খুঁজুন
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

আমার সুনাম ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে: শাবনূর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
আমার সুনাম ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে: শাবনূর

ঢাকাই সিনেমার এক সময়ের সাড়া জাগানো নায়িকা শাবনূর। দীর্ঘ দিন ধরে অস্ট্রেলিয়া বসবাস করছেন তিনি। দুই-তিন বছর পরপর হঠাৎ করে দেশে ফেরেন, কিছুদিন ঘুরে ফিরে আবার চলে যান।

বছর দুয়েক আগে ঘোষণা আসে শাবনূর ‘রঙ্গনা’ নামের একটি সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরতে যাচ্ছেন। গেল বছর ভিডিও বার্তার মাধ্যমে শাবনূর নিজেই কামব্যাক করার ঘোষণা দেন। পূবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে এ সিনেমার কিছু অংশের শুটিংও করেছিলেন। শুটিং শেষ না করেই অস্ট্রেলিয়া চলে যান অভিনেত্রী। কথা ছিল, শারীরিক পরিবর্তন এনে অস্ট্রেলিয়া থেকে ফিরে আবার শুটিং করবেন।

সম্প্রতি দেখা গেল আরাফাত হোসেন পরিচালিত এবং মৌসুমী মিথিলা প্রযোজিত এই সিনেমার শুটিং হওয়া অংশটুকু’র ফুটেজ ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে।

অসম্পূর্ণ শুটিং ফুটেজ ইউটিউব আপলোড দেওয়ার চরম ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী শাবনূর। এমনকি পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলে শাবনূর তার ফ্যান পেজে একটি পোস্ট দিয়েছেন।

সেখানে অভিনেত্রী লেখেন, আজকের চলচ্চিত্র জগতে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানের অভাব দিন দিন বেড়েই চলেছে। দক্ষ পরিচালক ও পেশাদার প্রযোজকের অভাবে মানসম্মত সিনেমা তৈরি করা কঠিন হয়ে পড়েছে। অনেকে শিল্পের মূল্য না বুঝে সহজ পথ বেছে নিচ্ছেন, ফলে নষ্ট হচ্ছে চলচ্চিত্রের মান, আর শিল্পীরা হারাচ্ছেন তাদের প্রাপ্য সম্মান।

এসময় শাবনূর বলেন, আপনাদের অনেকেই জানেন, আমি ‘রঙ্গনা’ সিনেমায় অভিনয় করতে সম্মত হয়েছিলাম। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয় এবং সবাই তখন এ নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল। মানুষের প্রতিক্রিয়া দেখে আমিও আশাবাদী ছিলাম যে নতুনদের সঙ্গে কাজ করছি, নিশ্চয়ই ভালো কিছু হবে। মহরতের কিছুদিন পর দেশে ফিরে আমি প্রচণ্ড গরমের মধ্যেও কয়েকদিন শুটিং করি। কিন্তু নানা জটিলতার কারণে তখন সিনেমাটির কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। প্রযোজকের সঙ্গে আমার কথাবার্তা ছিল, দেশে ফিরে বাকি অংশের শুটিং শেষ করে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

প্রযোজনা ও পরিচালনার সাথে যুক্ত সংশ্লিষ্টরা শুরু থেকেই অপেশাদারসুলভ আচরণ করেছেন বলেও মন্তব্য করেন শাবনূর। তিনি বলেন, কাজ শুরুর আগেই তারা একটি নিম্নমানের পোস্টার প্রকাশ করে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হয়। শুটিং চলাকালেও ইউনিটে ছিল অগোছালোভাব ও অব্যবস্থাপনা। আমাকে শুরুতে বলা হয়েছিল, কিছু দৃশ্য ও গান বিদেশে শুট হবে এবং এডিটিংও হবে দেশের বাইরে, কিন্তু বাস্তবে তাদের কথার কোনো প্রতিফলন দেখিনি। তবুও আমি আমার প্রতিশ্রুতি রাখতে চেয়েছিলাম এবং ডিসেম্বরে বাকি শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ দেখি, সিনেমার অসম্পূর্ণ ফুটেজ ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

