মনোনয়ন পেয়ে প্রিয়াংকা বললেন, ‘মানুষের পক্ষে কথা বলতে চাই’
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. সানসিলা জেবরিন এশিয়া পোস্টকে বলেন, তিনি দলের হয়ে কাজ করতে চান এবং রাজনীতিবিদ হিসেবে মানুষের পক্ষে কথা বলতে চান। পাশাপাশি একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্যসেবা ও একজন নারী হিসেবে নারীদের অধিকার ও উন্নয়নে ভূমিকা রাখতে চান।
পেশায় চিকিৎসক হলেও ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা রাজনৈতিক অঙ্গনেও সক্রিয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে তিনি আলোচনায় আসেন। পরে শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। তবে ওই নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে পরাজিত হন।
দলীয় সূত্র জানায়, সংগঠনের প্রতি তার সক্রিয়তা ও নিষ্ঠা বিবেচনায় তাকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
১৯৯৩ সালের ২২ জুন জন্ম নেওয়া সানসিলা জেবরিন প্রিয়াংকা শেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হযরত আলীর কন্যা।
দলের নেতাকর্মীরা মনে করছেন, এই মনোনয়ন শেরপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে এবং নারীদের রাজনৈতিক অংশগ্রহণ আরও জোরদার হবে।


আপনার মতামত লিখুন
Array