খুঁজুন
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ২৭ ভাদ্র, ১৪৩৩

বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ২:১১ অপরাহ্ণ
বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী

গেল ১১ অক্টোবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজির জন্য ১০টি অঞ্চলের নাম প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কুমিল্লার সঙ্গে প্রথমবার ছিল নোয়াখালী ও ময়মনসিংহ। ওই সময় নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে চেয়েছিল বাংলা মার্ক লিমিটেড।

যদিও প্রাথমিক যাচাই–বাছাই ও মূল্যায়ন শেষে বিপিএলে দল পাওয়ার দৌড় থেকে বাদ পড়ে প্রতিষ্ঠানটি। যদিও মাসখানেকের ব্যবধানে বিপিএলে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছে নোয়াখালী। তাদের মালিকানা নিয়েছে দেশ ট্রাভেলস। দুই দফা যাচাই-বাছাই, কাগজপত্রের খুঁটিনাটি বিশ্লেষণ, আর্থিক স্বচ্ছতা পরিমাপ শেষে গত ৫ নভেম্বর আগামী পাঁচ বিপিএলের জন্য পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে বিপিএল গভর্নিং কাউন্সিল।

এবার ছয়টি দলকে চূড়ান্ত করেছে বিসিবি। জানা গেছে এবারের নিলামে অংশ নিচ্ছে তারা। পুরনো দলগুলোর মধ্যে আগেই যুক্ত হয়েছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয় সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।

শর্তানুযায়ী, পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হতো ফ্র্যাঞ্চাইজিদের। সেই শর্ত পূরণে ব্যর্থ হয়েছে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি। এমন অবস্থায় ১৮ নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়। সেই সময়ের মধ্যেও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টাকা জমা দিতে পারেনি।

একেবারে শুরুতে বিপিএলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেছিল দেশ ট্রাভেলস। প্রাথমিক যাচাই-বাছাই পেরিয়ে গেলেও শর্তপূরণ করতে না পারায় চূড়ান্ত বাছাইয়ে বাদ পড়ে তারা। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় প্রথমবারের মতো বিপিএলে যুক্ত হচ্ছে নোয়াখালী।

গুঞ্জন আছে, বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস হিসেবে অংশগ্রহণ করতে পারে তারা। আগামী ৩০ নভেম্বর রাজধানীর পাঁচতারকা হোটেলে বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগে প্রতিটি দল দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

প্রথমবার মিউজিক ভিডিওতে সেই এডলফ খান, প্রকাশ্যে এলো ভিডিও

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
প্রথমবার মিউজিক ভিডিওতে সেই এডলফ খান, প্রকাশ্যে এলো ভিডিও

দেশের কোরিওগ্রাফি অঙ্গনে পরিচিত নাম এডলফ খান। দীর্ঘদিন কোরিওগ্রাফার হিসেবে কাজ করার পর এবার ক্যামেরার সামনে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন তিনি। প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন এই কোরিওগ্রাফার। মিউজিক ভিডিওটির গানের শিরোনাম ‘আমি তো সবই জানি’।

প্রায় দুই মাস পর ক্যামেরার সামনে এসে নিজের নতুন কাজের ট্রেলার প্রকাশ করেন এডলফ খান। ট্রেলার প্রকাশের পরদিনই ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয় পুরো গানটি। প্রথম মিউজিক ভিডিও হওয়ায় কাজটি নিয়ে এডলফ খানের ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।

‘আমি তো সবই জানি’ মিউজিক ভিডিওতে এডলফ খানের সঙ্গে রয়েছেন এই গানের গায়ক ও নির্মাতা প্রিন্স খান ও শায়ন্তা। গানটির পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে আলোচনা শুরু হয়। মিউজিক ভিডিওটি সুর চান্দা পেজেন্টস-এর ব্যানারে নির্মিত হয়েছে।

তবে মিউজিক ভিডিওর পাশাপাশি এডলফ খানের অভিনয় ক্যারিয়ারে যুক্ত হয়েছে আরও বড় খবর। ইতোমধ্যে তিনি নাম লিখিয়েছেন ‘গুলশানের চামেলী’ সিনেমায়।

সিনেমাটিতে এডলফ খানকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। গত ১ আগস্ট রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত সিনেমাটির মহরতে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়। নির্মাতা মো. ইকবালের এই সিনেমায় এডলফ খানকে একজন দালালের চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে।

