খুঁজুন
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র, ১৪৩২

সংসদের দর্শকসারিতে প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
সংসদের দর্শকসারিতে প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। এদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টা ৫ মিনিটে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনে স্পিকারের দুই পাশের ভিভিআইপি লাউঞ্জসহ চারপাশের দর্শক গ্যালারিগুলোতে উপস্থিত হন আমন্ত্রিত অতিথিরা।দর্শকসারিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জুবাইদা রহমান ও জাইমা রহমানের পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলকে দেখা যায়।

ভিভিআইপি লাউঞ্জে ডান পাশের গ্যালারিতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দবানু, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শামিলা রহমান সিঁথি, বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা এবং জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান বিন্দু।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ টি এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রমুখ।

ভিভিআইপি লাউঞ্জে বাম পাশের গ্যালারিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।

এ ছাড়া চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদ গোলাম নাফিজকে গুলিবিদ্ধ অবস্থায় রিকশায় হাসপাতালে নিয়ে যাওয়া রিকশাচালক নুর মুহাম্মদও গ্যালারিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রথম অধিবেশনে বিশিষ্ট নাগরিক, কূটনীতিক, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়।

এবার বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেঘনা আলম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
এবার বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেঘনা আলম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ঢাকা-৮ আসনের আলোচিত নারী প্রার্থী মেঘনা আলম। এরই মধ্যে তিনি আগের দল গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানা গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্যানুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের তৃতীয় দিনে বিএনপির পক্ষ থেকে মোট ৭৪ জন নারী প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। তাদের নাম দলীয়ভাবে বিএনপির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে আজ মনোনয়নপত্র সংগ্রহ করেন মেঘনা আলম। ইসি থেকে প্রাপ্ত মনোনয়নপত্র গ্রহণকারীদের তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে।

গণঅধিকার পরিষদ থেকে মেঘনা আলমের পদত্যাগ নিশ্চিত করে দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক সদস্য ফরম পূরণ করে তিনি আমাদের দল থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এখন তিনি প্রাথমিক সদস্য থেকে পদত্যাগ করে চিঠি পাঠিয়েছেন। যা আমরা পেয়েছি।’

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী শফিক আহমেদ আর নেই। রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এবি এম আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

 

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই

ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। তার বয়স হয়েছিল ৯২ বছর। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত কয়েক মাস ধরেই হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যাসহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই শিল্পী। অবস্থার অবনতি হলে শনিবার (১১ এপ্রিল) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার দুপুরে তার ছেলে আনন্দ ভোঁসলে এই বরেণ্য শিল্পীর মৃত্যুর খবর জানান।

আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) তার শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৩৩ সালে সংগীত অনুরাগী মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় গায়িকা আশা ভোঁসলে। মাত্র ৯ বছর বয়সেই পেশাদার গান গাওয়া শুরু করেন তিনি। তার বড় বোন লতা মঙ্গেশকর।

১৯৪৩ সালে চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করেন আশা ভোঁসলে। ১৯৫০-এর দশকেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন তিনি।

ক্যারিয়ারে সাতবার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার এবং দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আশা ভোঁসলে।