সংসদ নির্বাচন: যে নিয়ম না মানলে প্রার্থীরও হতে পারে ৭ বছরের জেল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা সর্বোচ্চ ২৫ লাখ থেকে ৮৪ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর আসনের ভোটার সংখ্যার ওপর নির্ভর করবে তার ব্যয়সীমা। আর এই ব্যয়সীমা লঙ্ঘন করলে হতে পারে সাত বছর জেল ও জরিমানা।
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে সংসদ নির্বাচনের আসনভিত্তিক ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে।
মনোনয়নপত্র নেওয়ার সময় সেই তালিকার সিডি প্রার্থিরা সংগ্রহও করেছেন। নির্বাচনী ব্যয় সেই তালিকা মোতাবেক আইনে নির্ধারিত সীমার মধ্যে রাখতে হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৪৪ (খ) এর দফা তিন অনুযায়ী, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ব্যয়, তাকে মনোনয়ন প্রদানকারী রাজনৈতিক দল থেকে তার জন্য কার ব্যয়সহ ভোটার প্রতি ১০ টাকা হারে অথবা মোট ২৫ লাখ টাকার মধ্যে যা সবোর্চ্চ, তার অধিক হবে না।
আসনভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনায় দেখা গেছে, সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। আট লাখ চার হাজার ৩৩৩ জন ভোটারের এ আসনে মাথাপিছু ১০ টাকা করে ব্যয় হলে ব্যয় করা যাবে ৮৪ লাখ তিন হাজার ৩৩০ টাকা।
এদিকে ভোটার তালিকা বিশ্লেষণে দেখা গেছে, ৩শ আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে, ভোটার সংখ্যা দুই লাখ ২৮ হাজার ৪৩১জন। ১০ হারে ব্যয়সীমা দাঁড়ায় ২২ লাখ ৮৪ হাজার ৩১০ টাকা। যশোর-১ আসনের ভোটার সংখ্যা দুই লাখ ২৯ হাজার ১৬৩ জন, ভোটার প্রতি ১০ টাকা হারে এই আসনের প্রার্থীদের ব্যয়সীমা দাঁড়ায় ২২ লাখ ৯১ হাজার ৬৩০ টাকা এবং পিরোজপুর-৩ আসনে ভোটার সংখ্যা দুই লাখ ৪১ হাজার ৩৬১ টাকা, এই আসনেও ভোটার প্রতি ১০ টাকা হারে ব্যয়সীমা দাঁড়ায় ২৪ লাখ ১৩ হাজার ৬১০ টাকা। এই তিনটি আসনের প্রার্থীদের ব্যয়সীমা ২৫ লাখ টাকা হবে। কেননা, ভোটার প্রতি ১০ টাকা ব্যয়সীমা হলেও সর্বনিম্ন ব্যয়সীমা হচ্ছে ২৫ লাখ টাকা।
ইসি কর্মকর্তা বলছেন, আইনে নির্ধারিত ব্যয়সীমার ব্যত্যয় সংশ্লিষ্ট প্রার্থীর জেল-জরিমানা করা হতে পারে। আরপিওর ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী, ব্যয়সীমার বিধান না মানলে বা প্রতিপালনে ব্যর্থ হলে তা বে-আইনিকার্যের অপরাধে দোষী সাব্যস্ত হতে হবে। এজন্য ন্যূনতম দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে।
উল্লেখ্য, সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের মতো। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
সূত্র: বাংলানিউজ২৪ডটকম


আপনার মতামত লিখুন
Array