ইআ

সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত, ৬ বিল পাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত, ৬ বিল পাস

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এই অধিবেশনে ৯টি বৈঠকে ছয়টি বিল পাস হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণা পাঠের মাধ্যমে তৃতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।

গত ২৭ আগস্ট তৃতীয় অধিবেশন শুরু হয়। ২৭ আগস্ট থেকে ৯ কার্যদিবস অধিবেশন চলার পর আজ ১০ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হলো। এই অধিবেশনে মোট ৬টি বিল উপস্থাপিত হয় এবং ৬টি বিল পাস হয়েছে।

আইন প্রণয়ন-সংক্রান্ত কার্যক্রমের পাশাপাশি এ অধিবেশনে ৩টি বিশেষ কমিটিসহ ৪৮টির অধিক সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় সদস্যগণ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নোটিশ প্রদান করেছেন। ৬৮ বিধিতে ৭টি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে ২টি নোটিশ গৃহীত ও আলোচিত হয়েছে। ৭১ বিধিতে ১৫টি নোটিশ গৃহীত হয় এবং এর মধ্যে ১৪টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

৭১ক বিধিতে দুই মিনিটের বক্তব্য প্রদানের জন্য ১২৪টি নোটিশ পাওয়া যায়। এছাড়া, ১৪৭ বিধিতে ২টি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে ১টি নোটিশের ওপর আলোচনা হয়েছে এবং ৩০২ বিধিতে ১টি নোটিশ উত্থাপিত হয়েছে।

অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সংসদ সদস্যগণ সর্বমোট ১৪৪টি প্রশ্নের নোটিশ দেন। এর মধ্যে প্রধানমন্ত্রী ১৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট ২ হাজার ৬৭৬টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়। এর মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রিগণ এ অধিবেশনে মোট ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দেন।

জাদু দেখাতে জাপান যাচ্ছেন আলীরাজ, থাকছে মাসব্যাপী একক প্রদর্শনী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
জাদু দেখাতে জাপান যাচ্ছেন আলীরাজ, থাকছে মাসব্যাপী একক প্রদর্শনী

বিশ্বমঞ্চে বাংলাদেশের জাদুশিল্পকে নতুন উচ্চতায় তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন জাদুকর আলীরাজ। দেশের গণ্ডি পেরিয়ে ইতোমধ্যে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে জাদু প্রদর্শন করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

এবার আন্তর্জাতিক একটি সংস্থার আমন্ত্রণে মাসব্যাপী একক জাদু প্রদর্শনীতে অংশ নিতে জাপানে যাচ্ছেন আলীরাজ। সূর্যোদয়ের দেশটির বিভিন্ন মঞ্চে নিজের উদ্ভাবনী জাদু পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করবেন এই বাংলাদেশি জাদুশিল্পী।

দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন উৎসব ও আয়োজনে নিয়মিত পারফর্ম করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দীর্ঘদিন ধরে কাজ করছেন আলীরাজ। এরই মধ্যে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার প্রায় ১৯টি দেশে একক জাদু প্রদর্শনী করেছেন তিনি।

আন্তর্জাতিক দর্শকদের সামনে বিদেশের মাটিতে টানা ৪২৫টি বাণিজ্যিক শো সম্পন্ন করার কৃতিত্বও রয়েছে তার ঝুলিতে। ভিন্ন ভাষা ও সংস্কৃতির দর্শকদের সামনে জাদুর মাধ্যমে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতাকে তুলে ধরাই তার অন্যতম লক্ষ্য।

নিজস্ব উদ্ভাবনী কৌশল, আধুনিক পরিবেশনা ও নান্দনিক উপস্থাপনার মাধ্যমে প্রতিবারই দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করেন আলীরাজ। সেই ধারাবাহিকতায় এবার জাপানে মাসব্যাপী একক প্রদর্শনীর জন্য একমাত্র মনোনীত শিল্পী হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি।

জাপানের মঞ্চে এই দীর্ঘমেয়াদি পরিবেশনা শুধু ব্যক্তিগত অর্জনই নয়, বরং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জাদুশিল্পকে তুলে ধরার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আলীরাজ।