রোমাঞ্চকর জয়ে দ্বিতীয় রাউন্ডে মরক্কো
শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল মরক্কো। তবে গুছিয়ে নিয়ে নিজেদের সেরা রুপে ফিরতে সময় নিল না তারা। প্রথমার্ধে দুই গোলের সঙ্গে বিরতির পর আটলাস লায়নরা করল আরও দুই গোল। দারুণ জয়ে নিশ্চিত করে ফেলল নকআউট পর্বের টিকিট।
আটালান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরের ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারিয়েছে মরক্কো। এই জয়ে শেষ ৩২ও নিশ্চিত হয়েছে তাদের। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেননি আশরাফ হাকিমি, ইসমাইল সাইবারিরা।
সি গ্রুপে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে মোট ৭ পয়েন্ট পেয়েছে মরক্কো। তাদের সমান ৭ পয়েন্ট ব্রাজিলেরও। তবে গোলপার্থক্যে মরক্কোর (+৩) চেয়ে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (+৬)।
হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয়ে মরক্কোর হয়ে একটি করে গোল করেন আশরাফ হাকিমি, ইসমাইল সাইবারি, সুফিয়ান রহিমি ও গেসিম ইয়াসিন। হাইতির হয়ে একটি গোল দেন উইলসন ইসিডর। অন্যটি ছিল মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনুর আত্মঘাতী।


আপনার মতামত লিখুন
Array