দেশের ৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দেলুপি’
খুলনার পর এবার সারাদেশে মুক্তি পেল সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম চলচ্চিত্র ‘দেলুপি’। শুক্রবার (১৪ নভেম্বর) দেশের ৬টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।
সারাদেশে প্রথম সপ্তাহে যে যে হলে ‘দেলুপি’ মুক্তি পাচ্ছে তা হলো- ঢাকায় স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি মল), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), রাজ তিলক সিনেমা হল (রাজশাহী), গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স (রাজশাহী) ও মম ইন মুভি থিয়েটার (বগুড়া)।
‘দেলুপি’ খুলনায় মুক্তি পায় গত ৭ নভেম্বর। পরিচালক তাওকীর ইসলামের কাজে সব সময় থাকে একটা ভিন্ন ফ্লেভার। এর আগে তাওকীর ২০২২ সালে রাজশাহী শহরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেন ‘শাটিকাপ’, যা সমালোচক ও দর্শক- দু’পক্ষের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে আসে ‘সিনপাট’ আরও একবার আলোচনায় আনেন তরুণ এই পরিচালককে।
‘দেলুপি’ সিনেমায় যারা অভিনয় করেছেন তারা সবাই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সিনেমায় অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ আরও অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।
এরইমধ্যে খুলনায় লিবার্টি সিনেমা হল ও জেলা শিল্পকলা একাডেমিতে সিনেমাটি পেয়েছে দর্শকপ্রিয়তা। সেইসঙ্গে হল সংশ্লিষ্টরা বলছে, ঈদ ছাড়া এমনি সময় অনেকদিন পর খুলনার কোনো সিনেমা নিয়ে এতো সাড়া পাচ্ছে তারা।


আপনার মতামত লিখুন
Array