খুঁজুন
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ, ১৪৩৩

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে নোটিশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে নোটিশ
সাংবাদিক হয়রানি এবং জাতীয় সংগীত অবমাননার জন্য ক্ষমা চাইতে চিত্রনায়িকা পরীমণিকে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।
রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের ঠিকানায় এই নোটিশ পাঠানো হয়।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে চিত্রনায়িকা পরীমণিকে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার পাশাপাশি ভবিষ্যতে সব প্রকার অশ্লীল কথা বা সংলাপ, হুমকি দেওয়া, অশ্লীল অভিনয়, অশ্লীল অঙ্গভঙ্গি, অশ্লীল নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য যাহা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজ্যুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিকস বা অন্য কোনো উপায়ে ধারণকৃত ও প্রদর্শনযোগ্য এবং যাহার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই তা করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে বলা হয়েছে।
এ ছাড়া নোটিশে আগামী সাত দিনের মধ্যে শোকজ নোটিশ দিয়ে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদককে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি বিগত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আত্নসমর্পণ করে আদালত থেকে জামিন পান।
সকাল ১১টা ৪০ মিনিটের দিকে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় পরীমণির সঙ্গে সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে চাইলে তার নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়। সেই সময় শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইলফোন কেড়ে নেন।
এমনকি তার ভিডিও ধারণের কাজে ব্যবহৃত ট্রাইপডটি পরীমণির সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা ভেঙে ফেলেন। আদালত প্রাঙ্গণে ওই দিনের ধাক্কাধাক্কির ঘটনায় জাগো নিউজের প্রতিবেদক আশিকুজ্জামান ও মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছার এবং আগামীর সময়ের প্রতিবেদক সিয়াম হোসেন, টাইমস টুডের শাহ রিয়াজ আহত হয়েছেন। সেদিন সুজন চন্দ্র মণি দাস নামে একজন বিচারপ্রার্থীও আহত হয়েছেন। ওই ব্যক্তির মাথা ফেটে রক্ত বের হয়েছে বলেও মিডিয়াতে সংবাদ প্রচারিত হয়েছে। আদালত প্রাঙ্গণে প্রত্যেকের নিরাপত্তা দেওয়া রাষ্ট্র ও প্রশাসনের কাজ। তাই ব্যক্তিগত একাধিক নিরাপত্তাকর্মী দিয়ে আদালতের পরিবেশ নিয়ন্ত্রণ বা পেশিশক্তি প্রদর্শনের কোনো সুযোগ আইনে কারো নেই।
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, পরে পরীমণি আদালত থেকে বের হয়ে আদালত প্রাঙ্গণে সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইন যার ডান হাত পুরোপুরি রিজার্ভ (ডান হাত জন্মগতভাবে বাঁ হাতের তুলনায় ছোট, হাতের তিনটি আঙুল নেই, এই হাত দিয়ে স্বাভাবিক কাজকর্ম তিনি করতে পারেন না) দিকে তেড়ে গিয়ে বলেন এদিকে আয়। আমার হাত এভাবে ধরলি কেন? … উচ্চারণে অনপোযোগী অশ্লীল ভাষায় গালাগালি করার পাশাপাশি তোকে পাড়িয়ে মেরে ফেলবো বলে হত্যার হুমকি প্রকাশ্যে দিয়েছেন, যার ভিডিওচিত্র মিডিয়াতে প্রচারিত হয়েছে। একজন পেশাগত সাংবাদিকের সঙ্গে পরীমণির এমন আচরণ শুধু তার পেশাগত মর্যাদার ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের দায়িত্ব পালনের পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। পরীমণির মতো একজন চলচ্চিত্র অভিনেত্রীর কাছ থেকে এসব বিতর্কিত কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়।
আইনি নোটিশে আরও বলা হয়েছে, পরীমণি তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে গত ৬ নভেম্বর বাংলাদেশের জাতীয় সংগীত মিউজিক হিসাবে ব্যবহার করে… পোলাদের … আমাদের সহিদ ভাই শিখায়ে দিয়ে গেছে তো! তাই না? এই কথা লিখে পোস্ট করেন। এসব বিতর্কিত কর্মকাণ্ড ইতোমধ্যেই নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করা হয়েছে। পোস্ট হওয়া খবরের কমেন্ট বক্স ভরে গেছে নানা রকম নেতিবাচক মন্তব্যে।
অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার আইনি নোটিশে বলেন, আপনি শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি একজন চলচ্চিত্র অভিনেত্রী বিধায় অনেকেই আপনার আচার, আচরণ, অঙ্গভঙ্গি, কথাবার্তা, চাল-চলন, নাচ, পোশাক, চলাফেরা অনুকরণ ও অনুসরণ করে থাকে। ফলে আপনার অশ্লীল বাক্য, অঙ্গভঙ্গি, সাংবাদিককে হত্যার হুমকি আদালত প্রাঙ্গণে দেওয়া, জাতীয় সংগীতের সঙ্গে অশ্লীল পোস্ট দেওয়ার মতো বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণরা এই আচরণ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে। টেলিভিশন, কম্পিউটার ও মোবাইলে এসব আলোচিত ঘটনার ছবি বারবার ভেসে উঠছে। সেগুলো তারা দেখছে। এর ফলে বিব্রতকর পরিস্থিতির তৈরি হচ্ছে।
নোটিশে আরও বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪(১) অনুচ্ছেদ অনুসারে আমার সোনার বাংলা গানের প্রথম ১০ চরণ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত। জাতীয় সংগীত, পতাকা ও প্রতীকের বিষয়ে বিস্তারিত বিধান রয়েছে ‘দ্য বাংলাদেশ ন্যাশনাল অ্যান্থেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার ১৯৭২’-এ। এই আদেশের ৪এ অনুচ্ছেদ অনুযায়ী, আদেশের কোনো বিধান বা এর অধীনে প্রণীত কোনো বিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। ২০১০ সালে এই অর্ডারের সংশোধিত আইনে অপরাধীর শাস্তি আরও দ্বিগুণ করা হয়। ‘দ্য বাংলাদেশ ন্যাশনাল অ্যান্থেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার ১৯৭২’ (সংশোধিত ২০১০ আইন অনুযায়ী) জাতীয় সংগীত, পতাকা বা প্রতীকের কোনো বিধান লঙ্ঘন করলে বা অবমাননা করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এ ছাড়া রুলস এ জাতীয় সংগীত পরিবেশনের নির্দিষ্ট আনুষ্ঠানিক পরিস্থিতিতে কীভাবে সম্মান প্রদর্শন করতে হবে, তা এই বিধিমালায় বলা হয়েছে।
বাংলাদেশে প্রচলিত দণ্ডবিধির ৫০৩ ধারা অনুসারে, কাউকে তার নিজের বা তার স্বার্থসংশ্লিষ্ট অন্য ব্যক্তির জীবন, শরীর, সুনাম বা সম্পত্তির ক্ষতি করার হুমকি দিয়ে আতঙ্কিত করা অথবা কোনো কাজ করতে বাধ্য করা বা আইনগত অধিকার থাকা সত্ত্বেও কোনো কাজ থেকে বিরত রাখার চেষ্টা করলে অপরাধমূলক ভীতি প্রদর্শন হতে পারে। এক্ষেত্রে দণ্ডবিধির ৫০৬ ধারা মতে, সাধারণ অপরাধমূলক ভীতি প্রদর্শনের জন্য সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড এবং হত্যার হুমকি বা গুরুতর জখমের হুমকি দেওয়ার জন্য সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড শাস্তি হতে পারে।
এ ছাড়া দণ্ডবিধির ৫০৪ ধারা অনুযায়ী ইচ্ছাকৃত অপমান, যার ফলে শান্তিভঙ্গ বা অন্য অপরাধ সংঘটনের প্ররোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে ২ বছর কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড এবং দন্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারা অনুসারে মিথ্যা ও সুনামহানিকর অভিযোগ প্রচার করলে শাস্তির বিধান আছে।
লিগ্যাল নোটিশে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার আরও বলেছেন, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি নিয়মিত বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ড করে সামাজিক অস্থিরতা তৈরির পাশাপাশি বাংলাদেশের সমাজ, সংস্কৃতির সুন্দর ঐতিহ্য নষ্টের অপচেষ্টা চালাচ্ছেন। যেহেতু পরীমণি বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের একজন চলচ্চিত্র শিল্পী, সেই হিসাবে সংযত ও দায়িত্বশীল আচরণ তার কাছে সবাই প্রত্যাশা করে।
শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি কর্তৃক আদালত প্রাঙ্গণে সাংবাদিক হেনস্থা ও হত্যার হুমকি দেওয়া এবং ফেসবুকে জাতীয় সংগীতের সঙ্গে অশ্লীল বাক্যের পোস্ট দেওয়ার পরেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে সভাপতি কিংবা সাধারণ সম্পাদক কোনো প্রকার সাংগঠনিক কিংবা আইনগত শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেননি। এর ফলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোহিঙ্গা গণহত্যার রায়: ন্যায়বিচার ও প্রত্যাবাসনের প্রত্যাশা

