খুঁজুন
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩

রাস্তার পাশের পুরি-পেঁয়াজুর দোকানেও লাগবে নিবন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ
রাস্তার পাশের পুরি-পেঁয়াজুর দোকানেও লাগবে নিবন্ধন

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং খাদ্য ব্যবসায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ১ নভেম্বর থেকে নির্ধারিত শ্রেণির খাদ্য ব্যবসার নিবন্ধন ও বিশেষায়িত খাদ্যপণ্যের লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক হচ্ছে। নতুন নিয়মের আওতায় রাস্তার পাশের পিঠা, পুরি-পেঁয়াজুর দোকান থেকে শুরু করে রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকানসহ বিভিন্ন ধরনের খাদ্য ব্যবসা অন্তর্ভুক্ত করা হয়েছে।

‘নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২৬’-এর আওতায় এ ব্যবস্থা কার্যকর হচ্ছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) উদ্যোগে প্রণীত প্রবিধানমালাটি গত ১৬ জুলাই সরকারি গেজেটে প্রকাশিত হয়। নির্ধারিত শ্রেণির খাদ্য ব্যবসায়ীদের ১ নভেম্বর থেকে প্রযোজ্য নিবন্ধন ও লাইসেন্সের জন্য আবেদন করতে বলেছে কর্তৃপক্ষ।

নতুন বিধান অনুযায়ী, রাস্তার পাশের খাবারের দোকান ছাড়াও রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান, ক্যাটারিং প্রতিষ্ঠান, দুগ্ধপণ্য প্রস্তুতকারী, প্যাকেটজাত খাবারের উৎপাদক, খাদ্য সংরক্ষণাগার, কোল্ড স্টোরেজ এবং নির্ধারিত শ্রেণির খাদ্য আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের এ ব্যবস্থার আওতায় আসতে হবে।

প্রবিধানমালায় নির্ধারিত ১৬ শ্রেণির খাদ্য ব্যবসার প্রথমবার নিবন্ধন বিনামূল্যে করার বিধান রাখা হয়েছে। তবে বিশেষায়িত খাদ্যপণ্যের উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুত, আমদানি ও বিপণনের ক্ষেত্রে ব্যবসার ধরন অনুযায়ী লাইসেন্সসহ প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে। নিবন্ধন বা লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করলে তা নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

নতুন ব্যবস্থায় খাদ্যপণ্যের প্যাকেটে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিবন্ধন নম্বর উল্লেখ করতে হবে। এর ফলে উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান শনাক্ত করা সহজ হবে। পাশাপাশি ভোক্তারা পণ্যের প্যাকেট থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধনসংক্রান্ত তথ্য জানতে পারবেন এবং প্রয়োজনে অভিযোগ জানাতে পারবেন। তবে শুধু নিবন্ধন নম্বর থাকলেই কোনো পণ্যের নিরাপত্তা নিশ্চিত হয় না; খাদ্যের মান বজায় রাখতে অন্যান্য প্রযোজ্য বিধিবিধানও মানতে হবে।

প্রবিধানমালায় বিশেষায়িত খাদ্যপণ্যের জন্য পৃথক অনুমোদনব্যবস্থাও রাখা হয়েছে। শিশুদের ফর্মুলা দুধ, বয়স্ক ব্যক্তি ও নির্দিষ্ট রোগে আক্রান্ত মানুষের জন্য তৈরি বিশেষ খাদ্য, স্বাস্থ্য সহায়ক ও সম্পূরক খাদ্য, বিশেষ পথ্য, প্রোবায়োটিক ও প্রিবায়োটিক খাদ্য এবং নিউট্রাসিউটিক্যালের উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুত, আমদানি ও বিপণনের ক্ষেত্রে প্রযোজ্য লাইসেন্স নিতে হবে।

এ ছাড়া জিনগত বৈশিষ্ট্য পরিবর্তিত খাদ্য, জৈব খাদ্য, কিরণ-সম্পাতকৃত খাদ্য, অভিনব খাদ্য, পুষ্টিসমৃদ্ধ বা ফোর্টিফায়েড খাদ্য এবং স্বাস্থ্য সহায়তা বা রোগের ঝুঁকি কমানোর দাবি-সংবলিত পণ্যের ক্ষেত্রেও নির্ধারিত শর্ত অনুযায়ী নিবন্ধন ও লাইসেন্স নিশ্চিত করতে হবে। এসব ক্ষেত্রে শুধু ব্যবসাপ্রতিষ্ঠানের নিবন্ধনই যথেষ্ট নয়; পণ্যের ধরন ও কার্যক্রম অনুযায়ী অতিরিক্ত অনুমোদনের প্রয়োজন হতে পারে।

লাইসেন্সের ক্ষেত্রে প্রতিষ্ঠানের আয়তন অনুযায়ী ফি নির্ধারণ করা হয়েছে। প্রবিধানমালার তথ্য অনুযায়ী, ১০০ বর্গমিটার বা তার কম আয়তনের প্রতিষ্ঠানের প্রিমিসেস লাইসেন্স ফি ১০ হাজার টাকা। অন্যদিকে, ১০ হাজার বর্গমিটারের বেশি আয়তনের প্রতিষ্ঠানের নতুন লাইসেন্স ফি ৬০ হাজার টাকা। আবেদন করার আগে ব্যবসায়ীদের প্রবিধানমালার তফসিল-১০-এ উল্লেখিত ফি ও নিজ নিজ ব্যবসার জন্য প্রযোজ্য শর্ত যাচাই করতে হবে।

প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট জেলা কার্যালয় থেকে নিবন্ধন ও লাইসেন্সের আবেদন করা যাবে। পর্যায়ক্রমে শতভাগ অনলাইনে আবেদন গ্রহণের ব্যবস্থাও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নিয়মে নিবন্ধন ও লাইসেন্সের মেয়াদ হবে তিন বছর। মেয়াদ শেষ হলে তা নবায়ন করতে হবে।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন নুসরাত।

স্ট্যাটাসে নুসরাত জানান, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।

স্ট্যাটাসের শেষে তিনি ইনকিলাব জিন্দাবাদ বলেন।

 

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

 

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৈঠকে তারা জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও ‘জিরো ওয়েস্ট’ (বর্জ্য শূন্য) লক্ষ্য অর্জনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সাইড লাইনে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক পোস্টে এমিনে এরদোয়ান জানান, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং জিরো ওয়েস্ট লক্ষ্য এগিয়ে নিতে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, তুরস্কে এবং জাতিসংঘের বিভিন্ন উদ্যোগে জিরো ওয়েস্ট কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন এমিনে এরদোয়ান।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেল তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠক হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।