মিরপুরের তিন শহীদ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা পৌঁছে দিল ছাত্রদল
চব্বিশের গণঅভ্যুত্থানে মিরপুরে শহীদ হওয়া আকরাম খান রাব্বী, মো. শাফকাত সামীর এবং ইফরাত হোসেন সোহাগের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শহীদ পরিবারগুলোর জন্য তার পক্ষ থেকে পাঠানো আর্থিক সহায়তা শহীদ পরিবারের সদস্যদের হাতে পৌঁছে দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো. রবিন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা গোলাপ এবং দপ্তর সম্পাদক শহীদুল ইসলামসহ অনেকেই।
এ সময় নেতারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। তারা জানান, গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের পাশে থেকে তাদের প্রতি দায়িত্ব পালনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ বলেও তারা উল্লেখ করেন।
এদিকে, শহীদ পরিবারগুলোর প্রতি সম্মান ও সহমর্মিতার নিদর্শন হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের পক্ষ থেকে ফলের তোড়া উপহার দেওয়া হয়।
এ সময় উপস্থিত নেতারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের পরিবারের প্রতি সামাজিক ও মানবিক দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসা উচিত। তাদের আত্মত্যাগের স্বীকৃতি ও পরিবারের কল্যাণে ধারাবাহিক উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
শহীদ পরিবারের সদস্যরা এ সহায়তা ও খোঁজখবর নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শহীদ পরিবারগুলোর পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন
Array