হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২-এর বিচারক আনোয়ারুল হক এই আদেশ দেন। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার।
তিনি জানান, মামলার তদন্ত শেষে পিবিআই যে প্রতিবেদন জমা দিয়েছে, তাতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সেই তদন্ত প্রতিবেদন আমলে নিয়েই আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদী সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এরপর প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে।
হিরো আলম এসব অভিযোগ অস্বীকার করলে গত ২১ এপ্রিল ২০২৫ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা দায়ের করেন সাদিয়া রহমান মিথিলা। মামলার পর তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে সংস্থাটি অভিযোগের প্রাথমিক সত্যতা পায় বলে আদালত সূত্রে জানা গেছে। এরপর আদালত অভিযোগ গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন
Array