খুঁজুন
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪ আশ্বিন, ১৪৩৩

বেলজিয়ামকে হারিয়ে সেমিতে স্পেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:১২ পূর্বাহ্ণ
বেলজিয়ামকে হারিয়ে সেমিতে স্পেন

থিবো কোর্তোয়ার চোট যেন বদলে দিল ম্যাচের ভাগ্য। বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক মাঠ ছাড়ার পর বদলি নেমে ভুল করেন সেনে লামেন্স, আর সেই সুযোগ কাজে লাগিয়ে শেষদিকে মিকেল মেরিনোর জয়সূচক গোলে সেমিফাইনাল নিশ্চিত করে স্পেন।

লস অ্যাঞ্জেলেসে শনিবার (১১ জুলাই) বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে লা রোহা। শেষ চারে তাদের প্রতিপক্ষ ফ্রান্স।

এদিন ম্যাচ শুরুর আগে স্পেনের দাবানলে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ইংলিশ রেফারি মাইকেল অলিভারের বাঁশিতে শুরু হয় শেষ চারের টিকিটের লড়াই। শুরু থেকেই বলের দখল নিয়ে নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে থাকে স্পেন। তবে বেলজিয়ামও আক্রমণে ওঠার সুযোগ খুঁজতে থাকে এবং বিশেষ করে জেরেমি ডকু ও কেভিন ডি ব্রুইনার সমন্বয়ে স্পেনের ডানপ্রান্তে চাপ সৃষ্টি করার চেষ্টা করে।

প্রথম উল্লেখযোগ্য সুযোগ আসে ২২তম মিনিটে। বক্সের বাইরে থেকে নিজের পরিচিত ভঙ্গিতে বাঁ পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করতে চেয়েছিলেন লামিন ইয়ামাল। তবে বল অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়।

৩০তম মিনিটে ম্যাচের জট খোলে স্পেন। ডান প্রান্তে ইয়ামালের সঙ্গে ওয়ান-টু খেলে নিচু ক্রস পাঠান পেদ্রো পোরো। দানি ওলমোর প্রথম শট থিবো কোর্তোয়া ঠেকিয়ে দিলেও ফিরতি বলে সবার আগে পৌঁছে জালে পাঠান ফাবিয়ান রুইজ। পেদ্রির পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া এই মিডফিল্ডারই স্পেনকে এগিয়ে দেন।

গোলের পরও আক্রমণের ধার বজায় রাখে লা রোহা। ৩৬তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে ইয়ামালের নেয়া ফ্রি-কিক কষ্টে ঠেকান কোর্তোয়া।

তবে ৪১তম মিনিটে সমতায় ফেরে বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনার নিখুঁত পাস থেকে ডানপ্রান্তে বল পেয়ে টিমোথি কাস্তান দারুণ একটি ক্রস তোলেন। সেখানে পাও কুবার্সিকে হারিয়ে দুর্দান্ত হেডে উনাই সিমনকে পরাস্ত করেন চার্লস ডি কেটেলারে। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে স্পেন। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর ম্যাচের গতি আরও বেড়ে যায়। দুই দলই একের পর এক আক্রমণ শানায়। ৫৫তম মিনিটে ডকু ও ডি ব্রুইনার দারুণ বোঝাপড়া থেকে ম্যাক্সিম ডি কুইপারের জোরালো শট অল্পের জন্য জালে জড়ায়নি।

এরপর স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে একসঙ্গে পেদ্রি ও ফেরান তোরেসকে নামিয়ে আক্রমণে নতুন গতি আনেন। জবাবে রুডি গার্সিয়া মাঠে নামান রোমেলু লুকাকু, অ্যাক্সেল উইটসেল ও জোয়াকিন সেইসকে।

৬২তম মিনিটে ইয়ামালের দুর্দান্ত শট ঝাঁপিয়ে রুখে দেন কোর্তোয়া। অন্যপ্রান্তে লুকাকুর উদ্দেশে রাসকিনের ক্রসে রদ্রির হাতে বল লাগার দাবি তোলে বেলজিয়াম, কিন্তু পেনাল্টি দেননি রেফারি।

ম্যাচের সবচেয়ে বড় নাটকীয় মুহূর্ত আসে ৭১তম মিনিটে। উরুতে চোট পেয়ে আর খেলা চালিয়ে যেতে পারেননি কোর্তোয়া। চোখে জল নিয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই গোলরক্ষক। অনেকের ধারণা, এটাই হয়তো তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ। তার জায়গায় নামেন সেনে লামেন্স।

শেষদিকে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় স্পেন। ৮১তম মিনিটে নিকো উইলিয়ামসকে মাঠে নামান দে লা ফুয়েন্তে। পাঁচ মিনিট পর দানি ওলমোর জায়গায় নামানো হয় পর্তুগালের বিপক্ষে জয়সূচক গোল করা মিকেল মেরিনোকে।

