টাঙ্গাইলের মধুপুরে মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির একাংশের বিক্ষোভ মিছিল
অভিজিৎ ঘোষ: টাঙ্গাইলের মধুপুরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর নির্বাচনী প্রচারণা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে সমাবেশ করে দলের নেতাকর্মীরা। এসময় তারা ফকির মাহবুব আনাম স্বপনের মনোনয়ন বাতিলের দাবি জানান।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বর সংলগ্ন এলাকায় সমাবেশ করে মোহাম্মদ আলীর সমর্থকরা। পরে তার কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। যা মধুপুর বাসস্ট্যান্ড হয়ে থানা চত্ত্বর ঘুরে পুণরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এদিকে মধুপুরে বিএনপির দুইপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, সমাবেশ, বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে অতিরিক্ত সেনাবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার বিকাল থেকে মধুপুর আনারস চত্বরে বিপুল সংখ্যক সেনাবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
এসময় বক্তব্য দেন, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান, যুবদল নেতা মনি সরকার ও আব্দুল হক।
সমাবেশে বক্তরা বলেন, বিএনপি থেকে যাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে তার বাড়ি এখানে না। তার মনোনয়ন বাতিল করে মধুপুর-ধনবাড়ি এলাকার মানুষকে মনোনয়ন দেওয়া হোক।
উল্লেখ্য, টাঙ্গাইল -১ (মধুপুর–ধনবাড়ী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। এছাড়াও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন
Array