নির্বাচনী প্রচারে চট্টগ্রামে তারেক রহমান
সিলেটের পর নির্বাচনী প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামে গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামে এসে পৌঁছান তিনি।
এখানে রাত্রিযাপন করে আগামীকাল রোববার সকালে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।
এর আগে শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের চট্টগ্রাম সফর প্রসঙ্গে বিস্তারিত জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন জানান, চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠের সমাবেশ শেষ করে যাত্রাপথে ফেনীতে পাইলট স্কুল খেলার মাঠে, কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান।
এরপর যাত্রাপথে তারেক রহমান নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে সমাবেশের মধ্য দিয়ে এই সফর শেষ করে গুলশানের বাসায় ফিরবেন। সিলেট সফরের মতো এই সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের ত্যাগী নেতৃবৃন্দের একাংশ তার সফরসঙ্গী হবেন বলে জানান মাহদী আমিন।
এদিকে চট্টগ্রামের সমাবেশে যোগ দেওয়ার আগে তরুণদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান মতবিনিময় করবেন বলেও জানান মাহদী আমিন। সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় একটি হোটেলের হল রুমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীদের নিয়ে ইয়ুথ পলিসি টকে অংশ নেবেন। সেখানে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে মতবিনিময় করবেন, তরুণ তরুণীদের পরামর্শ শুনবেন।


আপনার মতামত লিখুন
Array