মোহাম্মদ নাহিয়ান
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
রোহিঙ্গা গণহত্যার রায়: ন্যায়বিচার ও প্রত্যাবাসনের প্রত্যাশা

রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার ঘটনায় মিয়ানমারের দায় নির্ধারণ করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় দীর্ঘদিনের বিচারপ্রক্রিয়ায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি। তবে এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের দুর্ভোগের অবসান ঘটবে না। এখন বড় চ্যালেঞ্জ হলো, মিয়ানমার আদালতের নির্দেশনা মেনে চলে কি না এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরার পরিবেশ তৈরি হয় কি না।

সাত বছরের আইনি লড়াইয়ের পর ১৯ নভেম্বর দেওয়া রায়ে ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক অভিযানের ভয়াবহতা উঠে এসেছে। দ্য হেগে অবস্থিত আইসিজের ১৫ বিচারপতির মধ্যে ৯ জন মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠার পক্ষে মত দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ওই অভিযানে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য ছিল। ২০১৭ সালের হত্যাকাণ্ডের পাশাপাশি রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিন ধরে চলা নিপীড়নের ঘটনাও বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া, চলাচল ও বিয়েতে বিধিনিষেধ, সন্তান জন্মদানে বাধা, বিদ্বেষমূলক প্রচার, গ্রাম জ্বালিয়ে দেওয়া, হত্যা, ধর্ষণ ও যৌন সহিংসতার মতো ঘটনা রয়েছে।

রায়ের ১৩টি সিদ্ধান্তের মধ্যে ১১-৪ ভোটে মিয়ানমারকে অপরাধীদের বিচার না করা এবং গণহত্যার প্রমাণ ধ্বংস ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে দায়ী করা হয়েছে। অন্যদিকে, ১৪-১ ভোটে প্রকাশ্য উসকানির অভিযোগ খারিজ হয়েছে। অভিযোগগুলোর ক্ষেত্রে আদালতের সিদ্ধান্তে প্রমাণ ও আইনি ভিত্তির পার্থক্যও স্পষ্ট হয়েছে।

২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে। দেশটির অভিযোগ, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত উত্তর রাখাইন রাজ্যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও তাদের সহযোগীরা রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা ও অন্যান্য অপরাধ চালিয়েছে। গাম্বিয়ার দাবি, এসব কর্মকাণ্ড ১৯৪৮ সালের গণহত্যা সনদের লঙ্ঘন। পরবর্তী সময়ে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যসহ আরও ১১টি দেশ মামলায় গাম্বিয়ার পক্ষে হস্তক্ষেপ করে। এসব দেশের অংশগ্রহণ রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার নিয়ে আন্তর্জাতিক উদ্বেগেরও প্রতিফলন ঘটায়।

