খুঁজুন
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২৭ শ্রাবণ, ১৪৩৩

কর্মসংস্থান ও দুর্নীতিবিরোধী কঠোরতার অঙ্গীকার তারেক রহমানের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
কর্মসংস্থান ও দুর্নীতিবিরোধী কঠোরতার অঙ্গীকার তারেক রহমানের

নিরাপত্তা নিশ্চিত, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং তরুণ-নারী-কৃষককেন্দ্রিক অর্থনৈতিক পরিকল্পনার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের পোলোগ্রাউন্ড ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং বাস্তব পরিবর্তন নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য। তিনি বলেন, শুধুমাত্র সমালোচনার রাজনীতি করে জনগণের উপকার হয় না, প্রয়োজন কার্যকর পরিকল্পনা ও সুশাসন।

চট্টগ্রামকে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের সঙ্গে আমার ও আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, তার শাহাদাত এবং খালেদা জিয়ার রাজনৈতিক উত্থানের ইতিহাস স্মরণ করেন।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে মানুষ স্পষ্টভাবে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। সেই পরিবর্তনের অর্থ শুধু সরকার বদল নয় বরং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা এবং ভোটাধিকার নিশ্চিত করা।

তারেক রহমান জানান, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই তরুণ। এ বিপুল তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি বিএনপির অগ্রাধিকার। চট্টগ্রামের ইপিজেড ও কেপিজেডের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে নতুন ইপিজেড স্থাপন ও শিল্পাঞ্চল সম্প্রসারণের মাধ্যমে লাখো তরুণের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ব্যবসা-বাণিজ্যের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো, নিরাপদ পরিবেশ। বিএনপি ক্ষমতায় এলে ব্যবসার অনুকূল পরিবেশ নিশ্চিত করা হবে।

স্বাস্থ্যখাতে বিএনপির দৃষ্টিভঙ্গি তুলে ধরে তারেক রহমান বলেন, বড় বড় হাসপাতালের প্রতিশ্রুতির চেয়ে গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া জরুরি। এ লক্ষ্যে এক লাখ হেলথকেয়ার কর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান তিনি।

নারীদের বিষয়ে তিনি বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাদের কর্মহীন রেখে উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেয়া হবে।

কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, উৎপাদন বাড়াতে কৃষকদের পাশে দাঁড়াতে হবে। কৃষক কার্ডের মাধ্যমে ঋণসহ নানা সুবিধা দেয়া হবে।

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা বড় সমস্যা উল্লেখ করে তারেক রহমান বলেন, সারা দেশে খাল খনন কর্মসূচি চালু করে জলাবদ্ধতা ও বন্যা সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

তারেক রহমান বলেন, আইনশৃঙ্খলা ও দুর্নীতির প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। অপরাধী যে দলেরই হোক, আইনের আওতায় আনা হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ছাড়া কোনো উন্নয়ন পরিকল্পনাই সফল হতে পারে না।

নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তারেক রহমান ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ভোটের অধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে এবং নির্বাচনের দিন সকাল থেকে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে হবে।

সবশেষে তারেক রহমান বলেন, ‘‌সবার আগে বাংলাদেশ’ এ নীতিকে সামনে রেখে গণতন্ত্রপন্থী সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিলে জনগণকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

মৃ/ত্যুর দুইদিন পর ফলাফল প্রকাশ, শিহাব পেল গোল্ডেন এ প্লাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ
মৃ/ত্যুর দুইদিন পর ফলাফল প্রকাশ, শিহাব পেল গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় শিহাব। আজ সোমবার প্রকাশিত সেই ফলাফলে শিহাব পেয়েছে গোল্ডেন জিপিএ ৫।

সন্তানের এমন সাফল্যের দিনে ঘরে নেই সে। আনন্দের পরিবর্তে একমাত্র ছেলেকে হারানোর শোকে কাতর পরিবার।

শিহাব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানুরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সে ঢাকার বিমানবন্দর উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, শিহাবের বাবা তোফাজ্জল হোসেন ঢাকায় গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত। ছোট ভাই তাজুল ইসলামের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে আসে তারা।

