খুঁজুন
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ
‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন পরে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালুর কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথনির্দেশনা দিয়েছেন। সরকারের নীতি হচ্ছে চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ ব্যাপারে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনসমূহ চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে স্বাস্থ্যকেন্দ্র করার বিষয়েও আলোচনা হয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব জানান, শুধুমাত্র এলজিইডি’র পরিত্যক্ত ভবন রয়েছে ১৭০টি। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি ও এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের যে পরিত্যক্ত ভবনগুলো রয়েছে, সেগুলো ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এ ব্যাপারে তিনি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

সভায় দেশের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিও আলোচনায় উঠে আসে। এক পরিসংখ্যানে দেখা যায়, প্রতি বছর প্রায় ৩৪ লাখ নবজাতক জন্ম নেয়। অতিরিক্ত প্রেস সচিব বলেন, নবজাতক জন্মের এই পরিসংখ্যানে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে আরও তৎপর হতে বলা হয়েছে।

বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ১ লাখ স্বাস্থ্যকর্মী (যার মধ্যে ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ) নিয়োগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও সভায় আলোচনা হয়েছে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

এ ছাড়া দুর্গম এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যেন চিকিৎসকরা নিয়মিত উপস্থিত থাকেন, সেজন্য স্বাস্থ্যমন্ত্রীকে তাগাদা দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন নুসরাত।

স্ট্যাটাসে নুসরাত জানান, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।

স্ট্যাটাসের শেষে তিনি ইনকিলাব জিন্দাবাদ বলেন।

 

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

 

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৈঠকে তারা জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও ‘জিরো ওয়েস্ট’ (বর্জ্য শূন্য) লক্ষ্য অর্জনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সাইড লাইনে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক পোস্টে এমিনে এরদোয়ান জানান, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং জিরো ওয়েস্ট লক্ষ্য এগিয়ে নিতে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, তুরস্কে এবং জাতিসংঘের বিভিন্ন উদ্যোগে জিরো ওয়েস্ট কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন এমিনে এরদোয়ান।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেল তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠক হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।