খুঁজুন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৬ ভাদ্র, ১৪৩৩

নায়িকার অভিযোগে আটকে গেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
নায়িকার অভিযোগে আটকে গেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

আগামী ১৫ মে মুক্তি পাওয়ার কথা ছিল অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। তবে এর আগে এবার সিনেমাটির সেন্সের বাতিল করা হয়েছে। অভিনেত্রী জেবা জান্নাতের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৩ মে) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সিনেমার একজন সহ-অভিনেত্রীর অভিযোগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সের বাতিল করা হয়েছে।

তানি বলেন, ‘আমরা চলচ্চিত্রটির সেন্সর দিয়েছিলাম। তখন এটির বিরুদ্ধে আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি। এরপর বিষয়টি নিয়ে জেবা জান্নাতি নামে প্রোজেক্টের সঙ্গে যুক্ত একজন লিখিত অভিযোগ করেন।

তিনি জানান, যে কাজটি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ এটি নাটক বলে তার সঙ্গে চুক্তি করা হয়। পরবর্তীতে সিনেমা নামে মুক্তি দেওয়ার পরিকল্পনা করলে তিনি আমাদের অভিযোগ করেন, তার সঙ্গে এই সিনেমার কোন চুক্তি হয়নি। সে জন্যই আমরা এর মুক্তির অনুমতি বাতিল করেছি।

এই সিনেমায় বাংলাদেশের দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমীও অভিনয় করেছেন। দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে একটি কাজে চুক্তি করেন। তিনিও বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে অভিযোগ করেছেন।

মৌসুমী এক অডিওতে বলেন, যুক্তরাষ্ট্রে এসে একটি মেয়ের স্ট্রাগল টাইমের ছোট গল্প নিয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নির্মাণের কথা ছিল। হাসান জাহাঙ্গীর আমাকে অনেক অনুরোধ করার পর আমি রাজি হয়েছি। শুরুতে এটা ঘণ্টার একটি নাটক ছিল। দুই দিনে শুটিং শেষ হওয়ার কথা থাকলেও তিন দিন লেগে যায়। কিছুদিন পর নির্মাতা এসে বলে, এটার শুটিংতো বেশি হয়েছে আমরা টেলিফিল্ম হিসেবে প্রচার করতে চাই। তাতেও আমি রাজি হয়ে কাজটি শেষ করেছি। কিন্তু খবরে দেখছি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নাকি সিনেমা হিসেবে আসছে। বিষয়টি শুনে অবাক হয়েছি।

মৌসুমীর পর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে জেবার অভিযোগ ছিল- তাকে নাটকের কথা বলে কাজ করিয়েছিলেন সিনেমার পরিচালক হাসান জাহাঙ্গীর। কিন্তু কাজ করতে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়েন এই অভিনেত্রী। এক পর্যায়ে জানতে পারেন এটি সিনেমা হিসেবে মুক্তি পেতে যাচ্ছে। তখন থেকেই বিষয়টি নিয়ে শক্ত অবস্থান নেন জেবা।

বলে রাখা যায়, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এ মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন।

জাদু দেখাতে জাপান যাচ্ছেন আলীরাজ, থাকছে মাসব্যাপী একক প্রদর্শনী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
জাদু দেখাতে জাপান যাচ্ছেন আলীরাজ, থাকছে মাসব্যাপী একক প্রদর্শনী

বিশ্বমঞ্চে বাংলাদেশের জাদুশিল্পকে নতুন উচ্চতায় তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন জাদুকর আলীরাজ। দেশের গণ্ডি পেরিয়ে ইতোমধ্যে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে জাদু প্রদর্শন করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

এবার আন্তর্জাতিক একটি সংস্থার আমন্ত্রণে মাসব্যাপী একক জাদু প্রদর্শনীতে অংশ নিতে জাপানে যাচ্ছেন আলীরাজ। সূর্যোদয়ের দেশটির বিভিন্ন মঞ্চে নিজের উদ্ভাবনী জাদু পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করবেন এই বাংলাদেশি জাদুশিল্পী।

দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন উৎসব ও আয়োজনে নিয়মিত পারফর্ম করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দীর্ঘদিন ধরে কাজ করছেন আলীরাজ। এরই মধ্যে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার প্রায় ১৯টি দেশে একক জাদু প্রদর্শনী করেছেন তিনি।

আন্তর্জাতিক দর্শকদের সামনে বিদেশের মাটিতে টানা ৪২৫টি বাণিজ্যিক শো সম্পন্ন করার কৃতিত্বও রয়েছে তার ঝুলিতে। ভিন্ন ভাষা ও সংস্কৃতির দর্শকদের সামনে জাদুর মাধ্যমে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতাকে তুলে ধরাই তার অন্যতম লক্ষ্য।

নিজস্ব উদ্ভাবনী কৌশল, আধুনিক পরিবেশনা ও নান্দনিক উপস্থাপনার মাধ্যমে প্রতিবারই দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করেন আলীরাজ। সেই ধারাবাহিকতায় এবার জাপানে মাসব্যাপী একক প্রদর্শনীর জন্য একমাত্র মনোনীত শিল্পী হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি।

জাপানের মঞ্চে এই দীর্ঘমেয়াদি পরিবেশনা শুধু ব্যক্তিগত অর্জনই নয়, বরং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জাদুশিল্পকে তুলে ধরার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আলীরাজ।

বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার

বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয় : ডেপুটি স্পিকার

ইতালির ভেনিসে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদে এক নোটিশের আলোচনার ফাঁকে এ মন্তব্য করেন তিনি। এ সময় ডেপুটি স্পিকার বলেন, এই ঘটনায় নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে।

এ ছাড়াও বাঁধনের ওপর হামলার ঘটনায় এদিন সংসদে প্রতিবাদ জানানো হয়।

একটি চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সপরিবারে ইতালিতে গিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ইতালির একটি পার্কে ঘোরাফেরার সময় তার ওপর ‘আওয়ামী লীগ সমর্থক’ একজন প্রবাসী হামলা চালায়। তারা বাঁধনকে শারীরিকভাবে আঘাত করে, তার গায়ে ডিম, পানি ও কোমল পানীয় নিক্ষেপ করে। একপর্যায়ে বাঁধনকে জয় বাংলা স্লোগান দিতে বাধ্য করা হয় বলে লাইভে জানান তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিলেন আজমেরী হক বাঁধন। সেই প্রেক্ষাপটেই ভেনিসে তার ওপর হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সহশিল্পী ও সাধারণ নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিনেত্রী বাঁধনের পাশে পরীমণি, ইতালির ঘটনার তীব্র প্রতিবাদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
অভিনেত্রী বাঁধনের পাশে পরীমণি, ইতালির ঘটনার তীব্র প্রতিবাদ

ইতালিতে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তা করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ও চরম ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাঁধনের ওপর হামলার সংবাদের ভিডিও শেয়ার করে এক স্ট্যাটাসে এই ক্ষোভ উগরে দেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও শেয়ার করে ক্যাপশনে পরীমণি লেখেন, ‘‘বেশি কিছু না। কতগুলা কুত্তার বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে।
এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম‍্যাটার করে না। করেও নাই।’’

পরীমণির এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেন এবং তার ভক্ত-অনুরাগীরাও তার এই ক্ষুব্ধ বার্তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে নারী শিল্পীর প্রতি এ ধরনের সহিংসতার বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানাচ্ছেন।

উল্লেখ্য, ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে অবস্থানকালে সম্প্রতি একটি পার্কে পরিজনদের সামনেই একদল ব্যক্তি আজমেরী হক বাঁধনের ওপর আক্রমণ করে, তার ওপর কোল্ড ড্রিংকস ও ডিম ছুড়ে মারে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। ঘটনাটি নিয়ে দেশজুড়ে ইতোমধ্যে বিনোদন ও রাজনীতি অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় বইছে।