খুঁজুন
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

বাংলাদেশের সীমানায় ঢুকলেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
বাংলাদেশের সীমানায় ঢুকলেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য যেকোনো আসামি বিদেশে পালিয়ে থাকলে তাদের ব্যাপারে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান।

শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিমান পাঠানোর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, রয়টার্সের তো বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। এখন কে কোথা থেকে লুকিয়ে কী বলছে, সেটা নিয়ে আলোচনা করে গণমাধ্যম, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সময় নষ্ট হচ্ছে।

তিনি বলেন, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও একই উত্তর দেব। শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা দেশে এলে তাদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্লেন পাঠানোর, হেলিকপ্টার পাঠানোর, বাস পাঠানোর, গাড়ি পাঠানোর কিংবা রিকশা পাঠানোর কোনো কথাই কারও সঙ্গে বাংলাদেশ সরকারের হয়নি।

শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মতো সক্ষমতা দিল্লির বাংলাদেশ হাইকমিশনের আছে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, তিনি কোথায় আছেন, সেটাই তো কেউ জানে না। পালিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত সাংবাদিকরা তার চেহারা দেখেছেন কি না, এমন প্রশ্নও তোলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ রয়েছে। হাদির হত্যাকারী এবং জুলাই-আগস্টে খুন, গুম ও হত্যার নির্দেশ দেওয়ার ঘটনায় সাজাপ্রাপ্ত যেসব আসামি ভারতসহ বিভিন্ন দেশে লুকিয়ে আছেন, তাদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার প্রসঙ্গকে ‘পলিটিক্যাল স্টান্ট’ আখ্যা দিয়ে শামা ওবায়েদ বলেন, ভাই, আসুক না। তিনি এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবেন। এই পলিটিক্যাল স্টান্টের কোনো মানে হয় না।

শেখ হাসিনা সারা দেশে তাণ্ডব সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গেছেন। এখন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের আবারও বিপদে ফেলার পাঁয়তারা করছেন।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট, এনআইডি বা অন্য কিছু দেওয়ার বিধান নেই। এর কোনো ব্যত্যয় ঘটবে না বলেও জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের অবস্থান স্পষ্ট জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবেন। শুধু তাই নয়, শেখ হাসিনা বাংলাদেশের যে মিশনেই যাবেন, সেখানেই তাকে গ্রেপ্তার করা হবে। মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার কোনো বিধান সংবিধানে নেই বলেও জানান তিনি।

এর আগে এদিন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। ফিরতে হলে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাজারে এলো গিগাএক্সের নতুন স্মার্টফোন ওয়াই৩২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:২৮ অপরাহ্ণ
বাজারে এলো গিগাএক্সের নতুন স্মার্টফোন ওয়াই৩২

দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল) বাজারে এনেছে নতুন স্মার্টফোন ‘গিগাএক্স ওয়াই৩২’ (GigaX Y32)। আধুনিক ডিজাইন, উন্নত ক্যামেরা ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লেসহ বিভিন্ন ফিচারযুক্ত ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। পেছনে তিনটি ক্যামেরার পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

গিগাএক্স ওয়াই৩২-এ রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ভিডিও দেখা ও বিভিন্ন অ্যাপ ব্যবহারে পাওয়া যাবে সাবলীল অভিজ্ঞতা।

স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ অক্টা-কোর প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনটি দৈনন্দিন যোগাযোগ, বিনোদন ও একসঙ্গে একাধিক কাজ করার উপযোগী করে তৈরি করা হয়েছে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি। পাশাপাশি রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা ও ইউএসবি টাইপ-সি পোর্ট।

ধুলাবালি ও পানি থেকে সুরক্ষায় স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে আইপি৬৪ রেটিং। নিরাপত্তার জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা। এ ছাড়া এতে রয়েছে ফোরজি নেটওয়ার্ক, ব্লুটুথ ৫.০ এবং আলাদা মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা।

গিগাএক্স ওয়াই৩২ স্মার্টফোনটি স্লিক ব্ল্যাক, স্যাফায়ার ব্লু ও অটাম অরেঞ্জ-এই তিনটি রঙে পাওয়া যাবে। এর ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ১৬ হাজার ৯৯৯ টাকা।

নতুন এ মডেলের মাধ্যমে ক্যামেরা, ডিসপ্লে, পারফরম্যান্স ও ব্যবহারিক সুবিধার সমন্বয়ে স্মার্টফোনের বাজারে নতুন বিকল্প নিয়ে এসেছে জিডিএল।

অভিনেতা সোহেল খান মারা গেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
অভিনেতা সোহেল খান মারা গেছেন

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মা রা গেছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার পারিবারিক সূত্রে জানা যায়, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

রয়টার্সের প্রতিবেদন

রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, ফিরতে চান ১৬ ডিসেম্বর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, ফিরতে চান ১৬ ডিসেম্বর

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ভারত থেকে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চেয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা চান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা।

এরই মধ্যে চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। পাসপোর্টের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারকে তার দেশে ফেরার জন্য এবার রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বানও জানিয়েছেন।

সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

তবে গত রোববার বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি বলে জানান তিনি।