তারেক রহমানের জন্য প্রস্তুত মঞ্চ, মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা
প্রথমবারের মতো আজ বুধবার বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যেই জনসভার মঞ্চ তৈরি করা হয়েছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভোর থেকেই সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।
দুপুরে নগরের বেলস পার্ক মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভাকে ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আজ সকাল ৯টার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নারী ও পুরুষ নেতাকর্মীরা আলাদা আলাদা মিছিল নিয়ে সভাস্থলে আসছেন। কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে দলীয় পতাকা। কেউ কেউ মাথায় নানা রঙের ক্যাপ পরেছেন। মঞ্চের সামনে বসার জায়গা দখল করতে সকাল থেকেই অবস্থান নিতে শুরু করেছেন নেতাকর্মীরা।
বরিশাল বিভাগের ছয় জেলার বিএনপি প্রার্থীরা এই জনসভায় অংশ নেবেন। বিভাগের ২১টি সংসদীয় আসনের প্রার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে। বিএনপি জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল ইসলাম নূরও সমাবেশে থাকবেন। ভোলা-১ আসন থেকে পার্থ এবং পটুয়াখালী-৩ আসন থেকে নুর বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রধান অতিথি তারেক রহমান মঞ্চ থেকে প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, বরিশালের জনসভা শেষে হেলিকপ্টারে করে ফরিদপুর যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে দুপুরের পর আরেকটি জনসভায় তিনি বক্তব্য দেবেন এবং প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন।


আপনার মতামত লিখুন
Array