আর সেই বদলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ৮৮তম মিনিটে পাও কুবার্সির দূরপাল্লার শট লামেন্স ঠিকমতো তালুবন্দি করতে পারেননি। বল হাত ফসকে সামনে পড়তেই সুযোগসন্ধানীর মতো ঝাঁপিয়ে পড়ে সহজেই জালে পাঠান মেরিনো। বদলি নেমে আবারও স্পেনের ত্রাতা হয়ে ওঠেন তিনি।

সাত মিনিট যোগ করা সময়ে মরিয়া হয়ে সমতায় ফেরার চেষ্টা করে বেলজিয়াম। ৯২তম মিনিটে আলেক্সিস সালেমেকার্স উনাই সিমনকে কাটিয়ে বিপজ্জনক ক্রস তুললেও কুবার্সি তা ক্লিয়ার করেন। শেষ মুহূর্তে লুকাকুর হেডও মেরিনো ব্লক করে দেন। এরপর আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি রুডি গার্সিয়ার দল।

শেষ বাঁশি বাজতেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর ইতিহাসে তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠল লা রোহা। এর আগে ১৯৫০ সালে শেষ চারে খেলেছিল তারা। আগামী মঙ্গলবার রাতে ডালাসে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ইউরোপীয় চ্যাম্পিয়নরা।

নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন

নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে জারি করা এ আদেশে নতুন পে-স্কেল ১ জুলাই কার্যকর হয়েছে বলে গণ্য করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে গত ১৭ সেপ্টেম্বর জারি করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশ করে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে সরকার এ আদেশ জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই ২০২৬ তারিখে নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।

আদেশে বলা হয়েছে, ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্য বেতনের সঙ্গে নতুন বেতনস্কেল অনুযায়ী বেতন বৃদ্ধির মোট অঙ্কের ৯ম গ্রেড ও তদূর্ধ্বের ক্ষেত্রে ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ৫০ শতাংশ যোগ করে দেওয়া হবে।

এই অর্থ ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেওয়ার কথা বলা হয়েছে।

নতুন পে-স্কেলের তথ্য অনুযায়ী, ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ করে বেড়েছে।

অর্থাৎ এসব গ্রেডে বর্তমান বেতনস্কেলের প্রারম্ভিক মূল বেতনের দ্বিগুণ নির্ধারণ করা হয়েছে। ১ম গ্রেডে বর্তমান ৭৮ হাজার টাকা (নির্ধারিত) থেকে প্রারম্ভিক মূল বেতন বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা (নির্ধারিত)।

২য় গ্রেডে ৬৬ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার টাকা। ৩য় গ্রেডে ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার টাকা।

৪র্থ গ্রেডে ৫০ হাজার টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বেড়ে হয়েছে ১ লাখ টাকা। ৫ম গ্রেডে ৪৩ হাজার থেকে ৮৬ হাজার টাকা, ৬ষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ থেকে ৭১ হাজার টাকা এবং ৭ম গ্রেডে ২৯ হাজার থেকে ৫৮ হাজার টাকা করা হয়েছে।

৮ম গ্রেডে বর্তমান ২৩ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৪৬ হাজার টাকা। ৯ম গ্রেডে ২২ হাজার থেকে ৪৪ হাজার টাকা, ১০ম গ্রেডে ১৬ হাজার থেকে ৩২ হাজার টাকা এবং ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ থেকে বেড়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। এসব গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশ।

তবে ১২তম গ্রেড থেকে বেতন বৃদ্ধির হার আরও বেশি। ১২তম গ্রেডে বর্তমান ১১ হাজার ৩০০ টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বেড়ে হয়েছে ২৪ হাজার ৩০০ টাকা, বৃদ্ধির হার ১১৫ শতাংশ।

১৩তম গ্রেডে ১১ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ২৪ হাজার টাকা, যা ১১৮ শতাংশ বৃদ্ধি। ১৪তম গ্রেডেও ১১ হাজার টাকা থেকে বেড়ে প্রারম্ভিক মূল বেতন হয়েছে ২৪ হাজার টাকা। এক্ষেত্রে বৃদ্ধির হার ১৩০ শতাংশ।

১৫তম গ্রেডে বর্তমান ৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৩ হাজার ৫০০ টাকা, বেতন বৃদ্ধির হার ১৩৫ শতাংশ। ১৬তম গ্রেডে ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২১ হাজার ৯০০ টাকা, বৃদ্ধি ১৩৫ শতাংশ।

১৭তম গ্রেডে ৯ হাজার টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বেড়ে হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। এ গ্রেডে বৃদ্ধির হার ১৩৮ শতাংশ। ১৮তম গ্রেডে ৮ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২১ হাজার টাকা, এতে বৃদ্ধি ১৩৯ শতাংশ।