শনিবার দুপুরে গোসল শেষে বাড়ির ছাদে কাপড় শুকাতে যায় শিহাব। এ সময় বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশনের জন্য টানানো রঙিন বাতির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে শিহাবের মরদেহ দাফন করা হয়।

 

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিলো মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিলো মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে বাজিমাত করেছে এক মা ও তার ছেলে। দুই জনই করেছেন অভাবনীয় রেজাল্ট। পেয়েছেন জিপিএ-৫। মা-ছেলের এ সাফল্যে এখন পরিবারজুড়ে আনন্দ।

তারা হলেন রাজশাহী নগরীর রাজপাড়া থানার বসিলা এলাকার বাসিন্দা মোছা. সাদিয়া বেগম ও তার ছেলে তানভীর আহমেদ। তারা এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) দুপুরে এসএসসির ফল জানার পর তাদের বাড়িতে নেমে আসে আনন্দের বন্যা। ফল প্রকাশের পর স্বজন ও পরিচিতজনরা তাদের অভিনন্দন জানাচ্ছেন।

সাদিয়া বেগমের স্বামী তোফাজ্জল হোসেন একজন সরকারি কর্মকর্তা। স্বামী-সংসার, সন্তান লালন-পালনসহ নানা দায়িত্বের মধ্যেও নিজের পড়াশোনা চালিয়ে গেছেন।

জানা গেছে, ১৯ বছর আগে সাদিয়া বেগম বিয়ের পিঁড়িতে বসেন। এরপরে থেমে যায় তার পড়াশোনা। সংসার ও পারিবারিক দায়িত্বের কারণে দীর্ঘ ১৭ বছর বই-খাতার বাইরে ছিলেন তিনি। তবে পড়াশোনার প্রতি টানটা রয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত নতুন করে শুরু করেন শিক্ষাজীবন। সংসার সামলেছেন, দুই ছেলের পড়াশোনার খোঁজ রেখেছেন; এর পাশাপাশি নিজেও চালিয়ে গেছেন পড়াশোনা। প্রায় দুই বছর আগে ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দেবেন বলে সিদ্ধান্ত নেন।

পরিবারের সম্মতিতে সংসারের কাজের ফাঁকে চলে পড়াশোনা। সন্তানের পড়াশোনার দেখভালের পাশাপাশি নিজের পড়াশোনার সময়ও বের করেছেন।

চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে পরিশ্রমের ফল পেয়েছেন সাদিয়া বেগম। তিনি রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন। তার ছেলে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নিয়ে পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। অর্থাৎ একই বছরে একই সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মা ও ছেলে দুই জনই পেয়েছেন জিপিএ-৫।

এসএসসিতে কত জিপিএ পেলেন ‘এটা আমাদেরই গল্প’-এর ফারহানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
এসএসসিতে কত জিপিএ পেলেন ‘এটা আমাদেরই গল্প’-এর ফারহানা

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর ফারহানা চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া ইসরাত অতিথি এসএসসি পরীক্ষায় জিপিএ-৪ পেয়েছেন।

উত্তরা কেসি মডেল স্কুলের মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন এই তরুনী অভিনেত্রী। ফল প্রকাশের পর নিজের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি জানিয়ে ইসরাত লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’

তবে ইসরাতের এসএসসি পরীক্ষার প্রস্তুতির পথটি ছিল অন্যদের চেয়ে কিছুটা ভিন্ন। নবম শ্রেণি পর্যন্ত তিনি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। পরবর্তী সময়ে অভিনয়ের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বিজ্ঞান বিভাগের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।

বিশেষ করে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের নিয়মিত শুটিংয়ে সময় দেওয়ার কারণে পড়াশোনার সঙ্গে অভিনয়ের ভারসাম্য রাখা তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ফলে এসএসসি পরীক্ষার মাত্র আট মাস আগে বিভাগ পরিবর্তনের সিদ্ধান্ত নেন তিনি।

এরই মধ্যে বোর্ডে তার নিবন্ধন হয়ে গেলেও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে চলে আসেন ইসরাত। এরপর মানবিক বিভাগ থেকেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ অর্জন করেন তিনি। পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতেও অভিনয়ে নিয়মিত কাজ করে যেতে চান ইসরাত অতিথি।