আগেও একসাথে কাজ করেছি ভবিষ্যতেও করতে চাই, তারেক রহমানকে জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বার্থে অতীতে বিএনপির সাথে এক হয়ে কাজ করেছে জামায়াতে ইসলামী, প্রয়োজনে ভবিষ্যতেও আবারও এক হয়ে কাজ করবে দলটি।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোক-সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাতে এসে সাংবাদিকদের এ কথা বলেন জামায়াত আমির।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের পর সরকার গঠনের আগে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি কিনা সে বিষয়ে তারেক রহমানের সাথে কথা বলেছি। বিএনপির নেতৃবৃন্দও একই কথা বলেছেন।’
জামায়াত আমির আরও বলেন, ‘নির্বাচন নির্বিঘ্ন হোক এটা আমরা কামনা করি। ১২ তারিখে একটা সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হোক এ নিয়েও কথা হয়েছে। সংসদ নির্বাচন ও গণভোট হবে, ১২ তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন ও সুন্দর হোক এটা আমাদের প্রত্যাশা। নির্বাচনের পর শপথ গ্রহণের আগে আমরা আবার একসাথে বসবো।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানাতে আজ দলটির গুলশান কার্যালয়ে যান জামায়াত আমির। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছেন। যারা ক্ষমতায় ছিলেন তারা খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করেছে। বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে বারবার আবেদন করা হয়েছিল, যতক্ষণে চিকিৎসায় গেছেন ততদিনে তার অনেক ক্ষতি হয়ে গেছে। তবে তিনি ইতিহাসের বিরল সম্মান নিয়ে চলে গেছেন, এই সম্মান তার পাওনা ছিল। আমরাও যদি জাতির জন্য এমন অবদান রাখতে পারি আমরাও এমন সম্মান পেতে পারি।’


আপনার মতামত লিখুন
Array