শাবনূর বলেন, যে সিনেমা বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা, সেটি এখন বিনামূল্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে! আমি বড় পর্দার অভিনেত্রী। আমার কাজ ইউটিউবে বিনামূল্যে দেখানোর জন্য নয়। যদি আমি আগে জানতাম এই প্রজেক্টটি সিনেমা হলের বদলে ইউটিউব কনটেন্ট হিসেবে প্রকাশিত হবে, তবে আমি কখনই এতে অংশ নিতাম না।

যোগ করে এই সাড়া জাগানো অভিনেত্রী বলেন, আমি কখনোই বলিনি যে ‘রঙ্গনা’তে আর কাজ করব না। তাহলে কেন আমার অনুমতি ছাড়াই সিনেমার অসম্পূর্ণ ক্লিপগুলো ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করা হলো? এখন আবার বলা হচ্ছে, পুরনো সব দৃশ্য বাদ দিয়ে নতুন করে শুটিং হবে, যা একদমই গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও হতাশ। আমার দীর্ঘদিনের অর্জিত সুনাম ও পেশাগত মর্যাদা এতে মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

শাবনূর আরও বলেন, এটি শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো বাংলা চলচ্চিত্র শিল্পের জন্যও এক দুঃখজনক ও হতাশাব্যঞ্জক ঘটনা। আমার অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা এই ঘটনার প্রতি যে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তারা সবসময় আমার পাশে থেকেছেন, তাদের ভালোবাসা, সমর্থন ও প্রেরণাই আমার সবচেয়ে বড় শক্তি।

রোহিঙ্গা গণহত্যার রায়: ন্যায়বিচার ও প্রত্যাবাসনের প্রত্যাশা

মোহাম্মদ নাহিয়ান
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
রোহিঙ্গা গণহত্যার রায়: ন্যায়বিচার ও প্রত্যাবাসনের প্রত্যাশা

রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার ঘটনায় মিয়ানমারের দায় নির্ধারণ করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় দীর্ঘদিনের বিচারপ্রক্রিয়ায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি। তবে এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের দুর্ভোগের অবসান ঘটবে না। এখন বড় চ্যালেঞ্জ হলো, মিয়ানমার আদালতের নির্দেশনা মেনে চলে কি না এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরার পরিবেশ তৈরি হয় কি না।

সাত বছরের আইনি লড়াইয়ের পর ১৯ নভেম্বর দেওয়া রায়ে ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক অভিযানের ভয়াবহতা উঠে এসেছে। দ্য হেগে অবস্থিত আইসিজের ১৫ বিচারপতির মধ্যে ৯ জন মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠার পক্ষে মত দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ওই অভিযানে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য ছিল। ২০১৭ সালের হত্যাকাণ্ডের পাশাপাশি রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিন ধরে চলা নিপীড়নের ঘটনাও বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া, চলাচল ও বিয়েতে বিধিনিষেধ, সন্তান জন্মদানে বাধা, বিদ্বেষমূলক প্রচার, গ্রাম জ্বালিয়ে দেওয়া, হত্যা, ধর্ষণ ও যৌন সহিংসতার মতো ঘটনা রয়েছে।

রায়ের ১৩টি সিদ্ধান্তের মধ্যে ১১-৪ ভোটে মিয়ানমারকে অপরাধীদের বিচার না করা এবং গণহত্যার প্রমাণ ধ্বংস ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে দায়ী করা হয়েছে। অন্যদিকে, ১৪-১ ভোটে প্রকাশ্য উসকানির অভিযোগ খারিজ হয়েছে। অভিযোগগুলোর ক্ষেত্রে আদালতের সিদ্ধান্তে প্রমাণ ও আইনি ভিত্তির পার্থক্যও স্পষ্ট হয়েছে।

