ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়টি অপপ্রচার: মাহদী আমিন
ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে আনা অভিযোগ অপপ্রচার বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
শনিবার দুপুরে রাজধানীর গুলশানে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মাহদী আমিন বলেন, ‘ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যেসব অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ অপপ্রচার, বিতর্ক তৈরি করতে রাজনৈতিক অপকৌশল এবং অজ্ঞতা হিসেবে এসব অভিযোগ আনা হচ্ছে। যিনি অভিযোগ করেছেন তিনি এর স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি–পারবেনও না, কারণ এ তথ্যের কোনো সতত্যা নাই এবং বাস্তবতা নাই।’
মাহদী আমিন আরও বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতি হলো, সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে তিস্তার পাড়ে, পদ্মার পাড়ে পানির ন্যায্য হিস্যার জন্য ধারাবাহিকভাবে বিশাল জনসমাবেশ করা হয়েছে। ফেলানী হত্যার ঘটনায় সবার আগে প্রতিবাদ করেছিল বিএনপি।’
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে মাহদী আমিন বলেন, ‘একটি প্রতারক চক্র বিতর্ক সৃষ্টি করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে টাকা চাইছে। বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় যায় তখন সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় উদ্যোগে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নাগরিকদের পৌঁছে দেয়া হবে। কেউ অসাধু উপায় অবলম্বন করলে আপনারা আমাদের অবহিত করবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন।’


আপনার মতামত লিখুন
Array