অধিবেশন শুরুর আগেই সংসদে উপস্থিত প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনের বৈঠক শুরুর পাঁচ মিনিট আগে নিজ আসনে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হয়।
অধিবেশনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল, যিনি নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য। স্পিকারের অনুপস্থিতিতে তিনিই এ দিনের বৈঠকে সভাপতিত্ব করেন।
ডেপুটি স্পিকার বলেন, লাখো শহীদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার ফলেই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই চেতনা ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে তার ভূমিকার কথা উল্লেখ করেন।
কায়সার কামাল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্বদান এবং ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার ভূমিকার কথা তুলে ধরে তাকে ‘গণতন্ত্রের মা’ হিসেবে আখ্যায়িত করেন।
ডেপুটি স্পিকার ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে বলেন, এই ঐতিহাসিক আন্দোলন ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্রের দ্বার উন্মুক্ত করেছে। তিনি জুলাই-আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহত ও পঙ্গুত্ব বরণ করা ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রথম খলিফা হযরত আবু বকরের (রা.) উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, নেতৃত্বের জন্য জবাবদিহি ও সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান, যেন তারা প্রয়োজন অনুযায়ী তাকে দিকনির্দেশনা ও সংশোধন করেন, যাতে তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন।


আপনার মতামত লিখুন
Array