খুঁজুন
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র, ১৪৩২

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী কোয়েল মল্লিক এবার রাজনীতির আঙিনায় নতুন অধ্যায় শুরু করলেন। সোমবার (৬ এপ্রিল) ভারতের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন তিনি। তৃণমূল কংগ্রেস থেকে মনোনয়ন পেয়ে জয় লাভের পর আজ দিল্লিতে শপথগ্রহণ করেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

গ্ল্যামার জগতের পরিচিত মুখ থেকে জনসেবার এই নতুন ভূমিকায় তাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সংসদ সদস্য হিসেবে কোয়েলের শপথগ্রহণ অনুষ্ঠানটি ছিল ষোলআনা বাঙালিয়ানায় মোড়ানো। মাতৃভাষা বাংলার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাতেই তিনি শপথবাক্য পাঠ করেন।

সামাজিকমাধ্যমে কোয়েল লেখেন, ‘আমি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পেরে সম্মানিত বোধ করছি। বাংলার মানুষের সেবা করার এই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আজ থেকে এক নতুন পথচলা শুরু হলো। আমি সর্বোচ্চ চেষ্টা করব নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার। আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করি।’

অভিনেত্রীর জীবনের এই বিশেষ সন্ধিক্ষণে তার পাশে উপস্থিত ছিল গোটা মল্লিক পরিবার। উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা তথা কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক। এছাড়া ছিলেন অভিনেত্রীর স্বামী নিসপাল সিং রানে এবং তাদের ছেলে কবীর। শ্বশুর-শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে দিনটি অভিনেত্রীর কাছে বেশ আবেগঘন হয়ে উঠে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ প্রজন্মের কাছে কোয়েলের জনপ্রিয়তা এবং তার স্বচ্ছ ভাবমূর্তি সংসদীয় কার্যক্রমে এক নতুন মাত্রা যোগ করবে। চলচ্চিত্র জগতের সহকর্মী ও ভক্তরা তাকে এই নতুন যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

এবার বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেঘনা আলম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
এবার বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেঘনা আলম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ঢাকা-৮ আসনের আলোচিত নারী প্রার্থী মেঘনা আলম। এরই মধ্যে তিনি আগের দল গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানা গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্যানুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের তৃতীয় দিনে বিএনপির পক্ষ থেকে মোট ৭৪ জন নারী প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। তাদের নাম দলীয়ভাবে বিএনপির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে আজ মনোনয়নপত্র সংগ্রহ করেন মেঘনা আলম। ইসি থেকে প্রাপ্ত মনোনয়নপত্র গ্রহণকারীদের তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে।

গণঅধিকার পরিষদ থেকে মেঘনা আলমের পদত্যাগ নিশ্চিত করে দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক সদস্য ফরম পূরণ করে তিনি আমাদের দল থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এখন তিনি প্রাথমিক সদস্য থেকে পদত্যাগ করে চিঠি পাঠিয়েছেন। যা আমরা পেয়েছি।’

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী শফিক আহমেদ আর নেই। রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এবি এম আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

 

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই

ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। তার বয়স হয়েছিল ৯২ বছর। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত কয়েক মাস ধরেই হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যাসহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই শিল্পী। অবস্থার অবনতি হলে শনিবার (১১ এপ্রিল) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার দুপুরে তার ছেলে আনন্দ ভোঁসলে এই বরেণ্য শিল্পীর মৃত্যুর খবর জানান।

আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) তার শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৩৩ সালে সংগীত অনুরাগী মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় গায়িকা আশা ভোঁসলে। মাত্র ৯ বছর বয়সেই পেশাদার গান গাওয়া শুরু করেন তিনি। তার বড় বোন লতা মঙ্গেশকর।

১৯৪৩ সালে চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করেন আশা ভোঁসলে। ১৯৫০-এর দশকেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন তিনি।

ক্যারিয়ারে সাতবার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার এবং দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আশা ভোঁসলে।