১৯তম গ্রেডে বর্তমান ৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। এ গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার ১৪১ শতাংশ।

সবশেষে ২০তম গ্রেডে বর্তমান ৮ হাজার ২৫০ টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বেড়ে হয়েছে ২০ হাজার টাকা। ফলে এ গ্রেডে বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ ১৪২ শতাংশ।

নতুন বেতনস্কেলে উচ্চ গ্রেডের কর্মচারীদের প্রারম্ভিক মূল বেতন দ্বিগুণ করা হলেও নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি হারে বেতন বাড়ানো হয়েছে। বিশেষ করে ২০তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার ১৪২ শতাংশে দাঁড়িয়েছে।

আমরা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি: জামায়াত আমির

ইমরুল হাসান
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ
আমরা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি: জামায়াত আমির

আমরা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলের রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আজকে আমাদের আট দফা দাবি। মনে রাখবেন, এটা ৯ দফা হতে পারে, ১০ দফাও হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় এটা এক দফায় পরিণত হতে পারে। এক দফায় যখন পরিণত হবে তখন কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।’

তিনি আরো বলেন, ‘সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে সম্প্রতি অতীত থেকে শিক্ষা নিন। শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নিন। যদি দাবি মানতে ব্যর্থ হন, তাহলে পরিষ্কার বলে দিচ্ছি কোনো চক্রান্ত কোনো কাজ হবে না।’

১১ দলের প্রথম লংমার্চ সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘এতে অনেকের মাথা গরম হয়ে গিয়েছে। মাথা গরমের কিছু লক্ষণ গত দুই দিন ধরে রাজধানীতে আমরা দেখতে পাচ্ছি। আমরা অনুরোধ করব, হতাশ হয়ে মাথা গরম করবেন না। বরং জনতার দাবি মেনে নেওয়ার চেষ্টা করুন।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা কোনো কিছুই পরোয়া করব না। কারণ, আমরা কোনো দলের দাবি নিয়ে মাঠে নামিনি। আমরা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি।’

মিরপুরে যাত্রা শুরু করেছে কফি শপ ‘বিন্স অ্যান্ড ব্রু কফি’

ইমরুল হাসান
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
মিরপুরে যাত্রা শুরু করেছে কফি শপ ‘বিন্স অ্যান্ড ব্রু কফি’

রাজধানীর মিরপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন কফি শপ ‘বিন্স অ্যান্ড ব্রু কফি’।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৭টা ৩০ মিনিটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পরিচিত ড্যান্সার, ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার রুমি কারিম।

উদ্বোধনী অনুষ্ঠানে রুমি কারিম ‘বিন্স অ্যান্ড ব্রু কফি’-এর সফলতা কামনা করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত ছিল তার বিশেষ মোনাজাত। নতুন এই কফি শপের সফলতা ও সুন্দর ভবিষ্যৎ কামনায় দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করেন রুমি কারিম।

মোনাজাত শেষে রুমি কারিম নতুন কফি শপের পরিবেশ ও আয়োজনের প্রশংসা করেন। পাশাপাশি তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা যেন এখানে এসে কফি পান করেন, সময় কাটান এবং প্রতিষ্ঠানটির নতুন যাত্রার সঙ্গে যুক্ত হন এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

‘বিন্স অ্যান্ড ব্রু কফি’-এর উদ্যোক্তা ও প্রধান রাঁধুনি আজম খান। রান্নার জগতে অভিজ্ঞ এই রাঁধুনি বাংলাদেশের বিভিন্ন রান্নাবিষয়ক রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের রান্নার অভিজ্ঞতা, সৃজনশীলতা ও খাবারের প্রতি ভালোবাসাকে কাজে লাগিয়ে এবার নিজের উদ্যোগে কফি ও খাবারের নতুন এই ঠিকানা তৈরি করেছেন তিনি।

উদ্বোধনী আয়োজনে অতিথিদের জন্য ছিল প্রায় ১২০ পদের খাবারের আয়োজন। কফির পাশাপাশি বৈচিত্র্যময় খাবারের স্বাদ ও মানের দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন উদ্যোক্তা আজম খান। তার পরিকল্পনা ও তত্ত্বাবধানে ‘বিন্স অ্যান্ড ব্রু কফি’ মিরপুরে খাবার ও কফিপ্রেমীদের জন্য নতুন একটি জায়গা হিসেবে পরিচিতি পাবে বলে আশা করা হচ্ছে।

‘বিন্স অ্যান্ড ব্রু কফি’ হাউজটি অবস্থিত রাজধানীর মিরপুর-১-এর শাহ আলী এলাকায়, ১/১ ও ১/২, রোড-২, ব্লক-জি, শাহ আলী, মিরপুর-১, ঢাকা (টেক-আউট রেস্টুরেন্টের ভবন) ঠিকানায়।