খুঁজুন
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ, ১৪৩৩

‘দোয়া করমু, ভোটও দিমু’- টুকুকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ভোটাররা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
‘দোয়া করমু, ভোটও দিমু’- টুকুকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ভোটাররা

‘আপনার খবর দেখি আমি, এখন তো মোবাইল হাতের কাছেই। শুধু ভোট না, দোয়া সবই করমু’ এভাবেই টাঙ্গাইল- ৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুকে কাছে পেয়ে এক কৃষক আবেগঘন কণ্ঠে তাঁর বিশ্বাস ও সমর্থন প্রকাশ করছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার (২৫ জানুয়ারি) দিনভর হুগরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগের মধ্য দিয়ে ভোটারদের প্রত্যাশা শোনেন সুলতান সালাউদ্দিন টুকু। পথিমধ্যে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, দোয়া গ্রহণ ও সরাসরি আলোচনায় নির্বাচনী প্রচারণা প্রাণবন্ত হয়ে উঠে।

এদিন গাড়িবহর নিয়ে হুগড়া যাওয়ার পথে দাইন্না এলাকায় ধানক্ষেতে নামেন সুলতান সালাউদ্দিন টুকু। সেখানে তাঁকে দেখে এক স্থানীয় কৃষক আবেগঘন কণ্ঠে বলেন, আপনার খবর দেখি আমি, এখন তো মোবাইল হাতের কাছেই। শুধু ভোট না, দোয়া সবই করমু।

টুকু যখন নিজের একটি হ্যান্ড লিফলেট এগিয়ে দেন, তখন ওই কৃষক বলেন, ‘লাগবো না, আমরা এমনিতেই আছি।’ পাশে থাকা আরেক নারী যোগ করেন, ‘ভোট দিমু ইনশাল্লাহ।’

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হুগরা ইউনিয়নের বেগুনটাল, বউবাজার, কাশিনগর, ভাসানী বাজার, সাতানী হোগরা বাজার ও ফকির বাজারসহ একাধিক এলাকায় অনুষ্ঠিত একাধিক উঠান বৈঠক ও পথসভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নারী-পুরুষসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পথে পথে মানুষের সঙ্গে কুশল বিনিময়, কারও সঙ্গে কোলাকুলি, আবার কারও মাথায় হাত রেখে দোয়া কামনার দৃশ্য দেখা যায়। তিনি মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন। এসময় টুকুকে কাছে পেয়ে ভোটারটা আস্থা ও উচ্ছ্বাস প্রকাশ করেন। কেউ বুকে জড়িয়ে ধরছেন।

গণসংযোগের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানেও মানুষের সঙ্গে সংযোগে দেখা যায় সুলতান সালাউদ্দিন টুকুকে। দুপুরে হুগরা ইউনিয়নের ধুলবাড়ী রাশেদ হাসান উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গেলে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হলে শিক্ষার্থীরা তাকে কাছে পেয়ে আনন্দ প্রকাশ করে।

এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষা সংক্রান্ত প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। বিদ্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত মতবিনিময়ে শিক্ষাবান্ধব পরিবেশ, নিরাপদ শিক্ষাঙ্গন ও শিক্ষার মানোন্নয়নের বিষয়টি গুরুত্ব পায়।

দিনভর গণসংযোগ শেষে রাতে হুগরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ক্ষমতায় গেলে তিনি এমনভাবে কাজ করবেন যাতে চরাঞ্চলসহ টাঙ্গাইল সদরের একজন যুবকও কর্মহীন না থাকে।

তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কে চালাবে।’ ভোটারদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, যারা কোরআন সামনে রেখে ভোট চাইছে, তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এ সময় মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর উদ্ধৃতি দিয়ে টুকু বলেন, ভাসানী বলতেন, নীল নদের পানি যেমন নীল নয়, জামায়াতে ইসলামিও তেমন ইসলাম নয়। আর আমরা বিএনপি বুকে হাত দিয়ে বলতে পারি- বিএনপিই একমাত্র দল, যারা সত্যিকার অর্থে ইসলামের পক্ষে কাজ করেছে।

সভা ও গণসংযোগের বিভিন্ন পর্বে সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের, একদিন থাকবে ছুটি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের, একদিন থাকবে ছুটি

৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস এবং ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

তিনি বলেন, ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালন করা হবে। তবে এদিন সরকারি ছুটি থাকবে না। এছাড়া ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ছুটি হিসেবে দিনটি পালিত হবে।

