আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনের আগে সতীর্থদের আবেগঘন বার্তা ডি মারিয়ার
আর্জেন্টিনার হয়ে আর মাঠে নামবেন না আনহেল ডি মারিয়া। তবে জাতীয় দলের প্রতি তার ভালোবাসা এতটুকুও কমেনি। ২০২৬ ফিফা বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচের কয়েক ঘণ্টা আগে সাবেক সতীর্থদের উদ্দেশে আবেগঘন এক বার্তা দিয়েছেন এই বিশ্বকাপজয়ী তারকা।
২০২৪ কোপা আমেরিকা জয়ের পর জাতীয় দল থেকে অবসর নেন ডি মারিয়া। পরে বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে তাকে বিশেষ সংবর্ধনাও দেয়া হয়। অবসরের পর প্রথমবারের মতো বিশ্বকাপে আর্জেন্টিনাকে গ্যালারি থেকে সমর্থন করার অভিজ্ঞতা তার জন্য একেবারেই নতুন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে রোজারিওর এই তারকা লেখেন, ‘আজ শুরু হচ্ছে আরেকটি নতুন স্বপ্নের যাত্রা। হৃদয়ে হাত রেখে শুধু বলতে চাই, বিশ্বের শেষ প্রান্ত পর্যন্ত আমরা তোমাদের সঙ্গেই আছি। আমি জানি মাঠে থাকার অনুভূতি কেমন, আর এখন জানি শুধু একজন সমর্থক হয়ে পাশে থাকার অনুভূতিও কেমন। তোমাদের যে স্বপ্ন, সেটিই আজ প্রতিটি আর্জেন্টাইনের স্বপ্ন। তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। এবার সবকিছু জিতে নিয়ে এসো। এগিয়ে যাও আর্জেন্টিনা!’
ডি মারিয়ার এই বার্তা মুহূর্তেই নাড়া দেয় আর্জেন্টাইন সমর্থকদের। কারণ সাম্প্রতিক সময়ের জাতীয় দলের সবচেয়ে স্মরণীয় সাফল্যগুলোর পেছনে বড় অবদান ছিল তার। ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোল, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালিসিমায় গোল এবং ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স—সব মিলিয়ে আর্জেন্টিনার সোনালি অধ্যায়ের অন্যতম নায়ক তিনি।
জাতীয় দলের জার্সিতে চারটি বড় শিরোপা জিতে বিদায় নেয়া ডি মারিয়া এখন আর মাঠের যোদ্ধা নন, বরং কোটি আর্জেন্টাইন সমর্থকের একজন। তবে দূরে থেকেও লিওনেল স্কালোনির দলের প্রতি তার বিশ্বাস ও ভালোবাসা যে আগের মতোই অটুট, সেটিই আবারও ফুটে উঠল তার আবেগমাখা বার্তায়।


আপনার মতামত লিখুন
Array