খুঁজুন
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র, ১৪৩২

তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ ঘোষণার দাবি সরকারদলীয় সংসদ সদস্যের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ ঘোষণার দাবি সরকারদলীয় সংসদ সদস্যের

বিএনাপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

মুজিবুর রহমান বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দীর্ঘ ৯ মাস বন্দি থেকেও যে অসীম ধৈর্য ও দেশপ্রেমের পরিচয় এই (জিয়া) পরিবারটি দিয়েছে, তা ইতিহাসে বিরল। আমাদের প্রিয় নেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়া ১৯৭১ সালে তার দুই সন্তানসহ পাকিস্তানিদের হাতে বন্দি ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকো সেই অবর্ণনীয় কষ্টের দিনগুলো পার করেছেন মায়ের সঙ্গে বন্দিশালায়। এটি কোনও রাজনৈতিক চাটুকারিতা নয়, বরং ইতিহাসের সত্য।

বেগম খালেদা জিয়াকে তার অবদানের জন্য পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে দাবি জানিয়ে তিনি আরও বলেন, ৯ মাস বন্দি জীবন কাটানোয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহোদর ভাইকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া এখন সময়ের দাবি।

এ সময় মুজিবুর রহমান দাবি করেন, এই প্রস্তাব তিনি প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য করছেন না।

তিনি আরও বলেন, তারেক রহমানের যুগান্তকারী উক্তি ও দেশপ্রেমের আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষ রাজপথে নেমেছিল। তারা বিশ্বাস করেন, একটি বৈষম্যহীন দেশ গড়তে হলে ইতিহাসের প্রতিটি ত্যাগের সঠিক মূল্যায়ন প্রয়োজন।

আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে মুজিবুর রহমান বলেন, তাকে পরিকল্পিতভাবে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। শৈশবে যুদ্ধের ময়দানে বন্দি থাকা থেকে শুরু করে পরবর্তী জীবনে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া পর্যন্ত তার জীবনের প্রতিটি অধ্যায় বেদনাবিধুর।

নির্যাতিত-নিপীড়িত একটি বিপ্লবের নাম তারেক রহমান উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর যুগশ্রেষ্ঠ উক্তি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে গাজীপুরবাসী উজ্জীবিত।

এবার বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেঘনা আলম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
এবার বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেঘনা আলম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ঢাকা-৮ আসনের আলোচিত নারী প্রার্থী মেঘনা আলম। এরই মধ্যে তিনি আগের দল গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানা গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্যানুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের তৃতীয় দিনে বিএনপির পক্ষ থেকে মোট ৭৪ জন নারী প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। তাদের নাম দলীয়ভাবে বিএনপির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে আজ মনোনয়নপত্র সংগ্রহ করেন মেঘনা আলম। ইসি থেকে প্রাপ্ত মনোনয়নপত্র গ্রহণকারীদের তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে।

গণঅধিকার পরিষদ থেকে মেঘনা আলমের পদত্যাগ নিশ্চিত করে দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক সদস্য ফরম পূরণ করে তিনি আমাদের দল থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এখন তিনি প্রাথমিক সদস্য থেকে পদত্যাগ করে চিঠি পাঠিয়েছেন। যা আমরা পেয়েছি।’

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী শফিক আহমেদ আর নেই। রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এবি এম আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

 

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই

ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। তার বয়স হয়েছিল ৯২ বছর। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত কয়েক মাস ধরেই হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যাসহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই শিল্পী। অবস্থার অবনতি হলে শনিবার (১১ এপ্রিল) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার দুপুরে তার ছেলে আনন্দ ভোঁসলে এই বরেণ্য শিল্পীর মৃত্যুর খবর জানান।

আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) তার শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৩৩ সালে সংগীত অনুরাগী মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় গায়িকা আশা ভোঁসলে। মাত্র ৯ বছর বয়সেই পেশাদার গান গাওয়া শুরু করেন তিনি। তার বড় বোন লতা মঙ্গেশকর।

১৯৪৩ সালে চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করেন আশা ভোঁসলে। ১৯৫০-এর দশকেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন তিনি।

ক্যারিয়ারে সাতবার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার এবং দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আশা ভোঁসলে।