খুঁজুন
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ, ১৪৩৩

দুই দিনে রাজধানীতে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
দুই দিনে রাজধানীতে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান

আগামী দুই দিনে রাজধানীতে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) ও সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা সিটির উত্তর ও দক্ষিণে এসব জনসভায় তিনি বক্তব্য দেবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) তারেক রহমান ঢাকা মহানগর উত্তরের ৬টি নির্বাচনী আসনের জনসভায় যোগদান করবেন।

মাহদী আমিন বলেন, আগামীকাল রোববার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনে তার রহমানের নিজ নির্বাচনি এলাকায় ইসিবি চত্বরে দুপুর ২টায়, ঢাকা-১৬ আসনে আমিনুল হকের নির্বাচনি এলাকায় পল্লবী দুই নাম্বার ওয়ার্ড লাল মাঠ তথা মেট্রো স্টেশনের পাশে দুপুর ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের নির্বাচনি এলাকায় মিরপুর-১০নং গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনি এলাকায় ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় যেটি মিরপুর মডেল থানার বিপরীতে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের নির্বাচনি এলাকায় শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের নির্বাচনি এলাকায় বাড্ডার সাতারকুলের সানভ্যালী মাঠে সন্ধ্যা ৬টায় বক্তব্য রাখবেন।

মাহদী আমিন আরও বলেন, আগামী পরশুদিন সোমবার তারেক রহমান তার নিজের নির্বাচনি এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের ৭টিসহ মোট ৮টি নির্বাচনি জনসভায় যোগদান করবেন।

ঢাকা-১৭ আসনে তার নিজের নির্বাচনি এলাকায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে সকাল ১১টায়, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলমের নির্বাচনি এলাকায় কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনি এলাকায় পীর জঙ্গি মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনি এলাকায় বাসাবো তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবীর নির্বাচনি এলাকায় যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে দুপুর ৩টায় জনসভায় যোগদান করবেন।

এছাড়া ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের নির্বাচনি এলাকায় জুরাইন-দয়াগঞ্জ রোডে বিকাল ৪টায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের নির্বাচনি এলাকায় ধুপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনে হামিদুর রহমান হামিদের নির্বাচনি এলাকায় লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় নির্বাচনী জনসভায় যোগদান করবেন।

সিনেমা হলের আড়ালে গোপন কক্ষ, আপত্তিকর অবস্থায় ৩৫ তরুণ-তরুণী আটক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ণ
সিনেমা হলের আড়ালে গোপন কক্ষ, আপত্তিকর অবস্থায় ৩৫ তরুণ-তরুণী আটক

রংপুরের একটি সিনেমা হলে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে ৩৫ তরুণ-তরুণীসহ মোট ৩৭ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৯ এপ্রিল) বিকেলে নগরীর শাপলা সিনেমা হলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, শাপলা সিনেমা হলের তৃতীয় তলায় সিনেমা দেখার আড়ালে ছোট ছোট গোপন কক্ষ ও বিছানার ব্যবস্থা করা হয়েছে। উঠতি বয়সী ছেলে-মেয়েরা সেখানে গিয়ে সিনেমা দেখার সময়টায় অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকে। দীর্ঘদিন ধরে সেখানে এমন অসামাজিক কার্যকলাপ চলছিল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জন তরুণী ও ১৬ জন তরুণকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। তারা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। এছাড়া হল সংশ্লিষ্ট দুজনকেও আটক করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার বলেন, আটকদের অধিকাংশই শিক্ষার্থী হওয়ায় তাদের মুচলেকা নিয়ে অভিভাবকদের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে। তবে সিনেমা হলের কর্মচারীদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, এ অভিযানে হলের সিনেমা দেখতে আসা কোনো দর্শককে আটক করা হয়নি। যারা সিনেমা হলের বাইরে অর্থাৎ তৃতীয় তলায় বিশেষভাবে তৈরি কক্ষে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় পাওয়া গেছে শুধু তাদেরই আটক করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, নগরীতে যে কোনো অসামাজিক কাজ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। এটি অব্যাহত থাকবে।

এর আগে, গত ১৫ এপ্রিল রাতে নগরীর স্টেশন রোডের শাপলা ব্রিজ সংলগ্ন ড্রিমল্যান্ড আবাসিক হোটেল এণ্ড রেস্টুরেন্ট থেকে অনৈতিক কাজের অভিযোগে ৪ তরুণীসহ ১৩ জনকে আটক করা হয়।

বাস ভাড়া কিলোমিটারে কত বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির?

