৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েছিল মিশর। ওই আসরসহ বৈশ্বিক এই টুর্নামেন্টে ৪ বার খেলছে উত্তর আফ্রিকার এই দেশ। তবে এতদিন কোনো জয় ছিল না তাদের। অবশেষে মোহাম্মদ সালাহ-ওমর মারমুশদের হাত ধরে এলো কাঙ্ক্ষিত সেই জয়।
নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারাল লাল জার্সিধারীরা। এর ফলে ভাঙল তাদের ৯২ বছরের গেরো।
সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় সকালে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য মিশরের জন্য সুখকর ছিল না। কর্নার থেকে আসা বলে ১৫ মিনিটে দারুণ এক হেডে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন ডিফেন্ডার ফিন সারম্যান। গোল হজমের পর বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি মিশর।
৫৮ মিনিটে ম্যাচে সমতা ফেরান মোস্তাফা জিকো। ডান প্রান্ত থেকে মোহাম্মদ হানির নিখুঁত ক্রসে উড়ে গিয়ে শক্তিশালী হেডে জাল খুঁজে নেন তিনি। গোলটি মিশরকে নতুন করে আত্মবিশ্বাস এনে দেয়।
সমতায় ফেরার মাত্র নয় মিনিট পরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক মোহাম্মদ সালাহ। ৬৭ মিনিটে দ্রুতগতির এক আক্রমণে মোস্তাফা জিকোর কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের দারুণ বাঁকানো শটে নিউজিল্যান্ডের গোলরক্ষককে পরাস্ত করেন লিভারপুল কিংবদন্তি। তার গোলে প্রথমবারের মতো লিড নেয় মিশর।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় উত্তর আফ্রিকার দলটি। ৮২ মিনিটে সালাহর কর্নার থেকে আরেকটি গোল যোগ করেন বদলি হিসেবে নামা ত্রেজেগে। পোস্টের কাছাকাছি জায়গায় সম্পূর্ণ অরক্ষিত থাকা এই ফরোয়ার্ড সহজ হেডে বল জালে পাঠিয়ে ব্যবধান ৩-১ করেন।


আপনার মতামত লিখুন
Array