খুঁজুন
সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫ শ্রাবণ, ১৪৩৩

আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশের মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এই মামলার ৩০ আসামির মধ্যে ৩ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনেই গ্রেপ্তার আছেন।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ এ মামলার আসামি মোট ৩০ জন। এর মধ্যে ৬ জন গ্রেপ্তার আছেন। তারা হলেন : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মো.আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। তাদের আজ ট্রাইব্যুনালে আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য মো.হাসিবুর রশীদসহ এ মামলার ২৪ আসামি পলাতক। পলাতক আসামির মধ্যে রয়েছেন : রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মো.মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল, সাবেক সহকারী রেজিস্ট্রার মো.হাফিজুর রহমান, সাবেক সেকশন অফিসার মো.মনিরুজ্জামান পলাশ, বিশ্ববিদ্যালয়টির সাবেক এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মন্ডল, সাবেক এমএলএসএস এ কে এম আমির হোসেন, সাবেক নিরাপত্তা প্রহরী নুর আলম মিয়া এবং সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো.মাহাবুবার রহমান।

রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) সাবেক কমিশনার মো.মনিরুজ্জামান, আরপিএমপির সাবেক উপকমিশনার মো.আবু মারুফ হোসেন, সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. শাহ নূর আলম পাটোয়ারী, সাবেক সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম ও সাবেক এসআই (নিরস্ত্র) বিভূতিভূষণ রায়ও পলাতক।

আবু সাঈদ হত্যা মামলার আসামি চিকিৎসক মো. সরোয়ার হোসেনও (চন্দন) পলাতক। এ ছাড়া রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, বিশ্ববিদ্যালয়টির সাধারণ সম্পাদক মো. মাহাফুজুর রহমান, সহসভাপতি মো. ফজলে রাব্বি, সহসভাপতি মো. আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক সেজান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার, দপ্তর সম্পাদক বাবুল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো.মাসুদুল হাসান এ মামলার পলাতক আসামি।

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাকে হত্যার ভিডিও সারা দেশে তোলপাড় সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, আবু সাঈদ দুই হাত প্রসারিত করে সড়কের ওপর দাঁড়িয়ে আছেন আর পুলিশ তার বুকে একের পর এক গুলি করছে। এ হত্যাকাণ্ড আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় এবং সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় গত বছরের ২৪ জুন ৩০ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরে ৬ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। ২৭ আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন আবু সাঈদের বাবা মকবুল হোসেন এ মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। চলতি বছরের ১৪ জানুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। যুক্তিতর্ক শেষ হয় গত ২৭ জানুয়ারি।

আরো একটি প্রত্যাবর্তনের গল্প, ইংল্যান্ডকে হারিয়ে মেসিরা ফাইনালে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:১১ পূর্বাহ্ণ
আরো একটি প্রত্যাবর্তনের গল্প, ইংল্যান্ডকে হারিয়ে মেসিরা ফাইনালে

আরেকটি অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গোলশূণ্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে গর্ডনের গোলে লিড নিয়েছিল ইংল্যান্ড। এরপর থেকেই আর্জেন্টিনার মরিয়া চেষ্টা ম্যাচে ফেরার।

এই ম্যাচে প্রতিপক্ষের গোলের দরজা খোলা কঠিণ ছিল লিওনেল মেসির জন্য। সে চেষ্টা না করে বাঁ পায়ের জাদুকর মনযোগ দেন সতীর্থদের দিয়ে গোল করানোয়।

শেষ পর্যন্ত ৮৫ মিনিটে মেসির অ্যাসিস্টে অসাধারণ গোলে ম্যাচে সমতা ফেরান এনসো ফের্নান্দেস। আর ৯ মিনিট যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বদলী নামা লাউতারো মার্তিনেস খুঁজে নেন জাল। এবারও ডান দিক থেকে মেসির ক্রসে নিখুঁত হেডে জয়সূচক গোল করেন লাউতারো।

তাতেই হৃদয় ভেঙে যায় ইংলিশদের। দীর্ঘ ৬০ বছর পর শিরোপা জয়ের আশা শেষ হয়ে যায় হ্যারি কেইনদের।

অন্যদিকে চল্লিশের মেসির চোখে এখন টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন। রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সিতে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্সকে হারানো স্পেন।

আর্জেন্টিনার শুরুর একাদশে মাঠে নামবে যারা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
আর্জেন্টিনার শুরুর একাদশে মাঠে নামবে যারা

বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মাঠে নামছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই ম্যাচের শুরুর একাদশে একটি পরিবর্তন এনেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। মিডফিল্ডে রদ্রিগো দে পলের জায়গায় সুযোগ পেয়েছেন জুলিয়ানো সিমিওনে। এছাড়া বাকি ১০জন সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা একাদশের শুরুতে ছিলেন।

