বিশ্বকাপের আগে প্রথমবারের মতো ইউরোপে খেলবে বাংলাদেশ
‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের আসর আগামী ১১ জুন মাঠে গড়াতে যাচ্ছে। তার আগে রয়েছে একটি আন্তর্জাতিক উইন্ডো। এ সময়ে বাংলাদেশের ফুটবল দল প্রথমবারের মতো ইউরোপ সফরে যাচ্ছে।
সেখানকার ছোট্ট দেশ সান মারিনোর বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
জানা যায়, আগামী ৫ জুন ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। ম্যাচের ভেন্যু ও সময় এখনও নির্ধারিত হয়নি, পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে ফেডারেশন।
এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ঠিক এক সপ্তাহ আগে, যখন আন্তর্জাতিক সূচির অংশ হিসেবে একটি ফিফা উইন্ডো থাকে। সাধারণত এই সময়টিতে বিভিন্ন দেশ নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ আয়োজন করে থাকে এবং বাংলাদেশও সেই সুযোগ কাজে লাগাতে চাইছে।
সান মারিনো ইউরোপের দেশ হলেও ফুটবলের পরাশক্তিতে দলটির অবস্থান একেবারেই নিচের দিকে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে সান মারিনোর অবস্থান ২১১তম। যা সক্রিয় ফুটবল খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে বাংলাদেশের অবস্থান ১৮১তম।


আপনার মতামত লিখুন
Array