবং জুরি বোর্ডের সদস্য মো. মানসুরুল হক।
প্রেস কনফারেন্সে আয়োজকেরা জানান, এবারের আসরে বিনোদন ও শোবিজের পাশাপাশি মিডিয়া, কনটেন্ট ক্রিয়েশনসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা সফল ব্যক্তিত্বদের সম্মাননা দেওয়া হবে। নিজেদের কাজ, প্রতিভা ও অর্জনের মাধ্যমে যারা নিজ নিজ ক্ষেত্রে আলাদা অবস্থান তৈরি করেছেন, তাদের সাফল্যকে তুলে ধরাই থাকবে এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ।
শুধু পুরস্কার প্রদানেই সীমাবদ্ধ থাকবে না এবারের আসর। আয়োজকদের পরিকল্পনায় রয়েছে তারকাদের অংশগ্রহণে নানা আয়োজনও। ফলে ১৪ নভেম্বরের অনুষ্ঠানটি হয়ে উঠবে দেশের বিভিন্ন অঙ্গনের সফল ও জনপ্রিয় ব্যক্তিত্বদের এক মিলনমেলা।
আয়োজকেরা আরও বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা ও সাফল্যের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখা মানুষদের যথাযথ স্বীকৃতি দেওয়াই ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’-এর মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই প্রতি আসরে ভিন্নতা আনার চেষ্টা করা হয়। এবারও ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে গুণী ও সফল ব্যক্তিত্বদের সম্মান জানানো হবে।
সব প্রস্তুতি শেষে আগামী ১৪ নভেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসবে ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’- সিজন ৫-এর মূল আসর। যেখানে এক মঞ্চে মিলিত হবেন শোবিজ, মিডিয়া, কনটেন্ট ক্রিয়েশনসহ বিভিন্ন অঙ্গনের সফল ও গুণী মানুষেরা।


আপনার মতামত লিখুন
Array