ঢাকা-১১, মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করাই আমার মূল উদ্দেশ্য: কাইয়ুম
ঢাকা-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম বলেছেন, ‘আমি ঢাকা-১১ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে চাই। এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।’
বুধবার রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
গণসংযোগকালে ড. এম এ কাইয়ুম সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় এলাকাবাসী তাদের দীর্ঘদিনের সমস্যা, প্রত্যাশা ও বঞ্চনার কথা তার কাছে তুলে ধরেন। গণসংযোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা-১১ আসনের মানুষ নিরাপত্তাহীনতা, অপরিকল্পিত নগরায়ন ও অব্যবস্থাপনার শিকার।
তিনি বলেন, এই এলাকার মানুষ শান্তিতে থাকতে চায়, নিরাপদ পরিবেশে সন্তানদের বড় করতে চায়। আমি সেই নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে দিতে চাই। নির্বাচিত হলে ঢাকা-১১ আসনকে একটি আদর্শ মডেল সংসদীয় আসন হিসেবে গড়ে তোলা হবে।
তিনি আরো বলেন, ঢাকা-১১ হবে এমন একটি আসন, যেখানে কোনো ধর্মীয় বা বর্ণভিত্তিক বৈষম্য থাকবে না। এখানে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। রাষ্ট্রের নাগরিক হিসেবে সবাই সমান- এই নীতিই হবে আমার রাজনীতির ভিত্তি।
ড. কাইয়ুম বলেন, বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতির মাধ্যমেই একটি টেকসই ও মানবিক সমাজ গড়া সম্ভব। ধর্ম, বর্ণ কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ বঞ্চিত হবে না।
তিনি আরো বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। আমি জনগণের ভোট ও ভালোবাসা নিয়ে সংসদে যেতে চাই। ক্ষমতার জন্য নয়, দায়িত্ব পালনের জন্যই আমার এই নির্বাচন।
গণসংযোগকালে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন
Array