তবে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় প্রতিষ্ঠিত হওয়া মানেই দেশটির সামরিক কর্মকর্তা বা অভিযুক্ত ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে কারাগারে যেতে হবে, এমন নয়। আইসিজের এখতিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তির মধ্যে সীমাবদ্ধ। ব্যক্তির ফৌজদারি অপরাধের বিচার করার ক্ষমতা এই আদালতের নেই। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মতো প্রতিষ্ঠানের আওতাভুক্ত। ফলে রাষ্ট্র হিসেবে মিয়ানমারের দায় এবং ব্যক্তিগতভাবে অপরাধীদের শাস্তি দেওয়ার প্রক্রিয়া আলাদা।

রায় ঘোষণার পর মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ বা দেশটির সামরিক নেতৃত্বে পরিবর্তন আসবে, এমন নিশ্চয়তাও নেই। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, সদস্যরাষ্ট্রগুলো আইসিজের রায় মানতে বাধ্য। কোনো পক্ষ রায় বাস্তবায়ন না করলে অপর পক্ষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে যেতে পারে। কিন্তু নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করলেই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, তা নিশ্চিত নয়। আন্তর্জাতিক রাজনীতি, রাষ্ট্রগুলোর নিজস্ব স্বার্থ এবং সদস্যদের মতপার্থক্য অনেক সময় সিদ্ধান্ত বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়ায়।

বাংলাদেশের জন্য কূটনৈতিক গুরুত্ব

রোহিঙ্গা সংকটের প্রভাব বাংলাদেশকে দীর্ঘদিন ধরে বহন করতে হচ্ছে। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। এর আগেও কক্সবাজারে উল্লেখযোগ্যসংখ্যক রোহিঙ্গা বসবাস করছিলেন। দীর্ঘ সময় ধরে এই জনগোষ্ঠীকে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশকে মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত ও নিরাপত্তাসংক্রান্ত নানা চাপ সামলাতে হচ্ছে।

আইসিজের রায় রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান তুলে ধরার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে। মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের বক্তব্যকে আরও জোরালো করতে পারে। রোহিঙ্গাদের ওপর নির্যাতন এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় আরও গুরুত্ব পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তবে প্রত্যাবাসনের বিষয়টি শুধু বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। সেখানে তাদের নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা, শিক্ষা ও কাজের সুযোগ, আইনি পরিচয় এবং নাগরিকত্বের অধিকার নিশ্চিত করতে হবে। এসব অধিকার ছাড়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো হলে তারা আবারও একই ধরনের নিপীড়ন ও অনিশ্চয়তার মুখে পড়তে পারেন।

অতীতেও কয়েক দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত না হওয়ায় সেসব উদ্যোগ সফল হয়নি। এবারও শুধু প্রত্যাবাসনের সময়সূচি নির্ধারণ বা তালিকা তৈরির মাধ্যমে সমস্যার সমাধান হবে না। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদে বসবাসের পরিবেশ তৈরি করাই সবচেয়ে জরুরি।

এ জন্য জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও সংশ্লিষ্ট দেশগুলোকে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা চালু রাখা, গণহত্যার প্রমাণ সংরক্ষণ এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার উদ্যোগও চালিয়ে যেতে হবে।

রায় বাস্তবায়নের চ্যালেঞ্জ

আইসিজের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের দাবিকে আইনি ভিত্তি দিয়েছে। কিন্তু আদালতের সিদ্ধান্ত বাস্তবে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে মিয়ানমারের পদক্ষেপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার ওপর। আদালতের রায় এলেও রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেনি।

