হাদির হত্যাকারীদের ফেরত চাইল বাংলাদেশ, রাজি ভারত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের ফেরত চেয়েছে বাংলাদেশ। ভারতও ইতিবাচক সাড়া দিয়েছে।’
নয়াদিল্লিতে আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও ফেরত দেওয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে জানানো হয়, বৈঠকে হাদির হত্যাকারীদের ফেরত দেওয়ার প্রসঙ্গ তোলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এরপর উভয় পক্ষ দুই দেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুসারে যথাযথ প্রক্রিয়ায় গ্রেপ্তারকৃত আসামিদের হস্তান্তরের বিষয়ে একমত হয়।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও ফেরত দেওয়ার প্রসঙ্গ তোলেন। তবে এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কী জবাব দিয়েছেন, তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্টে উল্লেখ করা হয়নি।
ড. খলিলুর রহমান আজ নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও দেশটির জ্বালানিমন্ত্রী হারদ্বীপ পুরির সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল মঙ্গলবার ভারতে পৌঁছানোর পর এ দিন সন্ধ্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী।


আপনার মতামত লিখুন
Array