খুঁজুন
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২৭ ভাদ্র, ১৪৩৩

রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত: আবুল হায়াত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত: আবুল হায়াত

শিল্পীদের প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়। কেউ রাজনীতি করতে চাইলে অভিনয় ছেড়ে পূর্ণসময়ের জন্য রাজনীতিতে মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত।

শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন বর্ষীয়ান এই অভিনেতা।

এ সময় আবুল হায়াত বলেন, আমি মনে করি শিল্পীদের প্রকাশ্যে রাজনৈতিকভাবে জড়ানো উচিত না। যদি কেউ রাজনীতি করে, তাহলে অভিনয় ছেড়ে দিয়ে রাজনীতি করা উচিত।’

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এক প্যানেলে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি, অন্য প্যানেলে শিবা সানু ও জয় চৌধুরী।

আরমান-মুক্তি পরিষদে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা নূতন ও ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল লড়ছেন। কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান (চিকন আলী)।

অন্যদিকে, শিবা সানু-জয় চৌধুরী পরিষদে সহ-সভাপতি পদে ডি এ তায়েব ও রোজিনা, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মুশফিকুর রহমান কাকন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন আলীরাজ, ফরহাদ, শিপন মিত্র, ফিরোজ শাহী, ইয়ামীন হক ববি, হাসান জাহাঙ্গীর, শিরিন শিলা, ফাল্গুনী রহমান জলি, কায়েস আরজু ও কাবিলা।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান।

প্রথমবার মিউজিক ভিডিওতে সেই এডলফ খান, প্রকাশ্যে এলো ভিডিও

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
প্রথমবার মিউজিক ভিডিওতে সেই এডলফ খান, প্রকাশ্যে এলো ভিডিও

দেশের কোরিওগ্রাফি অঙ্গনে পরিচিত নাম এডলফ খান। দীর্ঘদিন কোরিওগ্রাফার হিসেবে কাজ করার পর এবার ক্যামেরার সামনে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন তিনি। প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন এই কোরিওগ্রাফার। মিউজিক ভিডিওটির গানের শিরোনাম ‘আমি তো সবই জানি’।

প্রায় দুই মাস পর ক্যামেরার সামনে এসে নিজের নতুন কাজের ট্রেলার প্রকাশ করেন এডলফ খান। ট্রেলার প্রকাশের পরদিনই ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয় পুরো গানটি। প্রথম মিউজিক ভিডিও হওয়ায় কাজটি নিয়ে এডলফ খানের ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।

‘আমি তো সবই জানি’ মিউজিক ভিডিওতে এডলফ খানের সঙ্গে রয়েছেন এই গানের গায়ক ও নির্মাতা প্রিন্স খান ও শায়ন্তা। গানটির পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে আলোচনা শুরু হয়। মিউজিক ভিডিওটি সুর চান্দা পেজেন্টস-এর ব্যানারে নির্মিত হয়েছে।

তবে মিউজিক ভিডিওর পাশাপাশি এডলফ খানের অভিনয় ক্যারিয়ারে যুক্ত হয়েছে আরও বড় খবর। ইতোমধ্যে তিনি নাম লিখিয়েছেন ‘গুলশানের চামেলী’ সিনেমায়।

সিনেমাটিতে এডলফ খানকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। গত ১ আগস্ট রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত সিনেমাটির মহরতে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। নির্মাতা মো. ইকবালের এই সিনেমায় এডলফ খানকে একজন দালালের চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে।

ইআ

সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত, ৬ বিল পাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত, ৬ বিল পাস

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এই অধিবেশনে ৯টি বৈঠকে ছয়টি বিল পাস হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণা পাঠের মাধ্যমে তৃতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।

গত ২৭ আগস্ট তৃতীয় অধিবেশন শুরু হয়। ২৭ আগস্ট থেকে ৯ কার্যদিবস অধিবেশন চলার পর আজ ১০ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হলো। এই অধিবেশনে মোট ৬টি বিল উপস্থাপিত হয় এবং ৬টি বিল পাস হয়েছে।

আইন প্রণয়ন-সংক্রান্ত কার্যক্রমের পাশাপাশি এ অধিবেশনে ৩টি বিশেষ কমিটিসহ ৪৮টির অধিক সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় সদস্যগণ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নোটিশ প্রদান করেছেন। ৬৮ বিধিতে ৭টি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে ২টি নোটিশ গৃহীত ও আলোচিত হয়েছে। ৭১ বিধিতে ১৫টি নোটিশ গৃহীত হয় এবং এর মধ্যে ১৪টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

৭১ক বিধিতে দুই মিনিটের বক্তব্য প্রদানের জন্য ১২৪টি নোটিশ পাওয়া যায়। এছাড়া, ১৪৭ বিধিতে ২টি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে ১টি নোটিশের ওপর আলোচনা হয়েছে এবং ৩০২ বিধিতে ১টি নোটিশ উত্থাপিত হয়েছে।

অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সংসদ সদস্যগণ সর্বমোট ১৪৪টি প্রশ্নের নোটিশ দেন। এর মধ্যে প্রধানমন্ত্রী ১৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট ২ হাজার ৬৭৬টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়। এর মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রিগণ এ অধিবেশনে মোট ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দেন।

জাদু দেখাতে জাপান যাচ্ছেন আলীরাজ, থাকছে মাসব্যাপী একক প্রদর্শনী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
জাদু দেখাতে জাপান যাচ্ছেন আলীরাজ, থাকছে মাসব্যাপী একক প্রদর্শনী

বিশ্বমঞ্চে বাংলাদেশের জাদুশিল্পকে নতুন উচ্চতায় তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন জাদুকর আলীরাজ। দেশের গণ্ডি পেরিয়ে ইতোমধ্যে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে জাদু প্রদর্শন করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

এবার আন্তর্জাতিক একটি সংস্থার আমন্ত্রণে মাসব্যাপী একক জাদু প্রদর্শনীতে অংশ নিতে জাপানে যাচ্ছেন আলীরাজ। সূর্যোদয়ের দেশটির বিভিন্ন মঞ্চে নিজের উদ্ভাবনী জাদু পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করবেন এই বাংলাদেশি জাদুশিল্পী।

দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন উৎসব ও আয়োজনে নিয়মিত পারফর্ম করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দীর্ঘদিন ধরে কাজ করছেন আলীরাজ। এরই মধ্যে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার প্রায় ১৯টি দেশে একক জাদু প্রদর্শনী করেছেন তিনি।

আন্তর্জাতিক দর্শকদের সামনে বিদেশের মাটিতে টানা ৪২৫টি বাণিজ্যিক শো সম্পন্ন করার কৃতিত্বও রয়েছে তার ঝুলিতে। ভিন্ন ভাষা ও সংস্কৃতির দর্শকদের সামনে জাদুর মাধ্যমে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতাকে তুলে ধরাই তার অন্যতম লক্ষ্য।

নিজস্ব উদ্ভাবনী কৌশল, আধুনিক পরিবেশনা ও নান্দনিক উপস্থাপনার মাধ্যমে প্রতিবারই দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করেন আলীরাজ। সেই ধারাবাহিকতায় এবার জাপানে মাসব্যাপী একক প্রদর্শনীর জন্য একমাত্র মনোনীত শিল্পী হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি।

জাপানের মঞ্চে এই দীর্ঘমেয়াদি পরিবেশনা শুধু ব্যক্তিগত অর্জনই নয়, বরং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জাদুশিল্পকে তুলে ধরার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আলীরাজ।