টাঙ্গাইল ৫-এ বিএনপির মনোনয়ন পেলেন সুলতান সালাউদ্দিন টুকু
আওয়ামী দুঃশাসনে নিষ্পেষিত, নির্যাতিত ও জেল-জুলুমের শিকার বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফাঁকা রাখা আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই ৩৬ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানেই টাঙ্গাইল-৫ আসনের ধানের শীষের কান্ডারি হিসেবে সুলতান সালাউদ্দিন টুকুর নাম ঘোষণা করা হয়।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলের ৮ টি আসনের মধ্যে ৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তবে সেই সময় টাঙ্গাইল-৫ আসনের প্রার্থীর নাম স্থগিত রাখা হয়েছিল। এবার সেটি ঘোষণা হলো।
এর আগে প্রকাশিত তালিকা অনুযায়ী, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম পিন্টু, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির ও টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি।
এছাড়া টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে) আসনে উপজেলা বিএনপির সদস্য রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল টাঙ্গাইল-৮ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম।


আপনার মতামত লিখুন
Array