বাংলাদেশের জন্য এখন গুরুত্বপূর্ণ কাজ হলো এই আইনি অগ্রগতিকে কূটনৈতিক আলোচনায় কাজে লাগানো। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে জাতিসংঘসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা জোরদার করতে হবে।

রোহিঙ্গারা নিজেদের দেশে নিরাপদে বসবাসের অধিকার ফিরে পেলেই এই রায়ের পূর্ণ তাৎপর্য প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি, যারা তাদের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। এখন রায়ের বাস্তবায়ন এবং অপরাধীদের বিচারের জন্য মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন।

মোহাম্মদ নাহিয়ান
সাংবাদিক

খুলনায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
খুলনায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

খুলনার তেরখাদায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে বিএনপি নেতা মাফিক সর্দারকে (৪০) গুলি করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২১নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মোকামপুর বাজারসংলগ্ন বন্ধুর মোড়ে এ ঘটনা ঘটে।

তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে হামলাকারীরা। এর মধ্যে তিনটি গুলি তার কোমর, হাত ও পায়ে বিদ্ধ হয়েছে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাফিক সর্দার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে। তিনি মধুপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য।

আহত মাফিকের ভাই জানান, শনিবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার দিকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তাঁর ভাই। এ সময় দুটি মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন অস্ত্রধারী দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। পরে তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে তিনটি গুলি তার শরীরে লাগে। গুলি করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরও জানান, হামলাকারীরা মোকামপুর বাজারের ওপর দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মাফিকের স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে, তা তারা নিশ্চিত নন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস বলেন, গুলির ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানা যাবে।

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি

মায়ের ভালোবাসা ও মাতৃত্বের চিরন্তন বন্ধনকে উপজীব্য করে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জাতীয় কস্টিউম পর্বে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। তার পোশাকের মূল ভাবনা ‘মাতৃত্ব- ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’। এর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও আবেগের পাশাপাশি বিশ্বজুড়ে মা ও সন্তানের নিঃস্বার্থ ভালোবাসার গল্প তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় বাংলাদেশের জাতীয় পোশাকের বিষয়বস্তু তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছে, একটি জাতির অংশ হওয়ার আগে প্রত্যেক মানুষ একজন মায়ের সন্তান। মা যেমন মানুষকে পৃথিবীতে নিয়ে আসেন, তেমনি মাতৃভূমি মানুষকে দেয় নিজস্ব পরিচয়।

‘মাতৃত্ব- ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’ শিরোনামের এই বিশেষ পোশাকটি মায়ের নিঃস্বার্থ ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে। জন্মের বিস্ময় থেকে শুরু করে সন্তানের জন্য মায়ের আজীবনের ত্যাগ, যত্ন ও আত্মনিবেদন- সবকিছুই তুলে ধরা হয়েছে এর নকশার ভাবনায়। এমন এক অনুভূতির প্রকাশ ঘটানো হয়েছে, যা দেশ, সংস্কৃতি ও প্রজন্মের সীমা অতিক্রম করে।

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহিএই বিশেষ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি শুধু দেশের সৌন্দর্য ও ঐতিহ্যই তুলে ধরবেন না, বরং এমন এক আবেগের প্রতিনিধিত্ব করবেন, যা বিশ্বের প্রতিটি মানুষের কাছে পরিচিত ও অনুভবযোগ্য।

ঘোষণা অনুযায়ী, ২২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের জাতীয় কস্টিউম প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচার করা হবে মিস ইউনিভার্সের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

মাতৃত্বের ভালোবাসাকে কেন্দ্র করে তৈরি এই বিশেষ পরিবেশনার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও মানবিক আবেগকে তুলে ধরার প্রত্যাশা করছেন আয়োজকেরা। মায়ের ভালোবাসা যে দেশ, ভাষা কিংবা সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়, সেই বার্তাই পৌঁছে দিতে চান সামিরা খান মাহি।