খুঁজুন
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক, ১৪৩৩

উত্তরবঙ্গকে বাণিজ্যিক রাজধানী করা হবে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১:৫২ পূর্বাহ্ণ
উত্তরবঙ্গকে বাণিজ্যিক রাজধানী করা হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গকে ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে। দশ দলীয় জোট ক্ষমতায় এলে উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে এবং এই অঞ্চলই হবে দেশের বাণিজ্যিক রাজধানী।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা একা বাংলাদেশ গড়তে পারব না। তাই এবার শুধু জামায়াতে ইসলামী নয়, বাংলাদেশের মুক্তিকামী ১০ দলের জোটকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ করেই নতুন বাংলাদেশ গড়তে হবে।

বেকার ভাতা প্রসঙ্গে তিনি বলেন, অনেকে ক্ষমতায় গেলে বেকার ভাতা দেওয়ার কথা বলছেন। আমরা কারও হাতে অসম্মানের চাবি তুলে দিতে চাই না; আমরা সম্মানের কাজ তুলে দিতে চাই।

৫৪ বছরের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে জামায়াত আমির বলেন, বস্তাপচা রাজনীতি, দুর্নীতি ও দুঃশাসনে দেশকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এই ব্যবস্থা বদলাতে হবে, বৈষম্যের অবসান ঘটাতে হবে।

উত্তরবঙ্গ প্রসঙ্গে তিনি আরও বলেন, আগামী দিনে উত্তরবঙ্গ থেকে আর কোনো বেকারের মুখ দেখতে চাই না। প্রত্যেক যুবক-যুবতীকে মর্যাদার কাজের মাধ্যমে দেশ গড়ার কারিগর বানানো হবে। বন্ধ থাকা চিনিকলগুলো চালু করে শ্রমিকদের কর্মসংস্থানে ফিরিয়ে আনা হবে।

জামায়াত আমির বলেন, আমাদের কোনো কার্ড নেই— আপনারাই আমাদের কার্ড। আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়ায় দয়ার পাত্রমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই। তিনি দাবি করেন, বিপদের সময় দেশবাসীকে ফেলে আমরা কোথাও যাইনি, ভবিষ্যতেও যাব না।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গের মানুষকে ঢাকামুখী হতে হয়, যা সবার পক্ষে সম্ভব নয়। জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে দেশের কোনো জেলাই মেডিকেল কলেজবিহীন থাকবে না। ঠাকুরগাঁওয়েও একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে।

অর্থনৈতিক দুর্নীতির বিষয়ে তিনি আরও বলেন, দেশ থেকে চুরি করে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার করা হবে এবং ভবিষ্যতে কাউকে আর লুটপাট করতে দেওয়া হবে না।

ভোটাধিকার নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ভোট দিতে না পারা মানুষের অধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজি ও স্বৈরতন্ত্রের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

জনসভায় কেন্দ্রীয় নেতারাসহ ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনের জামায়াতে ইসলামী প্রার্থী এবং ১০ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা-আগুন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন নুসরাত।

স্ট্যাটাসে নুসরাত জানান, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।

স্ট্যাটাসের শেষে তিনি ইনকিলাব জিন্দাবাদ বলেন।

 

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

 

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৈঠকে তারা জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও ‘জিরো ওয়েস্ট’ (বর্জ্য শূন্য) লক্ষ্য অর্জনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সাইড লাইনে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক পোস্টে এমিনে এরদোয়ান জানান, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং জিরো ওয়েস্ট লক্ষ্য এগিয়ে নিতে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, তুরস্কে এবং জাতিসংঘের বিভিন্ন উদ্যোগে জিরো ওয়েস্ট কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন এমিনে এরদোয়ান।

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেল তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠক হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।