গোলকিপিংয়ে যথারীতি আছেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণে ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ। লেফট-ব্যাকে থাকছেন নিকোলাস তাগলিয়াফিকো। আর রাইট-ব্যাকে নাহুয়েল মলিনা। মিডমফিল্ডে আগের ম্যাচেগোল পাওয়া আলেক্সিস মাক অ্যালিস্টারের ওপর ভরসা রাখছেন স্কালোনি। তার সঙ্গে আছেন এনজো ফার্নান্দেজ, পারেদেস।

আর্জেন্টিনার আক্রমণভাগের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। অধিনায়কের সঙ্গে আছেন হুলিয়ান আলভারেজ। ৪-৪-২ ফর্মেশনে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার চূড়ান্ত একাদশ

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ

রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো

মিডফিল্ড: জিলিয়ানো সিমিওনে, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস মাক অ্যালিস্টার

ফরোয়ার্ড: লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ

ফ্রান্সের দম্ভ চূর্ণ করে ফাইনালে স্পেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:৩৯ পূর্বাহ্ণ
ফ্রান্সের দম্ভ চূর্ণ করে ফাইনালে স্পেন

এই দিনটির অপেক্ষা ঠিক ১৬ বছরের। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের শিরোপা মঞ্চে পা রেখেছিল স্পেনের সোনালী প্রজন্ম। সেবার নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হয় লা রোসারা। এরপর থেকেই শুরু অপেক্ষার। একে একে তিনটি বিশ্বকাপে ফুটবল দুনিয়া দেখেছে স্পেনের ফুটবলের পতন।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব পাড় করা গেলেও বেশিদূর এগুতে পারেনি, শেষ-১৬ থেকেই ফিরতে হয়েছে। এবার লুইস দে লা ফুয়েন্তের অধীনে বদলে যাওয়া এক স্পেনকে দেখলো বিশ্ববাসী।

ফরাসি দম্ভ চূর্ণ করে তারা পা রেখেছে বিশ্বকাপের ফাইনালে। কিলিয়ান এমবাপ্পের দলকে ২-০ ব্যবধানে হারিয়ে এবার বিশ্বজয়ের অপেক্ষায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

টানা তিন ম্যাচে ফ্রান্সকে হারাল স্পেন। ২২ মিনিটে মিকেল ওয়ারসাবালের পেনাল্টি গোলে লিড নিয়েছিল স্পেন। সেই লিড ধরে রেখে বিরতিতে যায় তারা। ফ্রান্সের আগ্রাসি আক্রমণভাগকে মাঝমাঠ থেকেই অকার্যকর করার কৌশলে নেমেছিল স্পেন। রোদ্রির নেতৃত্ব স্প্যানিয়ার্ড মিডফিল্ড খেলেছে ছকে বাঁধা ফুটবল। সহযাত টিকিটাকা নয়, বল পজেশন ধরে রেখে তারা আক্রমণে গেছে। তাতেই দিশেহারা ফ্রান্স। চার ফরোয়ার্ড নিয়ে নেমেও তারা সুবিধা করতে পারেনি।

বিরতি থেকে ফিরে কেবল ঘর সামলানোয় মনযোগ দেয়নি স্পেন। বরং মাঝমাঠের আধিপত্য ধরে রেখে তারা চেয়েছে ব্যবধান বাড়াতে। ৫৮ মিনিটে ব্যবধান ঠিকই বাড়িয়ে নেয় দলটি। দানি ওলমোর সাজানো বলকে গোলের ঠিকানায় পাঠান পেদ্রো পারো। বাকিটা সময় একই তালে এবং একই কৌশলে খেলে ফরাসিদের সব পরিকল্পনা ভেস্তে দিয়ে জয় তুলে নেয় স্পেন।

রেকর্ড ২৬তম বিশ্বকাপ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে দাঁড়ানো দিদিয়ের দেশম আরেকবার কৌশলের লড়াইয়ে হার মানলেন চৌকস লুইস দে লা ফুয়েন্তের কাছে। এর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও নেশন্স লিগে হার মানা দেশম বিশ্বকাপের মঞ্চে ভাগ্য বদলাতে পারেননি। তাই ২০১৮ ও ২০২২ ফাইনাল খেলা ফরাসিদের এবার বাড়ি ফিরতে হচ্ছে আগেভাগেই।

সোমবার নিউ জার্সি স্টেডিয়ামে হবে ফাইনাল। স্পেন এখন অপেক্ষায় থাকবে শিরোপা মঞ্চে তাদের প্রতিপক্ষের। বুধবার আটলান্টায় অপর সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।