লাল কার্ডের রাজা ব্রাজিল, হলুদ কার্ডে আর্জেন্টিনা
বিশ্বমঞ্চে সবচেয়ে বেশি লাল কার্ড দেখা দলের নাম ব্রাজিল। ১১৫টি ম্যাচ খেলে ১১টি লাল কার্ড নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবার ওপরে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা ও ক্যামেরুন; ৯টি করে লাল কার্ড নিয়ে তারা যৌথভাবে রয়েছে দ্বিতীয় স্থানে।
এই তালিকায় সবচেয়ে বড় চমক দেখিয়েছে ক্যামেরুন। কারণ আর্জেন্টিনার চেয়ে ৬২টি ম্যাচ কম খেলেই তারা আলবিসেলেস্তেদের সমান লাল কার্ডের লজ্জায় পড়েছে। আর ব্রাজিলের চেয়ে ৮৯টি ম্যাচ কম খেলার পরও সেলেসাওদের চেয়ে মাত্র ২টি লাল কার্ডের ব্যবধানে পিছিয়ে আছে আফ্রিকার এই সিংহরা।
৮টি করে লাল কার্ড নিয়ে ঠিক পেছনে আছে নেদারল্যান্ডস, ইতালি ও উরুগুয়ে। তবে এখানেও ম্যাচের ব্যবধানটা চোখে পড়ার মতো—ডাচরা ৮টি লাল কার্ড পেয়েছে ৫৬ ম্যাচে, উরুগুয়ে ৫৯ ম্যাচে আর ইতালির লেগেছে ৮৩টি ম্যাচ।
এরপর ৭টি করে লাল কার্ড নিয়ে তালিকায় রয়েছে জার্মানি ও মেক্সিকো। কিন্তু এখানেও পথটা সম্পূর্ণ ভিন্ন; জার্মানির যেখানে লেগেছে ১১৩টি ম্যাচ, মেক্সিকো সেখানে মাত্র ৬১ ম্যাচেই লাল কার্ডের এই কোটা পূরণ করেছে।
আর ৬টি করে লাল কার্ড নিয়ে শীর্ষ ১০-এর তালিকাটি শেষ করেছে ফ্রান্স ও পর্তুগাল। তবে ফরাসোরা যেখানে ৭৩টি ম্যাচ খেলে এই সংখ্যায় পৌঁছেছে, ক্রিস্তিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের সেখানে লেগেছে মাত্র ৩৫টি ম্যাচ!
হলুদ কার্ডে শীর্ষে আর্জেন্টিনা:
সর্বকালের সবচেয়ে বেশি হলুদ কার্ড পাওয়া দলগুলোর তালিকাটা মূলত এমন সব দেশ দিয়ে ভরা, যাদের বিশ্বকাপের ইতিহাস জুড়েই রয়েছে নিয়মিত অংশগ্রহণ এবং টুর্নামেন্টের শেষ পর্যন্ত টিকে থাকার লম্বা পথচলা। এই তালিকায় ১১৮টি হলুদ কার্ড নিয়ে দ্বিতীয় স্থানে বসে আছে জার্মানি, আর ১১১টি কার্ড নিয়ে তাদের ঠিক পরেই রয়েছে ব্রাজিল। অন্যদিকে নেদারল্যান্ডস ১০৩টি কার্ড নিয়ে চতুর্থ এবং ইতালি ৯০টি কার্ড নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। তালিকার পরের জায়গাগুলোতে যথাক্রমে রয়েছে মেক্সিকো (৮৬তম স্থানে ৮৫টি কার্ড), ফ্রান্স (৭৭টি), দক্ষিণ কোরিয়া (৭৬টি), উরুগুয়ে (৭৪টি) এবং দশম স্থানে থাকা স্পেন (৬৬টি)।
শীর্ষ ১০ দেশের ঠিক বাইরে থাকা দলগুলোর মধ্যকার ব্যবধানটাও কিন্তু খুব বেশি নয়। ৭৪টি ম্যাচ থেকে ৬০টি হলুদ কার্ড নিয়ে ইংল্যান্ড রয়েছে ১১ নম্বরে। তবে তাদের ঠিক পেছনে থাকা ক্রোয়েশিয়া মাত্র ৩০টি ম্যাচ খেলেই পকেটে পুরেছে ৫৮টি হলুদ কার্ড; যার ফলে ম্যাচ প্রতি তাদের কার্ড দেখার গড় দাঁড়িয়েছে ১.৯৩—যা ইংল্যান্ডের চেয়ে অনেক বেশি।


আপনার মতামত লিখুন
Array