খুঁজুন
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র, ১৪৩২

আজ থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ণ
আজ থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ

সারাদেশে আজ (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখবে তারা।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন‍্য এমন এক নোটিশ জারি করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এর আগে, সকালে কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় সংগঠনটি।

নোটিশে বলা হয়, আগামী ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সকল এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া সকল কোম্পানি প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম স্থগিত থাকবে।

এর আগে একইদিন (বুধবার) জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুমকি দেয় তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। প্রশাসন দিয়ে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে।

২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেয় সংগঠনটি। এরপর সন্ধ্যায় একই ঘোষণা দেওয়া হয় নোটিশের মাধ্যমেও।

এবার বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেঘনা আলম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
এবার বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেঘনা আলম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ঢাকা-৮ আসনের আলোচিত নারী প্রার্থী মেঘনা আলম। এরই মধ্যে তিনি আগের দল গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানা গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্যানুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের তৃতীয় দিনে বিএনপির পক্ষ থেকে মোট ৭৪ জন নারী প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। তাদের নাম দলীয়ভাবে বিএনপির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে আজ মনোনয়নপত্র সংগ্রহ করেন মেঘনা আলম। ইসি থেকে প্রাপ্ত মনোনয়নপত্র গ্রহণকারীদের তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে।

গণঅধিকার পরিষদ থেকে মেঘনা আলমের পদত্যাগ নিশ্চিত করে দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক সদস্য ফরম পূরণ করে তিনি আমাদের দল থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এখন তিনি প্রাথমিক সদস্য থেকে পদত্যাগ করে চিঠি পাঠিয়েছেন। যা আমরা পেয়েছি।’

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী শফিক আহমেদ আর নেই। রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এবি এম আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

 

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই

ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। তার বয়স হয়েছিল ৯২ বছর। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত কয়েক মাস ধরেই হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যাসহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই শিল্পী। অবস্থার অবনতি হলে শনিবার (১১ এপ্রিল) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার দুপুরে তার ছেলে আনন্দ ভোঁসলে এই বরেণ্য শিল্পীর মৃত্যুর খবর জানান।

আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) তার শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৩৩ সালে সংগীত অনুরাগী মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় গায়িকা আশা ভোঁসলে। মাত্র ৯ বছর বয়সেই পেশাদার গান গাওয়া শুরু করেন তিনি। তার বড় বোন লতা মঙ্গেশকর।

১৯৪৩ সালে চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করেন আশা ভোঁসলে। ১৯৫০-এর দশকেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন তিনি।

ক্যারিয়ারে সাতবার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার এবং দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আশা ভোঁসলে।