দুর্নীতির বিরুদ্ধে ভোট দিতে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান
দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে ভোট দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
ফেসবুকে তিনি লেখেন, ‘সম্মানিত প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসন্ন নির্বাচনে আগামী ১২ ফেব্রুয়ারি আপনি আপনার ভোটাধিকার ইনশাআল্লাহ প্রয়োগ করবেন।
দেশে একটি ইতিবাচক পরিবর্তনের জন্য এদিন আপনি দুটি মূল্যবান ভোট প্রদান করবেন।
একটি- ৫৪ বছরের ঘুণে ধরা শাসনব্যবস্থা, দুর্নীতি ও দুঃশাসনে দেশকে ডুবিয়ে দিয়েছে-তার সংস্কারের জন্য গণভোট। সংস্কার ও পরিবর্তন চাইলে আপনি গণভোটে ‘হ্যাঁ’ বলুন।
দ্বিতীয়টি- ন্যায় ও ইনসাফভিত্তিক, দুর্নীতি ও দুঃশাসনবিরোধী, জনআকাঙ্ক্ষাভিত্তিক একটি বাংলাদেশ গড়ার পক্ষে।
সকল প্রকার দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে, তাদের প্রত্যাখ্যান করুন।
রাজনৈতিক দল হিসেবে সকলেরই ভোট চাওয়ার অধিকার আছে। বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই-২৪-এর জুলাই-পরবর্তী কার্যক্রম বিবেচনায় নিলেই ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীক অবশ্যই আপনি বেছে নেবেন।
মনে রাখবেন, ভোট শুধু আপনার অধিকার নয়; দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালনার জন্য এটি আপনার পবিত্র দায়িত্ব।
সবাইকে ধন্যবাদ।’


আপনার মতামত লিখুন
Array