গোপালপুর উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় মারুফ তালুকদার
আসন্ন গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে আলহাজ্ব মারুফ তালুকদার রাহিমের নাম। তার প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
আলহাজ্ব মারুফ তালুকদার রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি গোপালপুর উপজেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপির বিভিন্ন কর্মসূচি, মিছিল, সভা-সমাবেশ ও সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন স্কুল, মাদ্রাসা, সামাজিক ও মানবিক সংগঠনের কার্যক্রমের সঙ্গেও রাহিমের সম্পৃক্ততার কথা স্থানীয়ভাবে আলোচিত। বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে তিনি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করেছেন বলে তার সমর্থকদের দাবি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের বিভিন্ন প্রয়োজনেও তিনি পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ব্যয় নির্বাহে আর্থিক সহযোগিতা এবং বিপদে পড়া নেতাকর্মীদের পাশে থাকার বিষয়টি তার অনুসারীদের মধ্যে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।
নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগকে গুরুত্ব দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে স্থানীয় বিএনপির একটি অংশের কাছে রাহিমের গ্রহণযোগ্যতা রয়েছে বলে দাবি তার সমর্থকদের।
তাদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ- এই তিনটি বিষয় তাকে উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এনেছে।
আলহাজ্ব মারুফ তালুকদার রাহিম বলেন, প্রার্থিতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নির্ভর করবে দলীয় সিদ্ধান্ত ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির ওপর। তবে আমার জায়গা থেকে জনগনের পাশে থাকার চেষ্টা করছি। এই উপজেলার জনগণ ও দল চাইলে ইনশাআল্লাহ নির্বাচনে অংশ নেব।


আপনার মতামত লিখুন
Array