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
বাস ভাড়া কিলোমিটারে কত বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির?

বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা হারে বৃদ্ধির প্রস্তাব করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সমিতির এক বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে পুঁজি করে বাস মালিক সমিতির সরকার সমর্থিত প্রভাবশালী নেতারা অতীতের ফ্যাসিস্ট সরকারের পদাঙ্ক অনুসরণ করে সরকারের সঙ্গে মিলে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা করছে।

রাতের আঁধারে ভাড়া বৃদ্ধির গোপন বৈঠক এমন চক্রান্তের ইঙ্গিত দেয় বলে অভিযোগ করা হয়েছে বিবৃতিতে।

গুরুত্বপূর্ণ অংশীজন ও গণমাধ্যম এড়িয়ে বিআরটিএ সদর দপ্তরে গোপনে ভাড়া বৃদ্ধির খবর পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এমন অভিযোগ করেন।

তিনি বলেন, নিকট অতীতে ৩ দফা জ্বালানি তেলের মূল্য ৩ টাকা হারে কমানোর পরিপ্রেক্ষিতে বাস ভাড়া ৩ পয়সা হারে কমানো হয়েছে, ২ টাকা কমানোর পরিপ্রেক্ষিতে ২ পয়সা হারে কমানো হয়েছে। এবার প্রতি লিটার ডিজেলের মূল্য ১৫ টাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা হারে বৃদ্ধির জন্য দেশের যাত্রী সাধারণের পক্ষ থেকে প্রস্তাব তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব।

আমলাতন্ত্রকে ম্যানেজ করে এর অতিরিক্ত ভাড়া বৃদ্ধি করা হলে সরকারের জনপ্রিয়তা কমবে, জনরোষ তৈরি হবে। তাই বাস মালিক সমিতিকে একচেটিয়া সুবিধা দেওয়ার এমন কর্মকাণ্ড থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে: জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে: জ্বালানিমন্ত্রী

বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ২৯ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট, যার মধ্যে ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ অবশিষ্ট রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু৷ এ মজুদ গ্যাস আনুমানিক ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে বলেও মন্ত্রী জানান ৷

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের লিখিত এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা জানান।

এ সময় অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন। রোববারের প্রশ্ন উত্তর টেবিলে এটি উত্থাপিত হয়।

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মওজুদ ২৯ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট। তারমধ্যে ২২ দশমিক ১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস (৩১ ডিসেম্বর, ২০১৫) উত্তোলন করা হয়েছে এবং ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস (১ জানুয়ারি ২০২৬) মজুদ অবশিষ্ট রয়েছে। নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে এবং বর্তমান (কম বেশি দৈনিক ১৭০০ মিলিয়ন ঘনফুট) হারে গ্যাস সরবরাহ করা হলে ওই অবশিষ্ট ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের ভিত্তিতে আনুমানিক ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে।

তিনি বলেন, গ্যাসের অনুসন্ধানে বেশ কিছু কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেগুলো হলো, কূপ খনন ও ওয়ার্কওভার: পেট্রোবাংলা কর্তৃক কূপ খনন ও ওয়ার্কওভার কর্মপরিকল্পনার আওতায় ৫০ ও ১০০টি কূপ খনন ও ওয়ার্কওভার পরিকল্পনার আওতায় আজ পর্যন্ত ২৬টি কূপ খনন ও ওয়ার্কওভার কার্যক্রম সম্পন্ন হয়েছে, অবশিষ্ট কূপগুলো খনন এবং ওয়ার্কওভারের লক্ষে কার্যক্রম বিভিন্ন পর্যায়ে চলমান রয়েছে।

এছাড়া সাইসমিক সার্ভে সম্পর্কিত মন্ত্রী জানান, বাপেক্সের মাধ্যমে ব্লক-৭ ও ৯ এ ৩৬০০ কিলোমিটার ২ডি সাইসমিক ডাটা আহরণ শেষ হয়ে ডাটা প্রক্রিয়াকরণের কাজ চলছে। পাশাপাশি বিজিএফসিএলর মাধ্যমে হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনার ১৪৫০ বর্গকিলোমিটার এলাকায় ৩ডি সাইসমিক ডাটা আহরণ কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। এ ছাড়া বাপেক্স ও এসজিএফএলের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় আরও বিপুল পরিমাণ ৩ডি সাইসমিক জরিপ সম্পাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।