শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
বিএনপির দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় আজ রংপুরে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছান তিনি। কবর জিয়ারতের পর আবু সাঈদের বাবা মকবুল হোসেন, ভাই আবু হোসেনসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারেক রহমান।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেকসহ রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমান জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন এবং তার বিদেহী আত্মর মাগফেরাত কামনা করে দোয়া করেছেন।
তিনি আরও বলেন, আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানানো আজ দেশের সব মানুষের দায়িত্ব ও কর্তব্যই শুধু নয়, আবু সাঈদ শিখিয়েছেন, কীভাবে স্বৈরাচারের বিরুদ্ধে বুক উঁচিয়ে দাঁড়াতে হয়। কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলির মুখে দাঁড়িয়ে প্রতিরোধ গড়তে হয়, সেই শিক্ষাও আবু সাঈদ শিখিয়ে গেছেন।
এজেডএম জাহিদ হোসেন বলেন, কেবল আবু সাঈদকে মৃত্যু দিবসে স্মরণ এবং তার কবর জিয়ারতের মধ্যে থাকলেই চলবে না, তার আত্মত্যাগের শিক্ষাটাকে বাস্তবে রূপান্তর করার জন্য আমাদের সবাইকে উজ্জীবিত হতে হবে। তাহলেই আমার মনে হয়, আবু সাঈদের আত্মা শান্তি পাবে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সড়ক পথে রংপুরের উদ্দেশে রওনা দেন। পথে পথে তাকে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনতা শুভেচ্ছায় সিক্ত করেন।
সন্ধ্যা ৭টায় তিনি রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন
Array