ব্রাজিলের বিপক্ষে জাপানের একাদশে ৪ বদল
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের একাদশে বড়সড় পরিবর্তনের আভাস দিয়েছে জাপান। ইনজুরি আর শারীরিক সমস্যার কারণে দলের বেশ কয়েকজন মূল খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচ হাজিমে মোরিয়াসুকে।
সুইডেনের বিপক্ষে খেলা ম্যাচটির তুলনায় ব্রাজিলের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ এই শেষ ষোলোর লড়াইয়ে জাপানি একাদশে দেখা যাবে চারটি পরিবর্তন। অন্যদিকে, স্কটল্যান্ডের বিপক্ষে খেলা অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে ব্রাজিল।
জাপান শিবিরের সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে রক্ষণভাগে। উরুর মাংসপেশির চোটের কারণে এই ম্যাচে মাঠের বাইরে থাকছেন অন্যতম ভরসা কো ইতাকুরা।
ইতাকুরা এবং ডিফেন্ডার হিরোকি ইতো ছিটকে যাওয়ায় তাদের জায়গায় দলে ফিরছেন তাকেহিরো তোমিয়াসু এবং শোগো তানিগুচি। তবে খেলোয়াড় বদলালেও কোচ মোরিয়াসু তার পরিচিত তিন ডিফেন্ডারের রক্ষণভাগ ধরে রাখছেন।
মিডফিল্ডেও বড় পরিবর্তন আনছেন মোরিয়াসু। উইঙ্গার ইউকিনারি সুগাওয়ারা এবং মিডফিল্ডার আও তানাকার পরিবর্তে একাদশে জায়গা করে নিচ্ছেন জুনিয়া ইতো ও কাইশু সানো। চলতি বিশ্বকাপে জাপানের অন্যতম সেরা পারফর্মার জুনিয়া ইতোর অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াবে নিঃসন্দেহে। পাঁচজনের এই শক্তিশালী মিডফিল্ডের মূল লক্ষ্যই থাকবে দলের প্রধান স্ট্রাইকার এবং চলতি বিশ্বকাপে জাপানের সর্বোচ্চ গোলদাতা আয়াসে উয়েদাকে বল সাপ্লাই দেওয়া।
এদিকে জাপানের তারকা মিডফিল্ডার তাকেফুসা কুবো যে এই ম্যাচে থাকছেন না, তা অবশ্য আগেই নিশ্চিত হয়েছিল। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কেবল নেদারল্যান্ডসের বিপক্ষেই মাঠে নামতে পেরেছেন তিনি।
জাপানের একাদশ: জিওন সুজুকি (গোলকিপার), তাকেহিরো তোমিয়াসু, শোগো তানিগুচি, হিরোকি ইতো; রিতসু দোয়ান, কাইশু সানো, দাইচি কামাদা, কেইতো নাকামুরা; জুনিয়া ইতো, দাইজেন মায়েদা; আয়াসে উয়েদা।


আপনার মতামত লিখুন
Array