এমপি কে দেখার বিষয় না, আমি ঘাটাইলে সর্বোচ্চ উন্নয়ন করব: ওবায়দুল হক নাসির
ঘাটাইলের মানুষ বিএনপি’র পক্ষে ৮৪ হাজার ভোট দিয়েছেন। আমরা ১৭ বছর লড়াই সংগ্রাম করেছি আপনাদের সাথে নিয়ে। ভোটারদের কাছে গিয়েছি নির্বাচন কি হয়েছে তা আপনারা দেখেছেন। প্রশাসনের একজন কর্মকর্তা এই ইউএনও, গুপ্ত জামায়াত শিবির। এখন সব বের হচ্ছে। যার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, ইতোমধ্যেই প্রত্যাহার হয়েছেন।
নিজ এলাকা টাঙ্গাইল-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে তার বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়ে কথাগুলো বলেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দলের মনোনীত প্রার্থী অ্যাড. এস এম ওবায়দুল হক নাসির। ধলাপাড়া ইউনিয়নের এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে কথাগুলো বলেন তিনি৷
নাসির বলেন, বিএনপিকে পরাজিত করার ষড়যন্ত্র হয়েছিল এই দেশে। কিন্তু আল্লাহর রহমতে বিএনপি বিজয়ী হয়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তারেক রহমান নিজে আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আমি এমপি হলে আপনারা অনেক কিছু পাইতেন।
টাঙ্গাইল-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ। তিনি আওয়ামী লীগের সদস্যদের সঙ্গে নিয়ে নির্বাচিত হয়েছেন বলে অভিযোগ করেন নাসির৷
তিনি বলেন, যিনি এমপি হয়েছেন, তিনি আওয়ামী লীগের সাথে নিয়ে কাজ করেছেন। ১৭ বছর বিএনপির সঙ্গে ছিলেন না এজন্য দল তাকে মনোনয়ন দেয় নাই। যেহেতু আমরা বিএনপির দায়িত্ব নিয়েছি, আমরাই মানুষকে বলেছি ফ্যামিলি কার্ড দিব। এজন্য কাউকে এক টাকাও দিতে হবে না। ঘাটাইলের মানুষ যাতে তাড়াতাড়ি ফ্যামিলি কার্ড পায় আমি সেই ব্যবস্থা করব, ইনশাআল্লাহ। কৃষকের কৃষি কার্ডের ব্যবস্থা করব। ঘাটাইলের প্রত্যেকটি এলাকার সর্বোচ্চ উন্নয়ন করব আজ বলে গেলাম।
তিনি আরও বলেন, কে এমপি হইছে সেটা দেখার বিষয় আমাদের না। বিএনপি ক্ষমতায় এসেছে। তারেক রহমান এই বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ গড়তে চায়, মানুষের দুঃখ, দূর্দশা লাঘব করতে চান, শিক্ষা প্রতিষ্ঠান উন্নত করতে চান, আমাদের সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান। ইনশাআল্লাহ আমরা এই এলাকা থেকে তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করব।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নাসির বলেন, আগামী দিনে আপনারা মানুষের জন্য কাজ করবেন। আমরা মানুষের দৌরগোড়ায় যাব, প্রত্যেকটি মানুষের প্রয়োজনে পাশে থাকব। আর যেই ষড়যন্ত্র করা হয়েছে তার মোকাবিলা করব। আল্লাহ যেন তৌফিক দেন আমার মানুষের জন্য কাজ করতে পারি।


আপনার মতামত লিখুন
Array