২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে। দেশটির অভিযোগ, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত উত্তর রাখাইন রাজ্যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও তাদের সহযোগীরা রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা ও অন্যান্য অপরাধ চালিয়েছে। গাম্বিয়ার দাবি, এসব কর্মকাণ্ড ১৯৪৮ সালের গণহত্যা সনদের লঙ্ঘন। পরবর্তী সময়ে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যসহ আরও ১১টি দেশ মামলায় গাম্বিয়ার পক্ষে হস্তক্ষেপ করে। এসব দেশের অংশগ্রহণ রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার নিয়ে আন্তর্জাতিক উদ্বেগেরও প্রতিফলন ঘটায়।

তবে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় প্রতিষ্ঠিত হওয়া মানেই দেশটির সামরিক কর্মকর্তা বা অভিযুক্ত ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে কারাগারে যেতে হবে, এমন নয়। আইসিজের এখতিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তির মধ্যে সীমাবদ্ধ। ব্যক্তির ফৌজদারি অপরাধের বিচার করার ক্ষমতা এই আদালতের নেই। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মতো প্রতিষ্ঠানের আওতাভুক্ত। ফলে রাষ্ট্র হিসেবে মিয়ানমারের দায় এবং ব্যক্তিগতভাবে অপরাধীদের শাস্তি দেওয়ার প্রক্রিয়া আলাদা।

রায় ঘোষণার পর মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ বা দেশটির সামরিক নেতৃত্বে পরিবর্তন আসবে, এমন নিশ্চয়তাও নেই। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, সদস্যরাষ্ট্রগুলো আইসিজের রায় মানতে বাধ্য। কোনো পক্ষ রায় বাস্তবায়ন না করলে অপর পক্ষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে যেতে পারে। কিন্তু নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করলেই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, তা নিশ্চিত নয়। আন্তর্জাতিক রাজনীতি, রাষ্ট্রগুলোর নিজস্ব স্বার্থ এবং সদস্যদের মতপার্থক্য অনেক সময় সিদ্ধান্ত বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়ায়।

বাংলাদেশের জন্য কূটনৈতিক গুরুত্ব

রোহিঙ্গা সংকটের প্রভাব বাংলাদেশকে দীর্ঘদিন ধরে বহন করতে হচ্ছে। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। এর আগেও কক্সবাজারে উল্লেখযোগ্যসংখ্যক রোহিঙ্গা বসবাস করছিলেন। দীর্ঘ সময় ধরে এই জনগোষ্ঠীকে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশকে মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত ও নিরাপত্তাসংক্রান্ত নানা চাপ সামলাতে হচ্ছে।

আইসিজের রায় রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান তুলে ধরার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে। মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের বক্তব্যকে আরও জোরালো করতে পারে। রোহিঙ্গাদের ওপর নির্যাতন এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক আলোচনায় আরও গুরুত্ব পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তবে প্রত্যাবাসনের বিষয়টি শুধু বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। সেখানে তাদের নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা, শিক্ষা ও কাজের সুযোগ, আইনি পরিচয় এবং নাগরিকত্বের অধিকার নিশ্চিত করতে হবে। এসব অধিকার ছাড়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো হলে তারা আবারও একই ধরনের নিপীড়ন ও অনিশ্চয়তার মুখে পড়তে পারেন।

অতীতেও কয়েক দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত না হওয়ায় সেসব উদ্যোগ সফল হয়নি। এবারও শুধু প্রত্যাবাসনের সময়সূচি নির্ধারণ বা তালিকা তৈরির মাধ্যমে সমস্যার সমাধান হবে না। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদে বসবাসের পরিবেশ তৈরি করাই সবচেয়ে জরুরি।

এ জন্য জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও সংশ্লিষ্ট দেশগুলোকে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা চালু রাখা, গণহত্যার প্রমাণ সংরক্ষণ এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার উদ্যোগও চালিয়ে যেতে হবে।

রায় বাস্তবায়নের চ্যালেঞ্জ

আইসিজের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের দাবিকে আইনি ভিত্তি দিয়েছে। কিন্তু আদালতের সিদ্ধান্ত বাস্তবে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে মিয়ানমারের পদক্ষেপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার ওপর। আদালতের রায় এলেও রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেনি।

