খুঁজুন
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান

সপ্তাহ খানেক অনিশ্চয়তার পর অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানাল পাকিস্তান সরকার। এবারের আসরে অংশগ্রহণের অনুমতি পেলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে খেলবে না পাকিস্তান।

আজ সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান সরকার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।’

এর আগে সোমবার পিসিবি সভাপতি ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়াকে কেন্দ্র করে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও তখন জোর আলোচনা চলছিল। ওই বৈঠকের পর নাকভি জানিয়েছিলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে আইসিসি সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানিয়েছি। সব দিক বিবেচনায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা সোমবার নেওয়া হবে।’

এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে, যখন আইসিসির সিদ্ধান্তে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানানোয় গত ২৪ জানুয়ারি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। সংস্থাটির যুক্তি ছিল, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা সম্ভব নয়।

আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার কয়েক ঘণ্টা আগেই মহসিন নকভি প্রকাশ্যে মন্তব্য করেছিলেন যে, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে। তাদের বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া উচিত।’

তখন তিনি আরও বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী এখন দেশে নেই। তিনি ফিরে এলে আমরা পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।’

এই ঘটনাপ্রবাহ দক্ষিণ এশিয়ার ক্রিকেটে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনকে আরও স্পষ্ট করেছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি।

গ্রুপ পর্বে পাকিস্তান ও ভারত একই গ্রুপে থাকলেও, আইসিসির মধ্যস্থতায় গৃহীত ‘হাইব্রিড মডেল’-এর আওতায় পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়, অর্থাৎ নিরপেক্ষ ভেন্যুতে।

এর আগে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানালে একই ধরনের সমঝোতার মাধ্যমে ভারতের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করা হয়েছিল। সেই সমঝোতার অংশ হিসেবেই ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইসিসি ইভেন্টে ভারত-পাকিস্তান ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় আবার সচিবালয়ে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় আবার সচিবালয়ে প্রধানমন্ত্রী

সারাদিন রোদে-গরমে স্বর্ণদ্বীপে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের দীর্ঘ কর্মসূচি শেষে ক্লান্ত শরীর নিয়ে বিশ্রামে ফেরার কথা থাকলেও তা করেননি তিনি। বরং দিনের কাজ শেষ না করেই ঘরে ফিরতে নারাজ প্রধানমন্ত্রী ছুটে গেছেন সচিবালয়ে। সন্ধ্যা নামার পরও সেখানে চালিয়েছেন গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী ফিঙ্গার প্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন তিনি। এরপর একে একে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও দাপ্তরিক কাজে অংশ নেন।

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যেতে সেই সকাল ৮.৩০টায় বাসা থেকে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপে রওনা হন। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১- ২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানকে পাশে বসিয়ে আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে জয়েন্ট স্পেশাল ফোর্সের চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।

এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেন। মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরেন। ফিরেই তিনি সচিবালয়ে দাপ্তরিক কাজ শুরু করেন।

 

বাংলাদেশের সীমানায় ঢুকলেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
বাংলাদেশের সীমানায় ঢুকলেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য যেকোনো আসামি বিদেশে পালিয়ে থাকলে তাদের ব্যাপারে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান।

শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিমান পাঠানোর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, রয়টার্সের তো বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। এখন কে কোথা থেকে লুকিয়ে কী বলছে, সেটা নিয়ে আলোচনা করে গণমাধ্যম, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সময় নষ্ট হচ্ছে।

তিনি বলেন, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও একই উত্তর দেব। শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা দেশে এলে তাদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্লেন পাঠানোর, হেলিকপ্টার পাঠানোর, বাস পাঠানোর, গাড়ি পাঠানোর কিংবা রিকশা পাঠানোর কোনো কথাই কারও সঙ্গে বাংলাদেশ সরকারের হয়নি।

শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মতো সক্ষমতা দিল্লির বাংলাদেশ হাইকমিশনের আছে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, তিনি কোথায় আছেন, সেটাই তো কেউ জানে না। পালিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত সাংবাদিকরা তার চেহারা দেখেছেন কি না, এমন প্রশ্নও তোলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ রয়েছে। হাদির হত্যাকারী এবং জুলাই-আগস্টে খুন, গুম ও হত্যার নির্দেশ দেওয়ার ঘটনায় সাজাপ্রাপ্ত যেসব আসামি ভারতসহ বিভিন্ন দেশে লুকিয়ে আছেন, তাদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার প্রসঙ্গকে ‘পলিটিক্যাল স্টান্ট’ আখ্যা দিয়ে শামা ওবায়েদ বলেন, ভাই, আসুক না। তিনি এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবেন। এই পলিটিক্যাল স্টান্টের কোনো মানে হয় না।

শেখ হাসিনা সারা দেশে তাণ্ডব সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গেছেন। এখন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের আবারও বিপদে ফেলার পাঁয়তারা করছেন।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট, এনআইডি বা অন্য কিছু দেওয়ার বিধান নেই। এর কোনো ব্যত্যয় ঘটবে না বলেও জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের অবস্থান স্পষ্ট জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবেন। শুধু তাই নয়, শেখ হাসিনা বাংলাদেশের যে মিশনেই যাবেন, সেখানেই তাকে গ্রেপ্তার করা হবে। মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার কোনো বিধান সংবিধানে নেই বলেও জানান তিনি।

এর আগে এদিন সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। ফিরতে হলে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাজারে এলো গিগাএক্সের নতুন স্মার্টফোন ওয়াই৩২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:২৮ অপরাহ্ণ
বাজারে এলো গিগাএক্সের নতুন স্মার্টফোন ওয়াই৩২

দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল) বাজারে এনেছে নতুন স্মার্টফোন ‘গিগাএক্স ওয়াই৩২’ (GigaX Y32)। আধুনিক ডিজাইন, উন্নত ক্যামেরা ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লেসহ বিভিন্ন ফিচারযুক্ত ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। পেছনে তিনটি ক্যামেরার পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

গিগাএক্স ওয়াই৩২-এ রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ভিডিও দেখা ও বিভিন্ন অ্যাপ ব্যবহারে পাওয়া যাবে সাবলীল অভিজ্ঞতা।

স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ অক্টা-কোর প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনটি দৈনন্দিন যোগাযোগ, বিনোদন ও একসঙ্গে একাধিক কাজ করার উপযোগী করে তৈরি করা হয়েছে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি। পাশাপাশি রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা ও ইউএসবি টাইপ-সি পোর্ট।

ধুলাবালি ও পানি থেকে সুরক্ষায় স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে আইপি৬৪ রেটিং। নিরাপত্তার জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা। এ ছাড়া এতে রয়েছে ফোরজি নেটওয়ার্ক, ব্লুটুথ ৫.০ এবং আলাদা মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা।

গিগাএক্স ওয়াই৩২ স্মার্টফোনটি স্লিক ব্ল্যাক, স্যাফায়ার ব্লু ও অটাম অরেঞ্জ-এই তিনটি রঙে পাওয়া যাবে। এর ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ১৬ হাজার ৯৯৯ টাকা।

নতুন এ মডেলের মাধ্যমে ক্যামেরা, ডিসপ্লে, পারফরম্যান্স ও ব্যবহারিক সুবিধার সমন্বয়ে স্মার্টফোনের বাজারে নতুন বিকল্প নিয়ে এসেছে জিডিএল।