খুঁজুন
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র, ১৪৩২

অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ

আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বাছাইপর্বে টানা পঞ্চম জয় পেয়েছে টাইগ্রেসরা।

এরপর নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হারে মূল পর্ব নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। বিশ্বকাপের টিকিট পেয়েছে ডাচরাও।

বুধবার (২৮ জানুয়ারি) নেপালের মুলপানিতে টস হেরে আগে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান। নারী টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের মেয়েদের চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাব দিতে নেমে ১২৬ রানেই থেমেছে থাইল্যান্ডের দৌড়।

গ্রুপ পর্বে আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়ার বিপক্ষে টানা চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সুপার সিক্সে উঠেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর থাইল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সেও বাংলাদেশের অবস্থান এখন সবার ওপরে। ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিগার সুলতানা জ্যোতিদের।

নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়া জয়ের পয়েন্ট এখানে যোগ হয়েছে। সুপার সিক্সে সুযোগ পাওয়া যে দলগুলো গ্রুপেও প্রতিপক্ষ ছিল, তারা এই রাউন্ডে একে অন্যের বিপক্ষে খেলবে না। যে কারণে সুপার সিক্সে একটা দল ম্যাচ খেলবে ৩টি, তবে হিসাব হবে মোট ৫ ম্যাচের পয়েন্ট।

এই মুহূর্তে বাংলাদেশের নেট রানরেট (১.১৫০), তাদের চেয়ে ভালো রানরেট শুধু ৩ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া স্কটল্যান্ডের (১.৩৫৬)। সুপার সিক্সের সেরা চারটি দল সুযোগ পাবে ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে ১২ দলের অংশগ্রহণে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে।

এবার বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেঘনা আলম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
এবার বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেঘনা আলম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ঢাকা-৮ আসনের আলোচিত নারী প্রার্থী মেঘনা আলম। এরই মধ্যে তিনি আগের দল গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানা গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্যানুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের তৃতীয় দিনে বিএনপির পক্ষ থেকে মোট ৭৪ জন নারী প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। তাদের নাম দলীয়ভাবে বিএনপির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে আজ মনোনয়নপত্র সংগ্রহ করেন মেঘনা আলম। ইসি থেকে প্রাপ্ত মনোনয়নপত্র গ্রহণকারীদের তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে।

গণঅধিকার পরিষদ থেকে মেঘনা আলমের পদত্যাগ নিশ্চিত করে দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক সদস্য ফরম পূরণ করে তিনি আমাদের দল থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এখন তিনি প্রাথমিক সদস্য থেকে পদত্যাগ করে চিঠি পাঠিয়েছেন। যা আমরা পেয়েছি।’

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী শফিক আহমেদ আর নেই। রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এবি এম আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

 

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই

ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। তার বয়স হয়েছিল ৯২ বছর। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত কয়েক মাস ধরেই হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যাসহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই শিল্পী। অবস্থার অবনতি হলে শনিবার (১১ এপ্রিল) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার দুপুরে তার ছেলে আনন্দ ভোঁসলে এই বরেণ্য শিল্পীর মৃত্যুর খবর জানান।

আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) তার শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৩৩ সালে সংগীত অনুরাগী মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় গায়িকা আশা ভোঁসলে। মাত্র ৯ বছর বয়সেই পেশাদার গান গাওয়া শুরু করেন তিনি। তার বড় বোন লতা মঙ্গেশকর।

১৯৪৩ সালে চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করেন আশা ভোঁসলে। ১৯৫০-এর দশকেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন তিনি।

ক্যারিয়ারে সাতবার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার এবং দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আশা ভোঁসলে।