ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার বাড়িতে ফের হামলা-ভাঙচুর
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা খোন্দকার তারেক রায়হানের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব সোনাপুর গ্রামের খোন্দকার বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তার প্রতিবেশীরা। এ সময় হামলাকারীরা তারেক রায়হান ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে গেছে বলেও অভিযোগ করা হয়েছে।
খোন্দকার তারেক রায়হান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর উপকমিটির সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদস্য এবং সাংবাদিক হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টার দিকে বিএনপি-জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি দল খোন্দকার বাড়ির চারদিক থেকে হামলা চালায়। এ সময় বাড়ির ভেতরে ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এমনকি বাড়ির দেয়ালের কিছু ইট খুলে নেওয়া এবং অধিকাংশ দরজা-জানালা খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে।
তারেক রায়হানের প্রতিবেশী সাইফুল খন্দকার বলেন, সকাল ১০টার দিকে ফেনী জেলা ছাত্রদলের স্থানীয় নেতা আরাফাত হোসেনসহ প্রায় ৫০-৬০ জন লোক বাড়িতে হামলা ও ভাঙচুরে অংশ নেয়। তারা বিভিন্ন মালামাল নিয়ে যায়। আমি সরাসরি আরাফাত হোসেনকে দেখেছি। স্থানীয় বিএনপি-জামায়াতের অনেকেই এ হামলায় নেতৃত্ব দিয়েছেন।
অপর প্রতিবেশী খন্দকার নিজামুল হক বলেন, এর আগেও তারেক রায়হানের বাড়িতে একাধিকবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তারেক রায়হান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলেও দাবি করেন তিনি।
নিজামুল হক আরও বলেন, আগের হামলার কারণে তারেক রায়হানের মা বর্তমানে ওই বাড়িতে থাকেন না। তিনি অন্যত্র অবস্থান করছেন। বুধবারের হামলার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য ছিলেন না।
স্থানীয়দের দাবি, অতীতের হামলার পরও খোন্দকার তারেক রায়হানের বাড়িতে হামলা ও হুমকির ঘটনা বন্ধ হয়নি। সর্বশেষ হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত আরাফাত হোসেন কিংবা বিএনপি-জামায়াতের স্থানীয় নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন
Array