মন্ত্রিপরিষদ বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে সচিব বলেন, নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা, ২০২৫ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ২০৩০ সালের মধ্যে সোলার পাওয়ার দিয়ে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। এর জন্য একটি কমিটি করা হয়েছে।

এ সময় সরকার মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে সৃষ্ট পরিস্থিতিতে বর্তমান জ্বালানি সংকট মোকাবিলার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সিলেটে একসঙ্গে বিয়ের পিঁড়িতে ১২৬ তরুণ-তরুণী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
সিলেটে একসঙ্গে বিয়ের পিঁড়িতে ১২৬ তরুণ-তরুণী

সম্পূর্ণ বিনা খরচে বিয়ের পিঁড়িতে বসলেন হতদরিদ্র, এতিম ও অসহায় ১২৬ তরুণ-তরুণী। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সিলেটের একটি কনভেনশন হলে এসব বিবাহ সম্পন্ন হয়।

প্রাপ্তবয়স্ক হলেও অর্থাভাবে এই ১২৬ জন তরুণ-তরুণীর বিয়ের পিঁড়িতে বসা হচ্ছিল না। তাদের সংসার সাজাতে মহাধুমধামে গণবিবাহের আয়োজন করে স্থানীয় মানবিক সংগঠন সিডস অব ব্লেসিংস।

সম্ভ্রান্ত পরিবারের স্বপ্নময় বিয়ের মতো বর্ণিল, উৎসবমুখর আর ঝমকালো আয়োজনে এসব বিয়ে হয়। খাবার-দাবারসহ কোনো কিছুর কমতি ছিল না এই গণবিয়েতে। যুক্তরাজ্য প্রবাসী তরুণদের মানবিক সংগঠন সিডস অব সাদাকাহ’র অর্থায়নে এই গণবিবাহ সম্পন্ন হয়।

উপহার হিসেবে নবদম্পতিগুলোর নতুন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে প্রায় দুই লক্ষ টাকা সমমূল্যের ৭৭ প্রকারের গৃহস্থালি সামগ্রী দেওয়া হয়।

সিডস অব সাদাকাহ সংগঠনের প্রধান মো. জয়নুল আবেদিন বলেন, আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের জন্য আনন্দ এবং স্বনির্ভরতার পথ তৈরি করা। আজকের এই আয়োজন তারই এক উজ্জ্বল উদাহরণ।

সিডস অব সাদাকাহ’র আয়োজক ওরকাতুল জান্নাত বলেন, নতুন জীবনের শুরুতে এই সঙ্গ ও সহায়তা তাদের মনে নতুন আশা ও উদ্দীপনা জাগাবে।

সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন আয়োজকরা।

উজিরপুর ছাত্রদলে বহিষ্কার নিয়ে বিতর্ক, ৯ দিনেই পদে ফেরত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
উজিরপুর ছাত্রদলে বহিষ্কার নিয়ে বিতর্ক, ৯ দিনেই পদে ফেরত

বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে ‘বহিষ্কার বাণিজ্য’র অভিযোগ উঠেছে। টাকার বিনিময়ে বহিষ্কার এবং পরে আবার অর্থের বিনিময়ে স্বপদে ফেরানোর মতো গুরুতর অনিয়মের অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা।

সম্প্রতি সাতলা ইউনিয়নে মাছের ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতলা ইউনিয়নে ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়। ৬ এপ্রিল রাতে ভারপ্রাপ্ত আহ্বায়ক তারেক সুজন ও সদস্যসচিব মুরাদ হাওলাদার রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃত রাফিন খন্দকার রাহাত সাতলা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। তবে অভিযোগের বিস্তারিত উল্লেখ করা হয়নি।

এরপর ১৫ এপ্রিল তাকে আবার একই পদে ফিরিয়ে দেওয়া হয়, যা নিয়ে সংগঠনের ভেতরে সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় নেতাকর্মীরা এ ঘটনাকে ‘বহিষ্কার বাণিজ্য’ বলে আখ্যা দিয়েছেন।

এ বিষয়ে সদস্য সচিব মুরাদ হাওলাদার রনি বলেন, “দলীয় নেতাকর্মীদের অনুরোধে তাকে পুনর্বহাল করা হয়েছে।” তিনি দাবি করেন, বিষয়টি রাজনৈতিক নয় বরং পারিবারিক।

তবে বরিশাল জেলা ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত এক নেতা বলেন, “আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই উপজেলা ছাত্রদলের দুই নেতা এ সিদ্ধান্ত নিয়েছেন।”

ভারপ্রাপ্ত আহ্বায়ক তারেক সুজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।