খুঁজুন
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র, ১৪৩২

পিএইচআইএফ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
পিএইচআইএফ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা দিয়ে আসা পাবলিক হেলথ ইনফরমেটিক্স ফাউন্ডেশনের (পিএইচআইএফ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার আগারগাঁওয়ের একটি রেস্টুরেন্টে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংস্থাটির চেয়ারম্যান লিলি অ্যান্থানিয়া গোমেজ সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে সেক্রেটারি জেনারেল ডা. রেজাউল করিম (রিয়েল) এক্সিকিউটিভ কমিটির (ইসি) সদস্য সাধারণ পরিষদের সদস্য এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ অর্থবছরের কার্যক্রম প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়।

সম্মানিত উপদেষ্টা কমিটির সদস্যগণ জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়সমূহ চিহ্নিত করে ২০২৬ সালে সেসব ক্ষেত্রে কার্যক্রম গ্রহণের পরামর্শ প্রদান করেন।

পিএইচআইএফ সংস্থার তহবিল সংগ্রহ এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা ও করণীয় নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে পিএইচআইএফ বাংলাদেশে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে আসছে। সংস্থাটি কমিউনিটির দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকার জনগোষ্ঠীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা, চক্ষু স্বাস্থ্যসেবা, অনলাইন স্বাস্থ্য পরামর্শ, এবং বাংলাদেশ সরকারের পাশাপাশি ভিটামিন-এ ও মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

আট বছরেরও বেশি সময় ধরে পিএইচআইএফ জনস্বাস্থ্য ক্ষেত্রে অ্যাকশন রিসার্চ, স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়ন, প্রশিক্ষণ পরিচালনা, প্রস্তাবনা উন্নয়ন এবং কারিগরি সহায়তা প্রদানে সুদৃঢ় দক্ষতা অর্জন করেছে।

 

এবার বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেঘনা আলম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
এবার বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মেঘনা আলম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ঢাকা-৮ আসনের আলোচিত নারী প্রার্থী মেঘনা আলম। এরই মধ্যে তিনি আগের দল গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানা গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্যানুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের তৃতীয় দিনে বিএনপির পক্ষ থেকে মোট ৭৪ জন নারী প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। তাদের নাম দলীয়ভাবে বিএনপির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে আজ মনোনয়নপত্র সংগ্রহ করেন মেঘনা আলম। ইসি থেকে প্রাপ্ত মনোনয়নপত্র গ্রহণকারীদের তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে।

গণঅধিকার পরিষদ থেকে মেঘনা আলমের পদত্যাগ নিশ্চিত করে দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক সদস্য ফরম পূরণ করে তিনি আমাদের দল থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এখন তিনি প্রাথমিক সদস্য থেকে পদত্যাগ করে চিঠি পাঠিয়েছেন। যা আমরা পেয়েছি।’

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী শফিক আহমেদ আর নেই। রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এবি এম আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

 

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই

ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। তার বয়স হয়েছিল ৯২ বছর। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত কয়েক মাস ধরেই হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যাসহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই শিল্পী। অবস্থার অবনতি হলে শনিবার (১১ এপ্রিল) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার দুপুরে তার ছেলে আনন্দ ভোঁসলে এই বরেণ্য শিল্পীর মৃত্যুর খবর জানান।

আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) তার শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৩৩ সালে সংগীত অনুরাগী মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় গায়িকা আশা ভোঁসলে। মাত্র ৯ বছর বয়সেই পেশাদার গান গাওয়া শুরু করেন তিনি। তার বড় বোন লতা মঙ্গেশকর।

১৯৪৩ সালে চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করেন আশা ভোঁসলে। ১৯৫০-এর দশকেই বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন তিনি।

ক্যারিয়ারে সাতবার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার এবং দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আশা ভোঁসলে।