চার বছরের সংসার ভে/ঙে গেল বলিউডের বাঙালি অভিনেত্রীর
বেশ কয়েকদিন ধরেই চলছি নানা জল্পনা। অবশেষে সংসার ভাঙার বিষয়টি পরিষ্কার করলেন বলিউডের বাঙালি অভিনেত্রী মৌনি রায় নিজেই। ব্যবসায়ী স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের খবরটি বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে এক যৌথ বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
ব্যক্তিগত জীবন নিয়ে ‘অপ্রয়োজনীয় এবং অনধিকার চর্চা’য় বিরক্তি প্রকাশ করে তারা জানিয়েছেন, পারস্পরিক সম্মতিক্রমেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মৌনি এবং সূরজ তাদের বিবৃতিতে লেখেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সংবাদমাধ্যমের একাংশ আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনর্থক চর্চা করছে।’
তারা আরও যোগ করেন, ‘আমরা জানাতে চাই যে, আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং বিষয়টি ব্যক্তিগত ভাবে ও সৌহার্দ্যপূর্ণ ভাবে মিটিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি।’
এই কঠিন সময়ে কোনও ভুল তথ্য না ছড়ানোর জন্য এবং তাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর জন্য অনুরাগী এবং সংবাদমাধ্যমের কাছে আবেদন জানিয়েছেন অভিনেত্রী।
গত কয়েকদিন ধরেই সামাজিকমাধ্যমে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। মৌনি এবং সূরজ ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন, তাও নেটিজেনদের চোখে পড়েছিল। শুধু তাই নয়, হঠাৎ সূরজ নাম্বিয়ারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ‘আনঅ্যাভেলেবল’ হয়ে যাওয়ায় সন্দেহ বাড়তে থাকে। মৌনির প্রোফাইলে বিয়ের সব ছবিও সরিয়ে ফেলা হয়েছিল।
প্রসঙ্গত, মৌনি এবং সূরজ ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়াতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মালায়ালি এবং বাঙালি দুই রীতিতেই তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। বিয়ের পর প্রাই তাদের ছুটি কাটানোর বা উৎসবের নানা মুহূর্ত সামাজিকমাধ্যমে উঠে আসত।


আপনার মতামত লিখুন
Array