বাংলাদেশের জন্য এখন গুরুত্বপূর্ণ কাজ হলো এই আইনি অগ্রগতিকে কূটনৈতিক আলোচনায় কাজে লাগানো। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে জাতিসংঘসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা জোরদার করতে হবে।

রোহিঙ্গারা নিজেদের দেশে নিরাপদে বসবাসের অধিকার ফিরে পেলেই এই রায়ের পূর্ণ তাৎপর্য প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি, যারা তাদের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। এখন রায়ের বাস্তবায়ন এবং অপরাধীদের বিচারের জন্য মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন।

মোহাম্মদ নাহিয়ান
সাংবাদিক

খুলনায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
খুলনায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

খুলনার তেরখাদায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে বিএনপি নেতা মাফিক সর্দারকে (৪০) গুলি করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২১নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মোকামপুর বাজারসংলগ্ন বন্ধুর মোড়ে এ ঘটনা ঘটে।

তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে হামলাকারীরা। এর মধ্যে তিনটি গুলি তার কোমর, হাত ও পায়ে বিদ্ধ হয়েছে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাফিক সর্দার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে। তিনি মধুপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য।

আহত মাফিকের ভাই জানান, শনিবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার দিকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তাঁর ভাই। এ সময় দুটি মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন অস্ত্রধারী দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। পরে তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে তিনটি গুলি তার শরীরে লাগে। গুলি করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরও জানান, হামলাকারীরা মোকামপুর বাজারের ওপর দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মাফিকের স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে, তা তারা নিশ্চিত নন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস বলেন, গুলির ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানা যাবে।

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি

মায়ের ভালোবাসা ও মাতৃত্বের চিরন্তন বন্ধনকে উপজীব্য করে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জাতীয় কস্টিউম পর্বে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। তার পোশাকের মূল ভাবনা ‘মাতৃত্ব- ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’। এর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও আবেগের পাশাপাশি বিশ্বজুড়ে মা ও সন্তানের নিঃস্বার্থ ভালোবাসার গল্প তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় বাংলাদেশের জাতীয় পোশাকের বিষয়বস্তু তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছে, একটি জাতির অংশ হওয়ার আগে প্রত্যেক মানুষ একজন মায়ের সন্তান। মা যেমন মানুষকে পৃথিবীতে নিয়ে আসেন, তেমনি মাতৃভূমি মানুষকে দেয় নিজস্ব পরিচয়।

‘মাতৃত্ব- ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’ শিরোনামের এই বিশেষ পোশাকটি মায়ের নিঃস্বার্থ ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে। জন্মের বিস্ময় থেকে শুরু করে সন্তানের জন্য মায়ের আজীবনের ত্যাগ, যত্ন ও আত্মনিবেদন- সবকিছুই তুলে ধরা হয়েছে এর নকশার ভাবনায়। এমন এক অনুভূতির প্রকাশ ঘটানো হয়েছে, যা দেশ, সংস্কৃতি ও প্রজন্মের সীমা অতিক্রম করে।

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহিএই বিশেষ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি শুধু দেশের সৌন্দর্য ও ঐতিহ্যই তুলে ধরবেন না, বরং এমন এক আবেগের প্রতিনিধিত্ব করবেন, যা বিশ্বের প্রতিটি মানুষের কাছে পরিচিত ও অনুভবযোগ্য।

ঘোষণা অনুযায়ী, ২২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের জাতীয় কস্টিউম প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচার করা হবে মিস ইউনিভার্সের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

মাতৃত্বের ভালোবাসাকে কেন্দ্র করে তৈরি এই বিশেষ পরিবেশনার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও মানবিক আবেগকে তুলে ধরার প্রত্যাশা করছেন আয়োজকেরা। মায়ের ভালোবাসা যে দেশ, ভাষা কিংবা সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়, সেই বার্তাই পৌঁছে দিতে চান সামিরা খান মাহি।